ক্যামেরুনের ফরোয়ার্ড রাফায়েল মেসি বৌলিকে সই করাল পাঞ্জাব এফসি
খেলা


*স্পোর্টস ডেস্ক:* আসন্ন ২০২৬-২৭ মরসুমের আগে আক্রমণভাগকে শক্তিশালী করতে ক্যামেরুনের ফরোয়ার্ড রাফায়েল এরিক মেসি বৌলির সঙ্গে চুক্তি করল পাঞ্জাব এফসি। ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন এই সেন্টার-ফরোয়ার্ড।

৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার মেসি বৌলি পাঞ্জাব এফসির আক্রমণে শারীরিক শক্তি, হাওয়ায় বল দখলের ক্ষমতা এবং পেনাল্টি বক্সের মধ্যে নিখুঁত ফিনিশিংয়ের দুর্দান্ত সমন্বয় নিয়ে আসবেন। প্রধান স্ট্রাইকার (নম্বর ৯) হিসেবে সরাসরি আক্রমণের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফাইনাল থার্ডে সতীর্থদের সঙ্গে কার্যকর বোঝাপড়া তৈরিতেও তিনি দক্ষ। তাঁর বিস্তৃত অভিজ্ঞতা এবং লিঙ্ক-আপ প্লে দলের আক্রমণভাগে গভীরতা ও বৈচিত্র্য যোগ করবে।

ক্যামেরুন জাতীয় দলের (ইন্ডোমিটেবল লায়ন্স) হয়ে সিনিয়র পর্যায়ে প্রতিনিধিত্ব করা মেসি বৌলির এশিয়ান এবং ভারতীয় ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০১৯-২০ ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে ৮টি গোল করে ভারতীয় ফুটবলে প্রথম ছাপ ফেলেছিলেন তিনি।

ক্লাব কেরিয়ারে এই ফরোয়ার্ড চিনেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যেখানে তিনি নানজিং সিটি, ইয়ানবিয়ান ফুন্দে এবং শিজিয়াজুয়াং গংফুর হয়ে বিভিন্ন সময়ে খেলে ৪০টিরও বেশি গোল করেছেন। এছাড়াও তিনি ইরানে ফুলাদ এবং আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও জামশেদপুর এফসির হয়েও খেলেছেন।

পাঞ্জাব এফসিতে যোগ দিয়ে রাফায়েল মেসি বৌলি বলেন, "আসন্ন মরসুমের জন্য পাঞ্জাব এফসিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি। ক্লাব একটি দুর্দান্ত ফুটবলিং সেটআপ তৈরি করেছে এবং রাউন্ডগ্লাস স্পোর্টসের অধীনে তাদের স্পষ্ট উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছে। ভারতে আগে খেলার অভিজ্ঞতার কারণে আমি এই লিগের প্রতিযোগিতামূলক তীব্রতা এবং মাঠে প্রয়োজনীয় পারফরম্যান্স ভালোভাবে বুঝি। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে, প্রতিটি ট্রেনিং সেশন এবং ম্যাচে নিজের শতভাগ দিতে এবং গোল ও জয়ের মাধ্যমে সমর্থকদের খুশি করতে পুরোপুরি প্রস্তুত।"

মেসি বৌলির দলে অন্তর্ভুক্তি আসন্ন ২০২৬-২৭ এর চ্যালেঞ্জিং মরসুমের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং উদীয়মান দেশীয় প্রতিভার ভারসাম্যের উপর পাঞ্জাব এফসির ফোকাসকেই তুলে ধরে।

ছবি: সংগৃহীত।
অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তা, বঞ্চিতদের জন্য ক্লেমের আশ্বাস শুভেন্দুর*

*নিজস্ব প্রতিনিধি, কলকাতা* :রাজ্যের অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন বলে জানা গিয়েছে। যে সকল গ্রাহক এখনও এই প্রকল্পের টাকা পাননি, তাঁদের জন্য চালু রয়েছে ক্লেম অপশন। ক্লেম করার পর ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুধুমাত্র আগস্ট মাসেই ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজন হলে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে এই ভাতার আওতায় আনা হবে, যাতে যোগ্য কেউ বঞ্চিত না হন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে এদিন তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, "মাত্র ৫০০ টাকা দিতে কতদিন সময় লাগিয়েছিল ২০২১ সালে? এরপর ২০২৪ সালে ঠিক লোকসভা ভোটের আগে সেই ৫০০ টাকা হল ১০০০ টাকা। আর বিধানসভা ভোটের তিন মাস আগে ১৫০০ টাকা করা হয়।" তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেখানে বিজেপি জিতেছিল, সেখানকার বহু মহিলাকে আগের ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডারও দেওয়া হয়নি।

উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "১ কোটি ৪৫ লক্ষ মহিলা আগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃত প্রাপক, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।"

একই সঙ্গে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।"

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যোগ্যরা সকলেই তাঁদের হকের টাকা পাবেন। কাউকেই বঞ্চিত করা হবে না।
ইউনাইটেডের এস সি সঙ্গে ১-১ ড্র মহামেডানের, অপরাজিত রইল সাদা-কালো ব্রিগেড
*খেলা*

কলকাতা লিগ


*নিজস্ব প্রতিনিধি কলকাতা, ২২ অগাস্ট:* কলকাতা ফুটবল লিগে ফের পয়েন্ট ভাগাভাগি করল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বারাসাত স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সাদা-কালো ব্রিগেড।

প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি কেউই। ফলে ০-০ অবস্থাতেই শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে গতি। বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোল তুলে নেয় ইউনাইটেড এসসি। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মহামেডান। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় মহামেডান। স্পট থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে সমতায় ফেরান মহিতোষ।

শেষ মুহূর্তে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনও গোল হয়নি। ফলে ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগে অপরাজিত রইল মহামেডান। ৪টি জয় ও ৩টি ড্র নিয়ে লিগ অভিযান জারি রাখল তারা। *ছবি:সঞ্জয় হাজরা ও অঙ্কিত *মুখার্জি।**
টিবি মুক্ত ভারত অভিযান

*নিজস্ব প্রতিনিধি:* কেন্দ্রীয় যুব  ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় পালিত হল টিবি মুক্ত ভারত অভিযান।

পাঁচ দিনব্যাপী একটি বিশেষ অভিজ্ঞতামূলক শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অংশগ্রহণকারীদের টিবির প্রাথমিক তথ্য, টিবি সংক্রান্ত ভুল ধারণা ভাঙার পাঠ এবং এর প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি গ্রামীণ হাসপাতাল, আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন এবং টিবি থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও করা হয়।

পাঁচ দিনের এই কর্মসূচিতে সারা দেশে ৫০টি টিবি প্রবণ জেলাকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে উত্তর ২৪ পরগনা অন্যতম।

টিবির মতো ব্যাধির বিরুদ্ধে লড়তে এবার যুব সমাজকে সামিল করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার জেলা যক্ষ্মা আধিকারিকের তত্ত্বাবধানে পাঁচ দিন ধরে একটি বিশেষ দলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৫টি টিবি প্রবণ গ্রামে 'টিবিকে জানুন' শীর্ষক সচেতনতা শিবির করা হয়, যেখানে টিবি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, প্রাথমিক তথ্য, সতর্কতা এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষিত এই দলটিকে এবার মাঠে নামানো হবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য।

*ছবি: তথ্য ও সংস্কৃতি বিভাগ উত্তর ২৪ পরগনা।*
ডুরান্ড ফাইনালের আগে ইস্টবেঙ্গলের জন্য সুখবর, স্পনসর হিসেবে থাকছে ইমামি
*খেলা*


*স্পোর্টস ডেস্ক, কলকাতা* : তিন বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। আগামী রবিবার যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে নামছে রশিদ-বিষ্ণুরা। তার আগেই আর্থিক দুশ্চিন্তা কাটিয়ে স্বস্তি পেল লাল-হলুদ শিবির।

ক্লাব সূত্রের খবর, প্রধান ইনভেস্টর ইমামি এবার আর সরাসরি বিনিয়োগ না করলেও স্পনসর হিসেবে ইস্টবেঙ্গলের পাশে থাকছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ভারতীয় ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের কারণে ফুটবলে বিনিয়োগ থেকে সরে আসতে চায় ইমামি। ক্লাব কর্তা দেবব্রত সরকার নতুন ইনভেস্টরের খোঁজও শুরু করেছিলেন। এমনকি আমূলের সঙ্গে কথাবার্তার কথাও শোনা গিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকের পর বরফ গলে। স্থির হয়েছে, ইনভেস্টর হিসেবে নয়, স্পনসর হিসেবে থাকবে সংস্থা। সম্ভবত রবিবারের ডুরান্ড ফাইনাল থেকেই স্পনসর হিসেবে নতুন পথচলা শুরু। অর্থাৎ ফাইনালে ইস্টবেঙ্গলের জার্সিতে থাকবে ইমামির নাম ও লোগো।

