উপকূলবর্তী রাজনীতিতে নতুন সমীকরণ
*সৌমাভ মন্ডল,বসিরহাট :* উপকূলবর্তী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে বিজেপি হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে সন্দেশখালির পরিচিত প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি কেন্দ্রটি তপশিলি উপজাতি সংরক্ষিত হওয়ায় সেখানে সরাসরি প্রার্থী করা সম্ভব না হওয়ায় পার্শ্ববর্তী তপশিলি জাতি সংরক্ষিত হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকেই তাকে লড়াইয়ে নামানো হয়েছে। তবে এই প্রার্থী ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি তৃণমূল শিবির এটিকে ‘বাইরের মুখ চাপিয়ে দেওয়ার রাজনীতি’ বলেই কটাক্ষ করছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, হিঙ্গলগঞ্জের মাটি, মানুষের সমস্যা, নদীভাঙন, চাষের সঙ্কট, সুন্দরবন এলাকার জীবনযাত্রার বাস্তবতা। এসবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও কাজের অভিজ্ঞতা ছাড়া এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করা সম্ভব নয়। তাদের দাবি, বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের সুবিধার জন্য একটি ‘চেনা মুখ’কে এনে প্রার্থী করেছে, যার সঙ্গে এলাকার মাটির টান বা দীর্ঘদিনের কাজের যোগ নেই।
তৃণমূলের একাংশের বক্তব্য, হিঙ্গলগঞ্জ বরাবরই একটি সংবেদনশীল এলাকা, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, বিদ্যুৎ, পানীয় জল, যোগাযোগ। এই মৌলিক সমস্যাগুলি নিয়ে প্রতিনিয়ত লড়াই করতে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে বাইরের প্রার্থী এনে ভোটের রাজনীতি করা হলে বাস্তব উন্নয়নের প্রশ্নে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে,বিজেপি এই কেন্দ্রকে তাদের শক্ত ঘাঁটি বলে দাবি করলেও তৃণমূলের পাল্টা দাবি, গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন রাস্তা, সেতু, বিদ্যুৎ, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এইসবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে উন্নয়নের ছোঁয়া। ফলে শুধুমাত্র মুখ বদল করে বা প্রতিবাদের ইস্যু তুলে ধরে হিঙ্গলগঞ্জে জমি শক্ত করা সহজ হবে না বলেই মনে করছে শাসকদল। এদিকে একইসঙ্গে বসিরহাট দক্ষিণে ডাঃ শৌর্য্য ব্যানার্জি, স্বরূপনগরে তারক সাহা, হাড়োয়ায় ভাস্কর মন্ডল, মিনাখাঁয় রুদ্রেন্দ্র পাত্র এবং সন্দেশখালিতে সনৎ সর্দারকে প্রার্থী করেছে বিজেপি। তবে তৃণমূলের বক্তব্য, একাধিক কেন্দ্রে নতুন বা অপ্রচলিত মুখ আনার মাধ্যমে বিজেপি প্রমাণ করছে তাদের শক্তিশালী স্থানীয় নেতৃত্বের অভাব রয়েছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, উন্নয়নের ধারাবাহিকতা এবং স্থানীয় নেতৃত্বের উপর আস্থা। এই তিনকেই সামনে রেখেই তারা নির্বাচনী লড়াইয়ে নামবে। হিঙ্গলগঞ্জের ক্ষেত্রেও তারা আত্মবিশ্বাসী যে, এলাকার মানুষ বাইরের প্রার্থীর চেয়ে নিজের এলাকার উন্নয়নে কাজ করা শক্তিকে বেশি গুরুত্ব দেবেন। সব মিলিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করা বিজেপির কৌশল হলেও, তৃণমূলের মতে এটি বাস্তবের মাটিতে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর মিলবে ভোটের ফলাফলেই।
9 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k