আদিবাসী মহিলাদের সঙ্গে ঝুমুর নাচে মাতলেন ঝর্না সরদার, নির্বাচনী প্রচারে মানবিক ছোঁয়া সন্দেশখালিতে
বসিরহাট : সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলো বয়ারমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। হুডখোলা গাড়িতে প্রচারে বেরিয়ে চুঁচুড়া, ঢেকনামারী, হুলোপাড়া ও বয়ারমারী সহ একাধিক গ্রামে নির্বাচনী প্রচার সারছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্না সরদার। প্রচারের মধ্যেই ঢেকনামারী এলাকায় দাঁড়িয়ে থাকা আদিবাসী সম্প্রদায়ের একদল মহিলাকে দেখে গাড়ি থামিয়ে তাদের মাঝে নেমে পড়েন তিনি। তারপর আর শুধু রাজনৈতিক প্রচার নয়, মুহূর্তেই পরিবেশ বদলে যায় উৎসবের আমেজে। আদিবাসী মহিলাদের সঙ্গে ঝুমুর ও পাতা নাচে পা মেলান প্রার্থী নিজেই। ঢোলের তালে, হাসি-আনন্দে ভরে ওঠে গোটা এলাকা। শুধু নাচেই নয়, তাদের সঙ্গে বসে মুখমিষ্টিও করেন তিনি। এই মানবিক ও কাছের সম্পর্কের ছবি ঘিরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
ঝর্না সরদার বলেন, “আমি নিজেও আদিবাসী সম্প্রদায়ের মেয়ে। তাদের আনন্দ, সংস্কৃতি আর আবেগ আমার খুব কাছের। তাই তাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে তাদের সঙ্গে নাচে অংশ নিলাম। রাজনীতি শুধু ভোটে সীমাবদ্ধ নয়, মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করাটাই আসল।”
এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বয়ারমারী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীলাল হক। তিনি বলেন, “আমাদের প্রার্থী সবসময় সাধারণ মানুষের মধ্যে থাকেন। আজকের এই ঘটনা প্রমাণ করে, তিনি শুধু ভোট চাইতে আসেননি, মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে এসেছেন।” অঞ্চল সভাপতি নলেনী খাটুয়া জানান, “ঝর্না দেবীর এই সহজ সরল মিশে যাওয়ার মানসিকতাই ওনাকে আলাদা করে। আদিবাসী মহিলাদের সঙ্গে যেভাবে তিনি একাত্ম হলেন, তা এই এলাকার মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে।”
মহিলা তৃণমূল নেত্রী আমিনা বিবি বলেন, “এই ধরনের দৃশ্য খুব কমই দেখা যায়। একজন প্রার্থী নিজে নেমে এসে মহিলাদের সঙ্গে নাচছেন, তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এটা মানুষের কাছে বড় বার্তা দেয়। আমরা আশাবাদী, মানুষ এই আন্তরিকতাকে মূল্য দেবে।”
নির্বাচনের আবহে রাজনৈতিক প্রচারের নানা চিত্রের মাঝেই এই ঘটনাটি আলাদা করে নজর কেড়েছে। ভোটের অঙ্কের বাইরে গিয়ে সংস্কৃতি, আবেগ আর মানুষের সঙ্গে সরাসরি সংযোগ। এই বার্তাই তুলে ধরলেন সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্না সরদার।
1 hour and 32 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k