ছট পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, নিহতের পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী অর্জুন সিং*

*পানিহাটি, উত্তর ২৪ পরগনা :* ছট পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পানিহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বোসপুকুর অঞ্চলের বাসিন্দা সাগর সিং।

জানা গিয়েছে, ছট পুজোর দিন পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। গাড়িতে লোক বেশি থাকায় গাড়ির ছাদে বসেছিলেন সাগর। হঠাৎই বরানগর সিঁথির মোড় অঞ্চলে গাড়ি থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর রাজ্যের মুখ্যমন্ত্রীর  কানে পৌঁছতেই তিনি পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পানিহাটিতে আসেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং।
এদিন তাঁর সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, জেলা শাসক শিল্পী গৌরী সারিয়া, মহকুমা শাসক  সহ পুলিশ আধিকারিকরা। জেলাশাসকের উপস্থিতিতে নিহতের পরিবারের হাতে ১০ লক্ষ টাকার সহায়তার চেক তুলে দেন মন্ত্রী অর্জুন সিং।

মৃতের স্ত্রী গুড়িয়া সিং জানান, "সরকারের পক্ষ থেকে মন্ত্রী অর্জুন সিং ১০ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। পরিবারের একমাত্র রোজগার করতেন সাগর। তাই তাঁর চাকরির বন্দোবস্ত করে দিলে বিশেষ উপকৃত হবে পরিবার।"

মন্ত্রী অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ পরিবারের সঙ্গে দেখা করলাম এবং ১০ লক্ষ টাকার চেক তুলে দিলাম। পরিবারের চাকরির যে দাবি রয়েছে, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবো।" ছবি: উৎপল দাস।
পর্বতারোহী দেবরাজ দত্তকে আইএমএফ স্বর্ণপদক

*নিউজ ডেস্ক:* পশ্চিমবঙ্গের পর্বতারোহী দেবরাজ দত্তকে মর্যাদাপূর্ণ ‘আইএমএফ স্বর্ণপদক’ প্রদান করল ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (IMF)। দিল্লিতে সংস্থার ৬২তম বার্ষিক সাধারণ সভায় এই সম্মান তাকে তুলে দেওয়া হয়।

১৯৬১ সালে এই স্বর্ণপদক প্রবর্তিত হয়। প্রথমবার এই পদক পেয়েছিলেন কিংবদন্তি তেনজিং নোরগে। অসাধারণ কৃতিত্বের অধিকারী ভারতীয় পর্বতারোহীদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার দেওয়া হয়।

এখন পর্যন্ত মাত্র ৪০ জনের মতো বিশিষ্ট ভারতীয় পর্বতারোহী এই সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সোনম গিয়াতসো, নাওয়াং গম্বু, বাচেন্দ্রি পাল, ব্রিগেডিয়ার জ্ঞান সিং, সোনম ওয়াংগিয়াল এবং হরিশ কাপাডিয়া। এবার সেই তালিকায় নাম উঠল বাংলার দেবরাজ দত্তের।

পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি স্বর্ণপদক (রুপোর ওপর সোনার প্রলেপ দেওয়া) এবং একটি মানপত্র।

পুরস্কারের জন্য বিবেচিত ব্যক্তিকে গত ১০ থেকে ২০ বছরের মধ্যে অত্যন্ত চ্যালেঞ্জিং পর্বতারোহণ অভিযানে অংশ নিতে হয়। এর মধ্যে থাকতে হবে ৮০০০ মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় অথবা ৮০০০ মিটারের নিচে অবস্থিত কারিগরি দিক থেকে অত্যন্ত কঠিন, আগে কখনো আরোহণ করা হয়নি এমন শৃঙ্গে (virgin peaks) আরোহণের অভিজ্ঞতা। এছাড়া পর্বতারোহণের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হয়।

