উন্নয়নের দাবিতে সন্দেশখালিতে আদিবাসী-তপশিলি সম্প্রদায় নামলো রাস্তায়, ভাওতাবাজির অভিযোগে সরব সুকুমার সর্দার
বসিরহাট : সুন্দরবনের উন্নয়নের দাবিতে এবং আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। বসিরহাটের সন্দেশখালি বিধানসভার ন্যাজাট, দাউদপুর, খুলনা, কালিনগর ও দুর্গামণ্ডপ সহ বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষ এই মিছিলে সামিল হন। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী নেতা সুকুমার সর্দার। তার বক্তব্যে উঠে আসে ক্ষোভ, বঞ্চনা এবং দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের চিত্র। তিনি অভিযোগ করেন, সুন্দরবনের উন্নয়নের নামে বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাস্তবে কাজের দেখা মেলেনি। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কোনো কার্যকর উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি তার।
সুকুমার সর্দার বলেন, “সন্দেশখালি জুড়ে দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে শুধু ভাওতাবাজি চলছে। তা আমরা আর মেনে নেব না। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বাস্তবিক কোনো উন্নয়ন করা হয়নি। অথচ নির্বাচন এলেই আমাদেরই ভোটকে ব্যবহার করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের টার্গেট করে, ভোটের সময় আমাদের দরকার হয়, তারপর আমরা আবার উপেক্ষিত হয়ে পড়ি।” তিনি আরও বলেন, “স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে একাধিক আন্দোলনে আমাদের মানুষেরাই রক্ত দিয়েছে। অথচ আজও সেই মানুষগুলোকেই বঞ্চিত করে রাখা হয়েছে। এই অন্যায় আর চলতে পারে না বলেই আমরা রাস্তায় নেমেছি।”
এই মিছিল শুধু একটি প্রতিবাদ নয়, বরং সুন্দরবনের প্রান্তিক মানুষের দীর্ঘদিনের অধিকার আদায়ের লড়াইয়ের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন স্থানীয়রা। দাবিগুলির মধ্যে রয়েছে মৌলিক পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য নির্দিষ্ট উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ।
প্রখর রোদ উপেক্ষা করেও যেভাবে সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তা স্পষ্ট করে দিচ্ছে ক্ষোভ আর নীরব নেই। সন্দেশখালির মাটিতে এই আন্দোলন আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা ও প্রত্যাশা, দুইই প্রকাশ পাচ্ছে।
2 hours and 55 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k