।। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠ রূপ দিতে তৎপর জেলা প্রশাসন ।।
বসিরহাট : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হল। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে স্ট্রং রুম এবং ডিস্ট্রিবিউশন-রিসিভিং সেন্টার গুলির পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখা হয়। ভ্যাবলা লেডি মুখার্জী গার্লস’ হাই স্কুল, ভ্যাবলা গভর্নমেন্ট পলিটেকনিক, বসিরহাট হাই স্কুল এবং বসিরহাট কলেজে পরিদর্শন করা হয়। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি নজরদারি, ইভিএম সংরক্ষণের উপযুক্ত পরিবেশ এবং নির্বাচন কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) শেখ মোহাম্মদ আজিম, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর। উচ্চপদস্থ এই প্রশাসনিক আধিকারিকরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সম্পূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে বসিরহাট পুলিশ জেলা সর্বদা তৎপর থাকবে।
এই পরিদর্শন কর্মসূচি থেকে স্পষ্ট, প্রশাসন আগাম প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং ভোটারদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
2 hours and 58 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1