নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মুক্তির ভাগ্য ঝুলে রইল হাইকোর্টে
কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শোন অ্যারেস্ট কার্যকর না-করার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ ৷ শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই-এর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের গতকালের রায় খারিজ করেছে ৷ গতকালই রাজ্য, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ৷

এদিন শুনানিতে প্রধান বিচারপতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যদি গ্রেফতার হন, তাহলে আদালত জামিন দিতে পারে। যদি অভিযোগ দায়ের হয়, তাহলে আগাম জামিন দেওয়া যেতে পারে। কিন্তু একজন সিঙ্গেল জজ কখনই এইভাবে রক্ষাকবচ দিতে পারেন না। আমি বিস্মিত যে, সিঙ্গেল বেঞ্চ কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে।"

প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের পরেই সিঙ্গেল বেঞ্চের রক্ষাকবচের নির্দেশ খারিজ হয়ে যায়। এর ফলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনি অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে ,নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। আগামী সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে।জানা গিয়েছে, মিলন প্রধানের বিরুদ্ধে মোট ছ'টি মামলা রয়েছে। সেই ছ'টি মামলাতেই জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায়। শুক্রবার সেই জামিনের আবেদনের উপর দীর্ঘ শুনানি চলে।উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
বারুইপুরে আইনজীবীকে ডিম ছোড়ার ঘটনায় কড়া হাইকোর্ট, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

*কলকাতা:* বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এই মামলায় আদালত বান্ধব বা অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

শুনানিতে প্রধান বিচারপতি কড়া মন্তব্য করেন। তিনি বলেন, "আজকে একজন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে। কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনা বন্ধ হওয়া দরকার।"

আদালত সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঘটনা নিয়ে হলফনামা চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।

উল্লেখ্য, বারুইপুর আদালত চত্বরে প্রকাশ্যে এক আইনজীবীর গায়ে ডিম ছোড়ার ঘটনায় আইনজীবী মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাইকোর্টের এই হস্তক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

#CalcuttaHighCourt #BaruipurCourt #LawyerAttack #SayanBanerjee #ChiefJustice #SuoMotoCase #LegalNews #WestBengalNews #DigitalNews
এক পদেই থাকতে হবে, বিজেপিতে সংগঠনে বড় রদবদল, বাদ বহু পরিচিত মুখ

*কলকাতা:* ভোটের আগে সংগঠন গোছাতে বড় সার্জারি করল রাজ্য বিজেপি। রাজ্য কমিটি ও মোর্চার গুরুত্বপূর্ণ পদ থেকে এক ঝটকায় সরিয়ে দেওয়া হলো একাধিক হেভিওয়েট নেতাকে।

দলের অন্দরের খবর, ‘এক ব্যক্তি এক পদ’ ফর্মুলাতেই এই রদবদল। মন্ত্রিত্ব সামলাচ্ছেন যারা, তাঁদের আর সাংগঠনিক পদে রাখা হবে না। সেই নীতির কোপেই পদ হারালেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তাপস রায়ের মতো মন্ত্রীরা।

*যুব মোর্চায় বড় চমক:*

দীর্ঘদিন ধরে যুব মোর্চার দায়িত্বে থাকা ইন্দ্রনীল খাঁ-কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন মুখ আমতার বিধায়ক অমিত সামন্ত। শুধু মোর্চাই নয়, একসঙ্গে ৭টি সাংগঠনিক জেলার সভাপতিও বদলে ফেলেছে গেরুয়া শিবির।

*নতুন দায়িত্বে কারা এলেন:*
> মহিলা মোর্চা - ফাল্গুনী পাত্রকে সরিয়ে অঞ্জনা বসু
> যুব মোর্চা - অমিত সামন্ত
> ওবিসি মোর্চা - ধনঞ্জয় ঘোষ
> এসসি মোর্চা - বিশ্বজিৎ বিশ্বাস