*দেবরাজ দত্তের উল্লেখযোগ্য অভিযান:*

*১. মাউন্ট এভারেস্ট (৮৮৪৮.৮৬ মিটার)*
১৯ মে ২০১৬ তারিখে সফল আরোহণ করেন।

*২. মামোস্টং কাংরি-১ (৭৫১৬ মিটার)*
ভারতের পঞ্চম উচ্চতম শৃঙ্গ। ২০১০ সালে আরোহণ করেন।

*৩. সাসের কাংরি-৪ (৭৪১৬ মিটার)*
২০১১ সালে সফল আরোহণ করেন।

*৪. মাউন্ট প্লাটো (৭২৮৭ মিটার)*
২০১৩ সালে পূর্ব কারাকোরাম অঞ্চলে এই শৃঙ্গে প্রথমবার আরোহণ করেন। তিনি ছিলেন এই অভিযানের দলনেতা এবং সফল আরোহী। *ছবি: সৌজন্যে সঞ্জয় হাজরা।*
বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য ‘বেদনাদায়ক’, তবু অভিষেকের সুরক্ষা বাড়ল ২৯ জানুয়ারি পর্যন্ত

*কলকাতা:* বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য ‘বেদনাদায়ক’ হলেও তা অন্তর্বর্তী সুরক্ষা না বাড়ানোর কারণ হতে পারে না। এই মন্তব্য করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ ২৯ জানুয়ারি,২০২৭ পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হয়।

রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুরক্ষা না পাওয়ার পর অভিষেক বিচারব্যবস্থা নিয়ে টুইট করেছেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ রয়েছে। এমন মন্তব্যের পরেও কি তাঁকে সুরক্ষা দেওয়া যায়?

আদালত পাল্টা প্রশ্ন করে, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের ভিত্তিতে কি অন্তর্বর্তী সুরক্ষা বাড়ানোর আবেদন খারিজ করা যায়? এটা কি ইচ্ছাকৃত আদালত অবমাননা? আদালতের মন্তব্য, উপযুক্ত পরিস্থিতি এলে আদালত অবমাননার মামলা শুরু হতে পারে। সেটা আলাদা প্রক্রিয়া। কিন্তু তার জন্য সুরক্ষা আটকানো যায় কি?

রাজ্য হলফনামা দাখিলের জন্য সময় চাইলে আদালত তদন্তের অগ্রগতি জানিয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়।

অভিষেকের আইনজীবীর কাছে আদালত মন্তব্য সম্পর্কে জানতে চায়। আইনজীবী নির্দেশ নিয়ে জানাবেন বললে আদালত প্রশ্ন করে, মক্কেলের হয়ে সওয়াল করেও তাঁর বক্তব্য সম্পর্কে কীভাবে অজ্ঞ থাকা যায়? সোমবারের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়।

আদালত আরও বলে, বিভিন্ন সময়ের আদালতের নির্দেশ নিয়ে তুলনামূলক মন্তব্য করা হচ্ছে। কোনও নির্দেশে অসন্তুষ্ট হলে উচ্চতর ফোরামে যাওয়া উচিত, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য নয়। একজন সাংসদ এমন মন্তব্য করলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা যায়? মন্তব্য ইচ্ছাকৃত আদালত অবমাননা না হলেও তা বেদনাদায়ক।
৪ মামলায় রক্ষাকবচ পেলেন না সুমিত, হাই কোর্টে ধাক্কা

*কলকাতা:* অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের অস্বস্তি আরও বাড়ল। শালবনি মামলায় তাঁকে আগেই গ্রেফতার করেছিল সিআইডি। পরে আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়। শালবনি ছাড়া বাকি মামলাগুলিতে রক্ষাকবচের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সুমিতের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায়। গত সেপ্টেম্বরে ওই মামলায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। এছাড়া ডেবরা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ডায়মন্ড হারবারের সরিষার আশুতিতে তৃণমূল কার্যালয় থেকে টাকা উদ্ধারের মামলায় তাঁর নাম উঠে আসে। ওই মামলায় তাঁকে হেফাজতেও নেয় ডায়মন্ড হারবার পুলিশ।

