হিঙ্গলগঞ্জে সন্ত্রাসের অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ বিজেপি প্রার্থী রেখা পাত্র, অভিযোগ অস্বীকার শাসকদলের
সৌমাভ মন্ডল,বসিরহাট : বিধানসভা নির্বাচনের আগে বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভায় ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে এবার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি থানার দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রেখা পাত্রের অভিযোগ, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শহীদুল্লাহ গাজী ও তার অনুগামীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ভোটের আগে বিরোধী শিবিরকে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে দাবি তার। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ বিজেপি প্রার্থীর।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জের একাধিক এলাকায় একই ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে। কিন্তু পরিস্থিতির তেমন পরিবর্তন না হওয়ায় এবার সরাসরি থানায় এসে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে বাধ্য হয়েছেন তিনি। রেখা পাত্রের দাবি, অবিলম্বে শহীদুল্লাহ গাজীকে গ্রেপ্তার করতে হবে এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন। তার কথায়, “গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। মানুষ যেন ভয়মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই সবচেয়ে জরুরি।” বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল্লাহ গাজী বলেন, "রেখা পাত্র ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। আমি সবসময় মানুষের জন্যই কাজ করে এসেছি। উনি যে অভিযোগ গুলি করছেন সেগুলো সম্পন্ন ভিত্তিহীন।" তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই হিঙ্গলগঞ্জ সহ বসিরহাটের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়ছে। বিরোধীদের অভিযোগ, শাসকদল প্রভাব খাটানোর চেষ্টা করছে, অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীরাই রাজনৈতিকভাবে মাটি হারিয়ে অভিযোগ তুলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।
অন্যদিকে, বসিরহাটের সন্দেশখালি বিধানসভা এলাকায় নির্বাচনী আবহে আবারও উত্তেজনা ছড়াল রাজনৈতিক সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন টানানোকে ঘিরে শনিবার সকালে সরবেড়িয়া এলাকার ৫১ নম্বর বুথে এই উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাটি জেলার প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের প্রভাব বলয়ের মধ্যে পড়ে বলে পরিচিত। অভিযোগ, সকালে বিজেপি কর্মীরা দলীয় পতাকা ও ফেস্টুন টানাতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয় এবং তাদের উপর হামলা চালায়। শুধু তাই নয়, লাগানো পতাকা খুলে দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপির পক্ষ থেকে।
বিজেপির দাবি, নির্বাচনের আগে এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, বিরোধী দলের প্রচার বন্ধ করতেই এই ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তাদের বক্তব্য, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঢাকতে তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
5 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k