*তবে নজর শর্বরীতে:*

এই রদবদলে সবচেয়ে বেশি আলোচনা যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে নিয়ে। তিনি মন্ত্রী নন, তবুও রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের মতো হাই-প্রোফাইল পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে দলের ‘এক ব্যক্তি এক পদ’-এর যুক্তি তাঁর ক্ষেত্রে ধোপে টিকছে না বলেই মত রাজনৈতিক মহলের।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় শর্বরীর উপস্থিতি এবং তাঁর কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কসবা বিধানসভার মধ্যে পড়লেও যাদবপুরের বিধায়ক হিসেবে তিনি কেন সেখানে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কের জেরেই কি এই অপসারণ? দলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে।

#BengalBJPReshuffle #OneManOnePost #BJP4Bengal #SharbariMukherjeeRow #AmitSamanta #AnjanaBasu #BengalPolitics #BJPMorcha #WestBengalNews
।। বসিরহাটে সাইবার সচেতনতা কর্মসূচি, ১২০টি হারানো ফোন ও ১৪.৭০ লক্ষ টাকা ফেরালো পুলিশ ।।
বসিরহাট : বসিরহাট টাউন হলে শুক্রবার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিকদের নতুন ধরনের সাইবার হুমকি, অনলাইন আর্থিক প্রতারণা ও তার থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাইবার বিশেষজ্ঞ দল এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের যৌথ তত্ত্বাবধানে আলোচনা সভাটি পরিচালিত হয়। সেখানে অনলাইনে প্রতারণার বিভিন্ন কৌশল, সন্দেহজনক লিঙ্ক বা ফোনে প্রতারিত না হওয়া এবং আর্থিক প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে সচেতন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে উদ্ধার হওয়া প্রায় ১২০টি হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে সেগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে খুশি হন অনেকেই। পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হওয়া নাগরিকদের খোয়া যাওয়া আনুমানিক ১৪ লক্ষ ৭০ হাজার টাকা চেকের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় প্রতারিত টাকা ও হারানো মোবাইল ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সাইবার অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। তাই অপরিচিত ফোন, মেসেজ, লিঙ্ক বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা আরও বাড়ানোর বার্তা দেওয়া হয়।
।। দুর্নীতির অভিযোগে পোশাক কারখানা বন্ধ, কর্মহীন শয়ে শয়ে শ্রমিকের থানা ঘেরাও ।।
বসিরহাট : পোশাক তৈরির কারখানা বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক। দুর্গাপুজোর আগে বিক্ষোভে উত্তাল বসিরহাট। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা সংলগ্ন আটাপাড়া এলাকায় একটি পোশাক তৈরির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। কারখানা বন্ধের জেরে শুধু কর্মরত শ্রমিকরাই নন, পরোক্ষভাবে এই কারখানার উপর নির্ভরশীল প্রায় কয়েক হাজার পরিবারের সংসারেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুর্গাপুজোর আগে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় কয়েকশো শ্রমিক কাজ করতেন। সম্প্রতি কারখানার কয়েকজন উচ্চপদস্থ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ওই ঘটনায় কারখানার মালিক আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েন। এরপরই কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে শ্রমিকদের দাবি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় কাজ হারিয়েছেন প্রচুর শ্রমিক। তাদের বক্তব্য, কারখানার উপার্জনের উপর নির্ভর করেই তাদের সংসার চলতো। পাশাপাশি কারখানাকে কেন্দ্র করে পরিবহণ, ছোট ব্যবসা-সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বহু পরিবারেরও রোজগার নির্ভরশীল ছিল। ফলে কারখানা বন্ধের প্রভাব সরাসরি এবং পরোক্ষভাবে বহু পরিবারের উপর পড়েছে। সামনেই দুর্গাপুজো, তার আগে কাজ হারিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে ফেরানোর দাবিতে প্রথমে আটাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে তারা মাটিয়া থানায় গিয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের কারণ যাই হোক না কেন, তাদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে দ্রুত কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কারখানা বন্ধের ফলে যে শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেই সমস্যারও দ্রুত সমাধান করতে হবে।
দিবারাত্রী নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন l
*খেলা*