ওই চার মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন সুমিত। তাঁর আইনজীবীরা বৃহস্পতিবার সওয়াল করেন। রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ হয়েছিল। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। এ অবস্থায় বিচারপতি বলেন, “রক্ষাকবচে এখন আর কোনও লাভ নেই।” কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি।
পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বললেন*

*নিজস্ব সংবাদদাতা পানিহাটি:* পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার আকস্মিক মৃত্যুর ঘটনায় দলের অন্তর তদন্তে গঠন করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বৃহস্পতিবার ওই টিমের সদস্যরা মৃতের বাড়িতে পৌঁছে তাঁর স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এরপর তাঁরা রওনা দেন খড়দহ থানার উদ্দেশে।ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন রাহুল সিনহা, সোনালী মুর্মু ও নীলাঞ্জন অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ এবং উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি আইনজীবী চন্ডীচরণ রায়।

মৃতের বাড়িতে পৌঁছে নেতারা অরূপ সাহার স্ত্রী রুমা সাহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, কারা সেখানে ছিলেন, সে বিষয়ে তাঁর বক্তব্য শোনেন তাঁরা। পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।

ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন রুমা সাহা। দুই মেয়েকে পাশে বসিয়ে তিনি বলেন, দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দল সবরকম ভাবে পরিবারের পাশে থাকবে বলে তাঁকে জানানো হয়েছে।স্বামীকে হারানোর শোক নিয়েই তিনি বলেন, ঘটনার দিন রাতে ঝামেলা মেটাতে গিয়ে আর ফিরে আসেননি তাঁর স্বামী। তাঁর একটাই দাবি, সঠিক বিচার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতির উপর তাঁর কোনও রাগ নেই। দলের উপর এখনও আস্থা আছে।"আমাদের স্যার আছেন, আমাদের মাথার উপর। তাঁর সঠিক বিচারটাই আমি পাবো। আমার দল ঠিক বিচার করবে।"

রুমা সাহার দাবি, ওই রাতে কী ঘটেছিল, তা তিনি বারবার বলেছেন। প্রথমে কিছু নাম বলতে না পারলেও, পরে তিনি সবাইকে চিনতে পেরেছেন বলে জানান।

সাংবাদিকদের প্রশ্নে তিনি কয়েকজনের নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, তাঁরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত একটি দলের সঙ্গে ছিলেন।

রাজদীপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সে ওই দলের সঙ্গেই এসেছিল। তাঁর দাবি, ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ওই দলের সঙ্গে নিয়মিত ছবি ও আপডেট দেখা যায়।এই সমস্ত নাম ও অভিযোগ স্ত্রীর বক্তব্য অনুযায়ী।

এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা, জানতে চাইলে তিনি স্পষ্ট বলেন ,"এখনও তো গ্রেফতার শূন্য এই ঘটনায়।"তবুও তিনি বলেন, দল বিষয়টি দেখছে, সঠিক বিচার হবে বলেই তিনি বিশ্বাস করেন। সাংবাদিক সম্মেলনে তাঁর দুই মেয়ে তাঁর দু-পাশে বসেছিল। পুরো সময় তিনি মেয়েদের আগলে রাখেন। বারবার ভেঙে পড়লেও নিজেকে সামলে তিনি একটাই কথা বলেন, "ঝামেলা মেটাতে গিয়েই তো মূলত স্বামী হারালাম।"

পরিবারের সঙ্গে কথা বলার পর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা খড়দহ থানায় যান। সেখানে ঘটনা সম্পর্কে পুলিশের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিবারের দাবি, দ্রুত গ্রেফতার করে সঠিক তদন্ত হোক।
*ছবি ও রিপোর্ট: উৎপল দাস* ।
নিজের শ্বাসকষ্টই এখন অন্যের প্রাণ বাঁচাচ্ছে! বারাসাতে একবছর বিনামূল্যে অক্সিজেনের পর এবার বিনামূল্যে বাইপাপ পরিষেবা

