ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থীর রামনবমী উদযাপন
নিজস্ব প্রতিনিধি: আজ রায় নবমীর বিশেষ তিথি উৎযাপিত হচ্ছে রাজ্য।তার মধ্যে এবার বিধানসভা নির্বাচন।সব দলই হিন্দুত্ব প্রমাণে ব্যস্ত।তার মধ্যে বিশেষ ভাবে সক্রিয় বিজেপি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচী। এদিন ব্যারাকপুরে শ্রীরামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে ব্যারাকপুর লালকুঠি উড়ালপুলের নিচ থেকে আয়োজিত হল শোভাযাত্রা। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় নির্বিঘ্নে সম্পন্ন হল এই শোভাযাত্রা।

ছবি: প্রবীর রায়।
খেলা

আজ থেকে শুরু হল সিএবি মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর তৃতীয় সংস্করণের খেলা। ছবি: সৌজন্যে সিএবি
।। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বসিরহাট উত্তরে ।।
বসিরহাট : বসিরহাট উত্তরের নির্বাচনী লড়াই ক্রমশ জমে উঠছে। সেই আবহেই প্রচারে গতি বাড়ালেন মহম্মদ তৌসিফুর রহমান। বৃহস্পতিবার সকালেই তিনি পৌঁছে যান আমলানি গ্রাম পঞ্চায়েতের তালপুকুর বাজারে। জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করেন তৃণমূল প্রার্থী। বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এলাকার সমস্যা, চাহিদা এবং উন্নয়ন নিয়ে মতামত শোনেন। স্থানীয়দের সঙ্গে এই সরাসরি যোগাযোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তার কথায়, মানুষের আশীর্বাদ এবং সমর্থনই তার মূল শক্তি।
এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের হাসনাবাদ ২ ব্লক সভাপতি এস্কেন্দার গাজী, যুব সভাপতি আসলাম গাজী এবং মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের কনভেনার মুকুল মন্ডল সহ একাধিক নেতৃত্ব। ফলে প্রচারে সংগঠনের শক্তিও স্পষ্টভাবে ফুটে ওঠে।
অন্যদিকে, এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতাও বেশ তীব্র। আইএসএফ প্রার্থী হিসেবে রয়েছেন মুসা কারিমুল্লা এবং আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তাদের রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিনকে। ফলে ত্রিমুখী লড়াইয়ে বসিরহাট উত্তর বিধানসভা এবার রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে প্রতিদ্বন্দ্বিতা যতই কঠিন হোক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৌসিফুর রহমান। তিনি জানান, “মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই আমার সবচেয়ে বড় ভরসা। এলাকার উন্নয়নের জন্য তৃণমূল যে উন্নয়নের কাজ করেছে তার ভিত্তিতেই মানুষ আবার আমাদের আশীর্বাদ করবেন বলে আমি নিশ্চিত।” নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছেবসিরহাট উত্তরে লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর সেই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার।
।। ভুয়ো ডাক্তার প্রসঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝির বিরুদ্ধে তোপ দাগলেন বসিরহাট দক্ষিণের বিজেপির প্রার্থী ।।
বসিরহাট : বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে আক্রমণের সুর আরও চড়ালেন বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জি। এবার তার নিশানায় নির্মল মাঝি।
চিকিৎসক পরিচয় নিয়ে ওঠা বিতর্কের মাঝেই শৌর্য্য ব্যানার্জি সরাসরি নির্মল মাঝির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ চিকিৎসা পরিষদ রাজনৈতিক প্রভাবেই পরিচালিত হচ্ছে এবং এর দায়িত্বে থাকা ব্যক্তিরা নিরপেক্ষ নন। তার দাবি, কাউন্সিলের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং সেটিকে হাতিয়ার করেই বিরোধীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এই প্রসঙ্গে নির্মল মাঝিকে ব্যক্তিগতভাবেও কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। তার বক্তব্য, যারা কাউন্সিল পরিচালনা করছেন, তাদের কাজকর্ম নিয়েই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। সেই কারণেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, বসিরহাট আদালতের আইনজীবীর আরটিআইয়ের জবাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জানিয়েছে, ‘ডাঃ শৌর্য্য ব্যানার্জি’ নামে কোনও নথিভুক্ত চিকিৎসক তাদের তালিকায় নেই। এই তথ্য সামনে আসার পরই রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। তবে শৌর্য্য ব্যানার্জির দাবি, তিনি বিদেশ থেকে চিকিৎসাবিদ্যা পড়েছেন, তাই রাজ্যের কাউন্সিলে তার নাম না থাকাটা অস্বাভাবিক নয়। একই সঙ্গে তিনি গোটা বিষয়টিকে তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত বলেই অভিহিত করেছেন। তিনি এও বলেন, "নির্মল মাঝি তার নিজের কুকুরের ডায়ালিসিস সরকারি হাসপাতাল থেকে করিয়েছেন। সব মিলিয়ে, ভোটের আগে ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা অভিযোগে বসিরহাট দক্ষিণের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