নিজস্ব সংবাদদাতা ; কলকাতা উত্তর সহ গঠনিক জেলার উদ্যোগে ৩ দিনব্যাপী দিবারাত্রীর নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সংসদ শমীক ভট্টাচার্য। এদিন প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন সাংসদ শমীক ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য ব্যানার্জি, বিজেপি কলকাতা উত্তর সহতলী সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছবি: উৎপল দাস।
লাদাখের মাউন্ট কাং ইয়াৎসে জয় করে কলকাতায় ফিরল হিমালয়ান অ্যাসোসিয়েশনের দল*
*কলকাতা:* ফের বড় সাফল্য বাংলার প্রাচীনতম পর্বতারোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশনের। পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলের দুর্গম মাউন্ট কাং ইয়াৎসে শৃঙ্গ (৬,৪০১ মিটার / ২১,০০০ ফুট) সফলভাবে আরোহণ করে আজ কলকাতায় ফিরল অভিযাত্রী দল।

গত ৬ই সেপ্টেম্বর দলনেতা সুব্রত চক্রবর্তী এবং দলের ম্যানেজার অমিতাভ বিশ্বাসের নেতৃত্বে কলকাতা থেকে লাদাখের উদ্দেশে রওনা দিয়েছিল দলটি। দলে ছিলেন পর্বতারোহী শুভঙ্কর দত্ত, শঙ্কর রায়, বিশ্বম্ভর পাঁজা, অপর্ণা গায়েন এবং ডাক্তার নীরেন্দ্র নাথ সাহা।

প্রবল প্রতিকূল আবহাওয়া ও প্রতিবন্ধকতা কাটিয়ে গত ১৭ই সেপ্টেম্বর সকাল ৭টায় শৃঙ্গ জয় করেন তিন অভিযাত্রী - বিশ্বম্ভর পাঁজা, অপর্ণা গায়েন এবং শুভঙ্কর দত্ত। দলনেতা সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই সফল অভিযানে উচ্ছ্বসিত অ্যাসোসিয়েশনের সকল সদস্য।

আজ অভিযাত্রীরা কলকাতা স্টেশনে এসে পৌঁছলে তাঁদের উষ্ণ অভিনন্দন জানান সংস্থার সভাপতি তথা বরিষ্ঠ পর্বতারোহী উজ্জ্বল গাঙ্গুলি, সাধারণ সম্পাদক অলোক কুমার মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি সুশান্ত কুমার মজুমদার। ছবি : সংগৃহীত।

*#Ladakh #MountKangYatse #KangYatseExpedition #HimalayanAssociation #Kolkata #BengalMountaineering #LadakhExpedition #HowrahNews #KolkataNews #Mountaineering #Himalaya*
২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির*
*কলকাতা:* বাংলায় বড় বিনিয়োগের ব্লু-প্রিন্ট ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী।

কোথায় কোথায় বিনিয়োগ? আদানি জানিয়েছেন, বন্দর, পণ্য পরিবহণ ও লজিস্টিক, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, সড়ক ও সেতু নির্মাণ, সিমেন্ট কারখানা, রোপওয়ে এবং হাইপারস্কেল ডেটা সেন্টার - একাধিক কোর সেক্টরে এই লগ্নি হবে।

মঞ্চ থেকে আদানির বার্তা ছিল স্পষ্ট, “পরিকাঠামো লক্ষ লক্ষ মানুষের সম্ভাবনাকে বদলে দিতে পারে। আদানি গোষ্ঠীতে আমরা যা করি, তার কেন্দ্রেই রয়েছে পরিকাঠামো।”

*কেন বাংলা?*

বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাকে বেছে নেওয়ার কারণ হিসেবে রাজ্যের ভৌগোলিক অবস্থানকে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের খুব কম রাজ্যেই প্রকৃতি, যোগাযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনার এমন সমন্বয় রয়েছে।

