পরিবহনে বড় বদল, আসছে ১৫০ নতুন বাস, বকেয়ায় ১০০ শতাংশ জরিমানা মুকুব
বিনা টিকিটে যাত্রা করলেই জরিমানা, সাংবাদিক বৈঠকে জানালেন পরিবহন মন্ত্রী
*কলকাতা:* রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একগুচ্ছ ঘোষণা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সরকারি বাসে টিকিট সংক্রান্ত পুরনো আইন কঠোরভাবে কার্যকর করা, নতুন বাস নামানো, বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত এবং প্রায় ১৯০০ কোটি টাকার বকেয়া আদায়ে ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম - সব মিলিয়ে এদিনের বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বৈঠকে মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের তৈরি আইন রয়েছে। সেই আইন মেনে চললেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাঁর কথায়, আইন তো সবই আছে, মানলেই সব কষ্ট দূর হবে।
*বিনা টিকিটে যাত্রা করলেই শাস্তি*
মন্ত্রী জানান, সরকারি বাসে যাত্রা করার ক্ষেত্রে টিকিট কাটা বাধ্যতামূলক। টিকিট ছাড়া ধরা পড়লে যাত্রীকে জরিমানা দিতে হবে। এটা কোনও নতুন নিয়ম নয়। এই আইন বহুদিন ধরেই রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছিল না।
শুধু যাত্রী নয়, কন্ডাক্টরদের ক্ষেত্রেও কড়া নিয়মের কথা জানান তিনি। কন্ডাক্টরের কাছে হিসাবের বেশি টাকা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরি পর্যন্ত চলে যেতে পারে বলে জানান মন্ত্রী।
*দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ*
পরিবহন দপ্তরের অতীত পরিস্থিতি নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি কোন স্তরে পৌঁছেছিল, তা ভাবা যায় না। তাঁর অভিযোগ, এক শ্রেণির মানুষের মানসিকতা ছিল এমন যে, সরকারের আয় হোক বা না হোক, তাঁদের নিজেদের আয় যাতে হয়।
এর ফলে পুরো দপ্তরটাই শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করেন তিনি। ভালো গাড়ি ছিল না, পরিষেবা ভেঙে পড়েছিল।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যেই পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই ১৫০টি নতুন বাস নামানো হচ্ছে।
মহিলাদের বিনা পয়সায় যাত্রার পরেও দপ্তরের আয় ১৮ থেকে ১৯ শতাংশ বেড়েছে বলে দাবি করেন মন্ত্রী।
এছাড়া ১৪৭টি গ্রিন এনার্জি ইলেকট্রিক বাস আনার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী দিনে আরও ১০০০ বাস নামানোর লক্ষ্য রয়েছে সরকারের।
মন্ত্রীর মতে, শুধুমাত্র সরকারি পরিবহন দিয়ে গোটা রাজ্যে ভালো পরিষেবা দেওয়া সম্ভব নয়। সেজন্য বেসরকারি অপারেটরদেরও প্রয়োজন রয়েছে।
*বাস ভাড়া বাড়বে কি?*
বাস ভাড়া বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বেসরকারি বাস মালিকদের তরফে আবেদন জমা পড়েছে। সরকার সার্ভে টিম নিয়োগ করেছে। সেই সার্ভে রিপোর্ট আসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দূরপাল্লার বাসে ভুয়ো বুকিং নিয়েও কড়া বার্তা দেন তিনি। তিনবার বুকিং করে যাত্রা না করলে ৬ মাসের জন্য সেই ব্যবস্থা থেকে সাসপেন্ড করা হবে বলে জানান মন্ত্রী।
*১৯০০ কোটি টাকা বকেয়া, মিলবে বড় ছাড়*
এদিনের সবচেয়ে বড় ঘোষণা ছিল বকেয়া কর সংক্রান্ত।
মন্ত্রী জানান, সিগন্যাল লঙ্ঘন, ফিটনেস না থাকা, সিএফ না করানো, ট্যাক্স বাকি থাকা - সব মিলিয়ে প্রায় ১৯০০ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে।
এই সমস্যার সমাধানে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এক মাসের জন্য এই উইন্ডো খোলা হয়েছে।
এই স্কিম অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া ট্যাক্স, রোড ট্যাক্স জমা দিলে ১০০ শতাংশ পেনাল্টি মুকুব করা হবে। পুরনো বকেয়ার ক্ষেত্রে স্ল্যাব অনুযায়ী ৫০ শতাংশ, ৪০ শতাংশ, ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে।
মন্ত্রী জানান, এই স্কিমে সরকার প্রায় ৭০০ কোটি টাকা ছাড় দেবে। অন্যদিকে সরকারের আয় হবে প্রায় ১২০০ কোটি টাকা।
দুই চাকা, চার চাকা, দশ চাকা, বারো চাকা, ষোলো চাকা - সব ধরনের গাড়ির মালিকরাই এই সুবিধা পাবেন। ফিটনেস, রিনিউয়াল, জরিমানা জমা করলেও ছাড় মিলবে।
মন্ত্রী বলেন, এই অর্থ রাজ্যের উন্নয়ন ও পরিকাঠামো মজবুত করার কাজে ব্যবহার করা হবে।
সাধারণ মানুষের উদ্দেশে তাঁর আবেদন, যাঁদের গাড়ির ট্যাক্স, ফিটনেস বা ফাইন বাকি রয়েছে, তাঁরা যেন ৩১ ডিসেম্বরের আগেই তা মিটিয়ে দেন।
*ছবি:প্রবীর রায়।*
2 hours and 34 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.9k