প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মৃতিতে গড়ে ওঠা কমিটির উদ্যোগে ইতিমধ্যেই উপকৃত শতাধিক শ্বাসকষ্টের রোগী। বিধায়ক শঙ্কর চ্যাটার্জির হাত ধরে সূচনা হলো নতুন পরিষেবার।

*বারাসত, ১৯ নভেম্বর:* নিজের জীবনে শ্বাসকষ্টের যন্ত্রণা কতটা কঠিন, তা বেশ কয়েক বছর ধরেই উপলব্ধি করেছিলেন বারাসত নবপল্লী কাঁঠালতলার বাসিন্দা প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্ত। নিয়মিত অক্সিজেন ও বাইপাপের সাহায্য নিতে হতো তাঁকে। সেই ব্যক্তিগত যন্ত্রণাই আজ হয়ে উঠেছে অন্যের প্রাণ বাঁচানোর প্রেরণা।

প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মৃতিকে সঙ্গী করেই বারাসাতে শতাধিক অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে "সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি।" এক বছর ধরে সাফল্যের সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়ার পর এবার তাদের নতুন উদ্যোগ, "বিনামূল্যে বাইপাপ পরিষেবা।"

বৃহস্পতিবার, বারাসাতের নবপল্লী লক্ষ্মীনারায়ণ কলোনিতে কমিটির কার্যালয় থেকে বিনামূল্যে এই বাইপাপ পরিষেবার সূচনা করেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যভারতী সমিতির সম্পাদক শেখর কাঞ্জিলাল, কবি, সাহিত্যিক ও সাংবাদিক অনীশ ঘোষ সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বিধায়ক শঙ্কর চ্যাটার্জি জানান, "সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি যেভাবে টানা একবছর বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দিল, তা এককথায় নজিরবিহীন। তাদের বিনামূল্যে বাইপাপ পরিষেবাও মানুষের মনে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।"

এদিন অনুষ্ঠানে দুঃস্থ ও বয়স্ক মানুষদের হাতে নতুন কম্বল তুলে দেন বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। সেইসঙ্গে কলোনীমোড়ের অসুস্থ এক ফুলবিক্রেতার চিকিৎসার জন্য তাঁর হাতে আর্থিক সাহায্যও তুলে দেয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি।

প্রসঙ্গত, গত বছর ১৯ নভেম্বর প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর ৮০তম জন্মদিনে বিনামূল্যে অক্সিজেন পরিষেবার উদ্বোধন হয়েছিল।

কমিটির হেল্পলাইন নম্বরে ফোন করলেই রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হয় বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর। শুধু সিলিন্ডারই নয়, সেইসঙ্গে রোগীদের বিনামূল্যে দেওয়া হয় অক্সিজেন মাস্কও। রোগীর বাড়িতে অক্সিজেন দিয়ে আসা এবং নিয়ে আসাও করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

গতবছর চারটি অক্সিজেন মেশিন নিয়ে যে পরিষেবার পথচলা শুরু হয়েছিল, বর্তমানে তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। ইতিমধ্যেই এই পরিষেবার মাধ্যমে উপকৃত হয়েছেন শতাধিক শ্বাসকষ্টের রোগী।

*বাইপাপ কী? কেন দরকার?*

এবার থেকে বিনামূল্যে রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে রক্তে বেড়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড বার করার যন্ত্র *বাইপাপ মেশিন।* শ্বাসকষ্টের অনেক রোগীর ক্ষেত্রেই শুধু অক্সিজেন যথেষ্ট হয় না, বাইপাপের প্রয়োজন হয়। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকেই তা কিনতে পারেন না। সেই অভাবই মেটাতে চাইছে কমিটি।

*পিছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস*

এই উদ্যোগের পিছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস। পেশায় আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্ত নিজেই ছিলেন শ্বাসকষ্টের রোগী। জীবনের শেষ দিনগুলিতে নিয়মিত অক্সিজেন ও বাইপাপের সাহায্য নিতে হতো তাঁকে।

২০২৩ সালের ২২ ডিসেম্বর তাঁর প্রয়াণের পর ২০২৪ সালে গড়ে ওঠে সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। উদ্দেশ্য ছিল, প্রিয় মানুষের স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণের কাজে লাগানো। সেই ভাবনা থেকেই ২০২৫ সালের ১৯ নভেম্বর সুভাষ রঞ্জন সেনগুপ্তর জন্মদিনে শুরু হয় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থের অভাবে যাতে কোনও অসুস্থ মানুষ প্রয়োজনীয় শ্বাস-প্রশ্বাসের সহায়তা থেকে বঞ্চিত না হন, সেটা দেখাই তাঁদের কর্মকাণ্ডের মূল লক্ষ্য। স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এর চেয়ে মানবিক উপায় বোধহয় আর কিছু হতে পারে না। *ছবি:অঙ্কিত মুখার্জি।*
সোদপুরে ঘড়ির দোকান টাইম হাউসে আগুন, শাটার কেটে আগুন নেভাল দমকল

*সোদপুর, ১৮ নভেম্বর:* সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় ঘড়ির দোকান, টাইম হাউসে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। সন্ধ্যার ব্যস্ততম সময়ে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

জানা গিয়েছে, দোকানটির মালিক স্বপন পোদ্দার। সন্ধ্যা সাতটা নাগাদ জি প্লাস ওয়ান বিল্ডিংয়ের দোতলায় দোকানের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী দোকানদারেরা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। একইসঙ্গে খবর দেওয়া হয় খরদহ থানা ও কামারহাটি দমকল কেন্দ্রে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল আসার সময় দোকান বন্ধ অবস্থায় ছিল। দমকলকর্মীরা শাটার কেটে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে মোট ৫টি ইঞ্জিন আসে।

দমকলের তৎপরতায় একটি ঘরেই আগুন সীমাবদ্ধ থাকে, অন্য কোনো ঘরে আগুন ছড়ায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কামারহাটি ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ সৌমেন মণ্ডল জানান, সাড়ে ৭টায় কল পাওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যেই, ৭টা ৪০ মিনিট নাগাদ তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। কামারহাটি ফায়ার স্টেশন খুব কাছেই থাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়েছে।

এই ঘটনায় কেউ আহত হননি এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। *ছবি:উৎপল দাস।*
টাকি পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, বিশেষ বৈঠক ডাকার দাবি ৯ কাউন্সিলরের

*বসিরহাট, ১৮ নভেম্বর:* উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় ফের রাজনৈতিক উত্তাপ। চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তার দলেরই ৯ জন কাউন্সিলর। মঙ্গলবার পুরসভায় লিখিত আবেদন জমা দিয়ে বিশেষ বৈঠক ডাকার দাবি জানিয়েছেন তাঁরা।

আবেদনে পশ্চিমবঙ্গ পুর আইন ১৯৯৩-এর ১৮(৩) ধারা এবং ১৯৯৫ সালের কার্যপ্রণালী বিধির উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, নির্বাচিত কাউন্সিলরদের এক-তৃতীয়াংশের বেশি সদস্যের সমর্থন রয়েছে।

কাউন্সিলরদের অভিযোগ, পুরসভায় আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নাগরিক পরিষেবায় ব্যর্থতা দেখা দিয়েছে। বরাত দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব, অনুমোদন ছাড়া তহবিলের অর্থ অন্য খাতে খরচ, জল সরবরাহ, নিকাশি, জল জমা, রাস্তার আলো ও পানীয় জল পরিষেবার অবনতির কথা তুলে ধরা হয়েছে।