।। সন্দেশখালিতে আসবেন অভিষেক, সভাস্থল পরিদর্শনে তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্ব ।।
বসিরহাট : সন্দেশখালি জুড়ে এখন থেকেই চূড়ান্ত রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী রবিবার সেখানে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্বে কোনো খামতি রাখতে চাইছে না শাসকদল। সভাস্থল সরবেড়িয়ার মাঠে ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকাঠামো তৈরির কাজ। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াতের রুট সবকিছু খতিয়ে দেখতে এদিন মাঠ পরিদর্শনে হাজির হন দলের জেলা ও ব্লক স্তরের একাধিক শীর্ষ নেতা। উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দীম লিটন, সন্দেশখালি বিধানসভার কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল, সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীলিপ মল্লিক এবং বিদায়ী বিধায়ক সুকুমার মাহাতো।
পরিদর্শনের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে আসন্ন জনসভাকে সফল করতে বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক অঞ্চল থেকে ব্যাপক জনসমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্রে খবর, এই জনসভা শুধু একটি সাধারণ রাজনৈতিক সভা নয়, বরং সন্দেশখালি ও আশপাশের এলাকায় সংগঠনকে চাঙ্গা করার বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। তাই সভায় মানুষের উপস্থিতি বাড়াতে ইতিমধ্যেই শুরু হয়েছে ঘরে ঘরে প্রচার। স্থানীয় নেতৃত্বের দাবি, এই সভার মাধ্যমে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনিক শক্তির প্রদর্শন করবে এবং বিরোধীদের উদ্দেশ্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেবে। মাঠ পরিদর্শনের পর নেতারা জানান, সব দিক খতিয়ে দেখা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হবে। সব মিলিয়ে, সন্দেশখালি এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী রবিবারের সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ ক্রমশ বাড়ছে।
বসিরহাট উত্তরে তৃণমূলে বড়সড় ভাঙ্গন, দেড় হাজার নেতা, কর্মী ও সমর্থকের আইএসএফে যোগদান 
বসিরহাট : বসিরহাট উত্তর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে ফেটে পড়ল। প্রায় দেড় হাজার তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক দল ছেড়ে যোগ দিলেন আইএসএফে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বুধবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারীশাহ গ্রাম পঞ্চায়েতের মুরারিশাহ চৌমাথা এলাকায় একটি বড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন ওই নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগদানকারীদের মধ্যে পঞ্চায়েত স্তরের একাধিক প্রভাবশালী মুখও রয়েছেন, যা আগামী নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে। দলত্যাগীদের একাংশের দাবি, বসিরহাট উত্তর বিধানসভা ছাড়াও বসিরহাট লোকসভা এলাকায় বারবার বহিরাগত প্রার্থী দেওয়ার ফলে স্থানীয় কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে উঠছিল।
।। প্রিয় শিক্ষককে যেতে দিতে নারাজ, স্কুলে আটকে রেখে বিক্ষোভ কচিকাঁচাদের ।।

বসিরহাট : “স্যার না এলে ক্লাস নয়” বসিরহাটের স্কুলে তালা মেরে বিক্ষোভ কচিকাঁচাদের। বসিরহাট ১নং ব্লকের শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একদিকে আবেগ, অন্যদিকে উত্তেজনা। এই দুইয়ের মিশেলে তৈরি হল এক ব্যতিক্রমী পরিস্থিতি। বিদ্যালয়ের শিক্ষক কৌশিক বিশ্বাসের বদলির নোটিশ আসতেই প্রিয় শিক্ষককে ঘিরে কাঁদতে দেখা গেল ছোট্ট পড়ুয়াদের, আর সেই আবেগই দ্রুত রূপ নেয় বিক্ষোভে। বুধবার সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কেউ স্যারের হাত আঁকড়ে ধরে, কেউ আবার চোখের জলে ভাসিয়ে অনুরোধ জানায়—“স্যার, আপনি আমাদের ছেড়ে যাবেন না।” কিন্তু এই আবেগঘন দৃশ্যের মধ্যেই প্রতিবাদের সুরও চড়া হতে থাকে। শিক্ষকের বদলি রুখতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, কৌশিক বিশ্বাসকে এই স্কুলেই রাখতে হবে। অভিভাবকদের একাংশ জানান, তিনি শুধু একজন শিক্ষক নন, ছাত্রছাত্রীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তাই তাকে সরানো হলে পড়াশোনার ক্ষতি অনিবার্য। পড়ুয়া থেকে অভিভাবক সকলেরই হুঁশিয়ারি, ওই শিক্ষক স্কুলে না এলে পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এর ফলে দিনের একটি বড় অংশ জুড়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে ওই স্কুলের শিক্ষক কৌশিক বিশ্বাস বলেন, "এসআই অফিস ও বারাসাত জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে আমার কাছে বদলির চিঠি এসেছে। যদিও আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এখানকার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আমাকে যেতে দিতে চাইছে না। কিন্তু সরকারি নিয়ম মেনেই আমাকে কাজ করতে হবে।"
।। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠ রূপ দিতে তৎপর জেলা প্রশাসন ।।
বসিরহাট : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হল। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে স্ট্রং রুম এবং ডিস্ট্রিবিউশন-রিসিভিং সেন্টার গুলির পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখা হয়। ভ্যাবলা লেডি মুখার্জী গার্লস’ হাই স্কুল, ভ্যাবলা গভর্নমেন্ট পলিটেকনিক, বসিরহাট হাই স্কুল এবং বসিরহাট কলেজে পরিদর্শন করা হয়। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি নজরদারি, ইভিএম সংরক্ষণের উপযুক্ত পরিবেশ এবং নির্বাচন কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) শেখ মোহাম্মদ আজিম, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর। উচ্চপদস্থ এই প্রশাসনিক আধিকারিকরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সম্পূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে বসিরহাট পুলিশ জেলা সর্বদা তৎপর থাকবে।
এই পরিদর্শন কর্মসূচি থেকে স্পষ্ট, প্রশাসন আগাম প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং ভোটারদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
।। সন্দেশখালিতে উলট-পুরান, প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে শয়ে শয়ে মহিলারা ।।
বসিরহাট : সন্দেশখালি একসময় দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে চিত্র ছিল ভিন্ন। সেখানে প্রায় সাড়ে সাত হাজার ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল জোড়া ফুল শিবির। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালিতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝেরপাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করলেন। এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তা বলেও মনে করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের অধিকাংশই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের। তাদের উপস্থিতি এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল এগোয়‌‌। যা গোটা পরিবেশকে এক ভিন্ন আবহ দেয়। এই মিছিলে সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থী ঝর্না সর্দার, যিনি মহিলাদের সঙ্গে পা মিলিয়ে পুরো কর্মসূচিতে অংশ নেন।
এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালি ২নং ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাদের বক্তব্যে উঠে আসে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা এবং আগাম নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর ওপর জোর। রাজনৈতিক মহলের মতে, যে সন্দেশখালি একসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, সেখানে এই ধরনের বড় মাপের মহিলা মিছিল তৃণমূলের পক্ষে ইতিবাচক ইঙ্গিত বহন করছে। বিশেষ করে তপশিলি ও আদিবাসী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ আগামী নির্বাচনে সমীকরণ বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে সন্দেশখালির এই নতুন চিত্র বসিরহাটের রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করেছে এবং আগামীর নির্বাচনী লড়াইয়ে এই এলাকা যে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তৃণমূল কর্মীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বসিরহাট : বসিরহাটের মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ন'পাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। অভিযুক্ত মুজিবর মোল্লা, সে স্থানীয়ভাবে তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে হাড়োয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালায় মুজিবর মোল্লার বাড়িতে। তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২২টি তাজা বোমা উদ্ধার করা হয়। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বাড়িতেই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল এবং সম্ভবত সেখানেই বোমা তৈরির কাজ চলছিল। বাড়ির ভিতর থেকে বোমা তৈরির উপকরণও থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তল্লাশি চালাবে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি এই ঘটনায় আর কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।