বসিরহাটের মিনাখাঁর সভা থেকে উন্নয়ন ও ভোটের অঙ্কে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সৌমাভ মন্ডল,বসিরহাট : বসিরহাটের মিনাখাঁয় নির্বাচনী জনসভা ঘিরে তৃণমূলের শক্তি প্রদর্শনের পাশাপাশি উঠে এল সুন্দরবনকেন্দ্রিক বড় রাজনৈতিক বার্তা। বৃহস্পতিবার হাড়োয়া সার্কাস ময়দানে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁ বিধানসভায় তৃণমূল প্রার্থী ঊষারানি মণ্ডল এবং হাড়োয়া কেন্দ্রের প্রার্থী মুফতি আব্দুল মাতিনের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক।
বৃহস্পতিবার সকাল থেকেই সভাস্থলের পরিস্থিতি কিন্তু ছিল প্রতিকূল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের একাধিক অংশ জল ও কাদায় ভরে যায়। তবুও সকাল থেকেই মানুষের ঢল নামে সভাস্থলে। কাদা মাড়িয়েই দলীয় কর্মী-সমর্থকদের এই উপস্থিতি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব।
এই আবেগঘন পরিবেশের মাঝেই মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বিশেষ গুরুত্ব পায় সুন্দরবন। তিনি ঘোষণা করেন, সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তার বক্তব্য, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষকে এখনও বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য অনেক দূর যেতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। আলাদা জেলা হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বসিরহাটকে ইতিমধ্যেই আলাদা স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে এবং সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হয়েছে, যাতে সীমান্ত ও সুন্দরবন এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্য সরকারের ১০৫টি প্রকল্প বর্তমানে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং সুন্দরবনের সব এলাকাতেই মানুষ তার সুফল পাচ্ছেন। তার কথায়, উন্নয়নের এই ধারাবাহিকতাই আগামী দিনে আরও জোরদার করা হবে। তবে রাজনৈতিক সমীকরণে নতুন উদ্বেগও তৈরি হয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে। পরিসংখ্যান বলছে, মিনাখাঁ এলাকায় প্রায় ১৬ হাজার ৪৯১ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। গত নির্বাচনে ঊষারানি মণ্ডল প্রায় ৫৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু এবারের এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে দলীয় নেতৃত্ব। একইভাবে হাড়োয়া কেন্দ্রেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। গতবার এই কেন্দ্রে শেখ হাজি নুরুল ইসলাম ৪২ হাজার ৪০৭ ভোটে জয়ী হয়েছিলেন, আর এবার সেই আসনে লড়ছেন মুফতি আব্দুল মাতিন।
সব মিলিয়ে, একদিকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে জনসমাগম, অন্যদিকে সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণার প্রতিশ্রুতি। এই দুইয়ের সমন্বয়ে মিনাখাঁর সভা থেকে স্পষ্ট বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী। ভোট যত এগোচ্ছে, ততই উন্নয়ন, প্রশাসনিক পুনর্গঠন এবং জনসংযোগ এই তিনকেই সামনে রেখে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল।
7 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k