রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের চুলোয় রান্না করলেন তৃণমূল প্রার্থী,ভোট প্রচারে অভিনব বার্তা
বসিরহাট : রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন গ্রামবাংলার দৈনন্দিন জীবনে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। সেই ইস্যুকেই সামনে রেখে ভোটের ময়দানে সরব হলেন বসিরহাটের স্বরূপনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বীণা মন্ডল। শুক্রবার স্বরূপনগরের সীমান্তবর্তি ভাদুড়িয়া এলাকায় প্রচারে বেরিয়ে তিনি শুধু বক্তব্য রাখেননি, সরাসরি সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করে এক অভিনব প্রতিবাদের ছবি তুলে ধরলেন। প্রচারের সময় একটি বাড়িতে ঢুকে তিনি দেখেন, গ্যাসের পরিবর্তে কাঠের জ্বালানিতে রান্না চলছে। লাগাতার গ্যাসের দামের চাপে অনেক পরিবারই বাধ্য হয়ে পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে। এই বাস্তবতাকেই সামনে এনে বীণা মন্ডল নিজেও সেই রান্নার কাজে হাত লাগান। রাজনৈতিক প্রচারের মঞ্চ ছেড়ে গৃহস্থের রান্নাঘরে ঢুকে এই প্রতীকী প্রতিবাদে তিনি স্পষ্ট বার্তা দেন, বিষয়টি আর শুধু অর্থনীতির নয়, তা সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের অংশ হয়ে উঠেছে।
তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকারের নীতির কারণে রান্নার গ্যাসের দাম লাগামছাড়া বেড়েছে। শুধু দামই নয়, চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে গৃহস্থের মা-বোনেরা। ফলে অনেক পরিবারই আবার কাঠ বা বিকল্প জ্বালানির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা সময়সাপেক্ষ এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ায়।
এই প্রেক্ষাপটে তার এই প্রতিবাদ যেন একদিকে রাজনৈতিক বার্তা, অন্যদিকে, বাস্তব পরিস্থিতির প্রতিফলন। বীণা মন্ডল জানান, "মানুষের এই কষ্টকে সামনে রেখেই তিনি প্রচারে নেমেছেন এবং ভোটের মাধ্যমে এই সমস্যার জবাব দিতে আহ্বান জানান।"
পাশাপাশি, তিনি এলাকায় উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন। বিলবল্লীতে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ফিশারি হাব তৈরির কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও স্বরূপনগর ব্লকের সগুনা, চারঘাট ও তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিবছর ইছামতি ও যমুনা নদী এবং পদ্মা খালের জলে প্লাবনের সমস্যার স্থায়ী সমাধানে আধুনিক পাম্পিং ব্যবস্থার পরিকল্পনার কথাও জানান। এদিন
সকাল থেকেই ভাদুড়িয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন তিনি। সীমান্তবর্তী এই অঞ্চলে তার প্রচারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে দিনের শেষে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে রান্নাঘরের সেই দৃশ্য। যেখানে গ্যাসের বাড়তি দামের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠল কাঠের চুলোর আগুন ঘিরে।
2 hours and 56 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1