ভোটের মঞ্চে ‘মালাবদল’! বক্তৃতার শেষে বাবুলের আবদারে জমে গেল মিনাখাঁর নির্বাচনী সভা
বসিরহাট : সুন্দরবনের হাওয়ায় রাজনীতি, আর তার মাঝেই একটু “বিনোদনের বাতাস”-এই দুইয়ের মিশেলে বসিরহাটের মিনাখাঁ যেন এক অন্যরকম নির্বাচনী মঞ্চের সাক্ষী থাকল। মিনাখাঁ বিধানসভার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুচিখোলা এলাকায় তৃণমূল প্রার্থী ঊষারাণী মণ্ডলের সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। শুরুটা ছিল একেবারে চেনা রাজনৈতিক ছন্দে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা, এসআইআর নিয়ে তোপ, আর ভোটের বার্তা। কিন্তু শেষটা? সেটাই হয়ে গেল দিনের আসল “হাইলাইট”।
বক্তব্যের একেবারে শেষে হঠাৎ করেই বাবুলের গলায় ভেসে এল এক অন্যরকম অনুরোধ “এবার একটু মালাবদল হোক!” মঞ্চে উপস্থিত তৃণমূল প্রার্থী ঊষারাণী মণ্ডল এবং তার স্বামী তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তৃণমূলের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল প্রথমে একটু অপ্রস্তুত হলেও, সাংসদের আবদার তো আর ফেলা যায় না! ফলাফল ভরা সভায়, দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সামনে, হেসে খেলে মালা বদল করে ফেললেন দু’জন। রাজনৈতিক সভা যেন মুহূর্তে পরিণত হল “লাইভ ফ্যামিলি ফাংশন”-এ! মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা কর্মীদের মধ্যে শুরু হল ফিসফাস, তারপরই হেসে গড়াগড়ি অবস্থা। কেউ বলছেন, “এটা কি প্রচার সভা না বৌভাত?” আবার কেউ মোবাইল বার করে ভিডিও তুলতে ব্যস্ত।
ঊষারাণী মণ্ডল পরে অবশ্য পুরো বিষয়টাকে হাল্কা মেজাজেই নিলেন। তার কথায়, “সাংসদের আবদার, আর প্রচারের মধ্যে একটু বিনোদন, খারাপ কী?”অন্যদিকে, স্থানীয়দের বক্তব্য, "এমন দৃশ্য তারা আগে কোনো নির্বাচনী সভায় দেখেননি।" রাজনৈতিক বক্তব্যের মাঝে এমন “রোমান্টিক টুইস্ট” যে আসতে পারে, তা অনেকেরই কল্পনার বাইরে ছিল।
সব মিলিয়ে, ভোটের লড়াই যতই গম্ভীর হোক না কেন, মিনাখাঁর এই সভা প্রমাণ করে দিল রাজনীতিতেও মাঝে মাঝে হাসির খোরাক দরকার। আর সেই দায়িত্বটা সেদিন বেশ ভালোভাবেই সামলাল এই “মালাবদল এপিসোড”।
1 hour and 25 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1