এছাড়া একক সিদ্ধান্ত গ্রহণ এবং কাউন্সিলরদের থেকে সরকারি নথি গোপন রাখার অভিযোগও রয়েছে। তাঁদের বক্তব্য, বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের পরিবর্তে একতরফাভাবে পুর প্রশাসন চলছে।

আইন নির্ধারিত সময়ের মধ্যে বৈঠক ডাকার আর্জি জানানো হয়েছে। আবেদনের প্রতিলিপি জেলাশাসক, বসিরহাটের মহকুমাশাসক ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠানো হয়েছে।

এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্তের খবর সামনে এসেছিল। এবার অনাস্থা প্রস্তাব ঘিরে টাকির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

ছবি:সংগৃহীত।
৫৫ বছরে সংগ্রামপুর সবুজ সংঘের জগদ্ধাত্রী পুজো, সাবেকিয়ানায় মাতোয়ারা এলাকা

বসিরহাট : বসিরহাটের সংগ্রামপুর সবুজ সংঘের জগদ্ধাত্রী পুজো এ বছর ৫৫তম বর্ষে পদার্পণ করলো। ১৯৭১ সাল থেকে ঐতিহ্য ও সাবেকিয়ানা বজায় রেখে হয়ে আসছে এই পুজো। জাতীয় সড়ক ৩১২ এর পাশে অবস্থিত এই পুজোকে ঘিরে প্রতি বছরই এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। সাবেকি ধাঁচের মণ্ডপসজ্জার সঙ্গে সুদৃশ্য প্রতিমা দর্শনার্থীদের মন কাড়ছে। মণ্ডপ ও প্রতিমার সাজে পুরনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা।
পুজো উদ্যোক্তাদের মতে, আধুনিকতার ছোঁয়া থাকলেও সাবেকিয়ানা ও ঐতিহ্যই এই পুজোর মূল আকর্ষণ। নবমীর পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে এলাকায়। আগামী চার দিন ধরে পুজোকে ঘিরে নানা উৎসবের আয়োজন থাকবে। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে প্রতিমা দর্শন করবেন বলে আশা উদ্যোক্তাদের। শনিবার পুজো উপলক্ষে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। ৫৫ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সংগ্রামপুর সবুজ সংঘের জগদ্ধাত্রী পুজো এ বারও এলাকার মানুষের মিলন ও উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে।

ছবি:সৌমাভ মণ্ডল।
বেলঘরিয়ায় গরু পাচার রুখল পুলিশ, উদ্ধার ১৫টি গরু*
*বেলঘরিয়া, ১৮ নভেম্বর:* গভীর রাতে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে বড়সড় গরু পাচার চক্রের হদিশ পেল বেলঘরিয়া থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি গরু। এই ঘটনায় গাড়ির চালক সহ ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে টহল চলাকালীন একটি গাড়িকে সন্দেহ হয় পুলিশের। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই চাঞ্চল্য ছড়ায়। গাড়ির ভিতরে গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছিল ১৫টি গরু। গরুগুলি কামারহাটি থেকে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
কামারহাটি মিডল্যান্ড নার্সিংহোম সংলগ্ন বি টি রোড মোড় থেকে গাড়িটিকে আটক করে বেলঘরিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলির মধ্যে বেশ কয়েকটি বাছুরও ছিল।

উদ্ধারের পর গরুগুলিকে সোদপুর গোশালা পশু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলঘরিয়া থানার পুলিশ গরুগুলিকে এখানে জমা দিয়ে গিয়েছে। তার মধ্যে ৫টি গরুর অবস্থা আশঙ্কাজনক। তারা বাঁচবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আটক হওয়া দুজনই কামারহাটির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

পাচারের হাত থেকে অবলা প্রাণীগুলিকে উদ্ধার করায় বেলঘরিয়া থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। *ছবি:উৎপল দাস।*