স্বরূপনগরে ইছামতীর উপর ফের ভেঙে ভেসে গেল বাঁশের সেতু, বিপাকে দুই পাড়ের কয়েক লক্ষ মানুষ
![]()
বসিরহাট : বসিরহাটের স্বরূপনগর ব্লকের ইছামতী নদীর উপর ফের ভেঙে জলে ভেসে গেল বাঁশের সেতু। জল ও কচুরিপানার চাপে নতুন করে তৈরি করা সেতুটি ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন টিপি ও কাটাবাগান এলাকার কয়েক লক্ষ মানুষ। দুই এলাকার সংযোগকারী এই বাঁশের সেতুটির উপর দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, কৃষক ও অফিস যাত্রী সহ সাধারণ মানুষ যাতায়াত করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ আগস্ট ইছামতী নদীর উপর থাকা সেতুটি ভেঙে জলে ভেসে গিয়েছিল। এরপর ফের বাঁশ দিয়ে নতুন করে সেতুটি তৈরি করা হয়। কিন্তু নতুন সেতু তৈরির প্রায় দশ দিনের মধ্যেই ফের বিপত্তি। নদীর জল ও কচুরিপানার প্রবল চাপে বাঁশের সেতুটি ভেঙে নদীর জলে ভেসে চলে যায়।
সেতুটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এই সেতুর পরিবর্তে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী কংক্রিটের সেতু তৈরির দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। ফলে যাতায়াতের জন্য বাঁশের সেতুর উপরই নির্ভর করতে হয় এলাকার মানুষকে। সেতুটি ভেঙে যাওয়ায় বিকল্প পথে প্রায় ২০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে পড়ুয়া, অসুস্থ রোগী ও কৃষকদের সমস্যাই সবচেয়ে বেশি। জরুরি প্রয়োজনে এক পাড় থেকে অন্য পাড়ে দ্রুত যাতায়াত করাও কার্যত কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কংক্রিটের সেতুর প্রতিশ্রুতি মিললেও বাস্তবে এখনও কোনও স্থায়ী সমাধান হয়নি। এই বিষয়ে স্বরূপনগরের চার বারের তৃণমূল বিধায়িকা বিণা মণ্ডল বলেন, “প্রস্তাব দেওয়া আছে। দেখা যাক কী হয়।” তবে কবে স্থায়ী সেতু তৈরি হবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই।









ছবি:সংগৃহীত।
Sep 05 2026, 19:34
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k