তিনি বলেন, “ভারতের শিল্পাঞ্চল এবং উত্তর-পূর্বকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বাংলার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক পথে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং তার বাইরের বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সুবিধাজনক জায়গায় রয়েছে।”

আদানির মতে, সঠিক পরিকল্পনা হলে বাংলা শুধু পূর্ব ভারতের প্রবেশদ্বার নয়, এশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত অর্থনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে।

*আদানির শিল্পায়ন মডেল কী?*

নিজের শিল্পায়ন মডেলও ব্যাখ্যা করেন গৌতম আদানি।
“বন্দর উন্নত লজিস্টিক ব্যবস্থাকে শক্তিশালী করে। লজিস্টিক শিল্পকে আকর্ষণ করে। শিল্প উৎপাদন ক্ষেত্রকে প্রসারিত করে। উৎপাদনের জন্য প্রয়োজন হয় শক্তির। শক্তি ডিজিটাল পরিকাঠামোকে সক্ষম করে এবং ডিজিটাল পরিকাঠামো ভবিষ্যতের শিল্পকে নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এর ফলে কাজের সুযোগ বহুগুণ বাড়ে।”

বিশেষ করে হাইপারস্কেল ডেটা সেন্টারে বিনিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। AI, ক্লাউড পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের যুগে এর হাত ধরে বিদ্যুৎ, টেলিকম ও দক্ষ কর্মসংস্থানে বড় সুযোগ তৈরি হবে।

এক লক্ষ কোটি টাকার এই মেগা-ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে শিল্পমহল।

ছবি: সংগৃহীত।
#GautamAdani #AdaniGroup #WestBengal #BengalInvestment #AdaniInBengal #NewTown #AdaniArogyaMandir #Infrastructure #BengalBusiness #DigitalBengal #MakeInBengal
অপেক্ষার অবসান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পাচ্ছেন বকেয়া ডিএ, হাইকোর্টে জানাল রাজ্য

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে আশার আলো দেখলেন রাজ্যের সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকর্মীরা। এবার তাঁরাও পেতে চলেছেন বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য সরকারের তরফে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে বলে আদালতে জানিয়েছে রাজ্য।

*কী নিয়ে মামলা?*

২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। সংগঠনের অভিযোগ, 'গ্রান্ট ইন এড' বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন স্তরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী এবং কর্মচারীরা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন।

*আদালতে কী জানাল রাজ্য?*

এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী স্পষ্ট জানান, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সম্মত। প্রক্রিয়া শুরু হবে, তবে আর্থিক ও প্রশাসনিক কারণে কিছুটা সময় লাগবে।

*মামলার প্রেক্ষাপট*

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বঞ্চনার মামলা চলছে ২০১৭ সাল থেকে। SAT থেকে কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী ডিএ দিতে হবে।

*পুরসভার কর্মীদের কী হবে?*

বকেয়া ডিএ-র ক্ষেত্রে পুরসভার কর্মীদের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে এদিনের শুনানির পর আইনজীবী মহলের একাংশের মত, যেহেতু মামলাটি 'গ্রান্ট ইন এড' কর্মচারীদের নিয়ে, সেক্ষেত্রে পুরসভার কর্মীরাও এই সুবিধার আওতায় আসতে পারেন।

#DABakeya #GrantInAid #CalcuttaHighCourt #AmritaSinha #WestBengalTeachers #DAUpdate #WBNews #SupremeCourt #AICPI
২.৬৬ কোটির ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

*কলকাতা* : ২.৬৬ কোটি টাকার ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যকে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জয়শ্রী রামকৃষ্ণন ও অপর এক আবেদনকারীর দায়ের করা মামলার শুনানি হয়। আবেদনকারীদের অভিযোগ, ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে প্রায় ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান, ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত প্রতারণার মামলাগুলির তদন্তে সিবিআইকে প্রাথমিক তদন্তকারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ বিবেচনা করেই হাইকোর্ট নরেন্দ্রপুরের মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

#DigitalArrest #CBIBreaking #CalcuttaHighCourt #Narendrapur #CyberFraud #CBIProbe