২০২২ সালে প্রথমবার ইস্টবেঙ্গলে বিনিয়োগ করে ইমামি। গত মরশুমে ২৩ বছরের খরা কাটিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ। ইনভেস্টর অনিশ্চয়তার মধ্যেও ডুরান্ড ফাইনালের আগে স্পনসর হিসেবে ইমামির থাকার সিদ্ধান্তে স্বস্তিতে ক্লাব কর্তা ও সমর্থকরা।

*ছবি:সঞ্জয় হাজরা* ।
১৫০ পূর্তি উৎসবের খরচে দুর্নীতির অভিযোগ, বসিরহাট হাই স্কুলের গেটে পোস্টার ঘিরে চাঞ্চল্য

*সৌমাভ মণ্ডল,বসিরহাট :* বসিরহাটের ঐতিহ্যবাহী বসিরহাট হাই স্কুলে দেড়শ বছর পূর্তি উদযাপনকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল। স্কুলের মূল গেট ও দেওয়ালে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুলে আসা-যাওয়ার পথে পোস্টারগুলি দেখে হতবাক স্থানীয় বাসিন্দারাও। কয়েকদিন আগেই বসিরহাট হাই স্কুলে জাঁকজমকপূর্ণভাবে দেড়শ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের আয়োজন ও খরচ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। স্কুলের মূল গেট ও দেওয়ালে লাগানো পোস্টারে দাবি করা হয়েছে, দেড়শ বছর পূর্তি উদযাপনের জন্য বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই টাকা কীভাবে খরচ হয়েছে এবং তার হিসাব কোথায় তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
পোস্টারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মিস্ত্রির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে জবাব চাওয়া হয়েছে। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে স্কুল চত্বর ও আশপাশের এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বসিরহাট হাই স্কুল দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এমন একটি প্রতিষ্ঠানের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের জন্য কত টাকা সংগ্রহ করা হয়েছিল, কত টাকা খরচ হয়েছে এবং বাকি টাকা কোথায় রয়েছে।তার স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি উঠেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে পোস্টারে ওঠা অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে এবং অভিযোগের কোনও তদন্ত হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।
সিএবি ডিজিটাল এইচআর ম্যানেজমেন্ট অ্যাপের শুভসূচনা
*খেলা*


*স্পোর্টস ডেস্ক,কলকাতা:* ক্রিকেট প্রশাসনকে আধুনিকীকরণের লক্ষ্যে শুক্রবার "গো গ্রিন" উদ্যোগের আওতায় নিজস্ব ডিজিটাল এইচআর ম্যানেজমেন্ট অ্যাপ চালু করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ।

ইডেন গার্ডেন্সে সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলি এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সচিব দেবব্রত দাস ওরফে বাবলু কলয়, সহ-সভাপতি নীতিশ রঞ্জন দত্ত, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ বিভিন্ন কমিটির চেয়ারপার্সন ও সদস্যরা। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের নেতৃত্বে এই অ্যাপটি তৈরি হয়েছে।

"গেমের পিছনের দলকে ক্ষমতায়ন" করার ভাবনা নিয়েই এই অ্যাপ। এর ফলে কর্মীদের প্রোফাইল, বেতন, ছুটি, হাজিরা থেকে শুরু করে যাবতীয় অনুমোদনের কাজ এখন থেকে কাগজবিহীনভাবে হবে। ক্যাবের দাবি, এর ফলে প্রশাসনিক কাজে কাগজ ও প্রিন্টিং খরচ ৩০ শতাংশেরও বেশি কমবে।

সৌরভ গাঙ্গুলি বলেন, "যাঁরা স্থানীয় ম্যাচ থেকে আন্তর্জাতিক ম্যাচ সামলান, তাঁদের হাতে অত্যাধুনিক সরঞ্জাম তুলে দেওয়াই লক্ষ্য। কাগজের ব্যবহার কমিয়ে আমরা পরিবেশের প্রতিও দায়বদ্ধতা দেখালাম।"

*ছবি: সৌজন্যে সিএবি* ।
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে যশোর রোড অবরোধ-বিক্ষোভ

*নিজস্ব সংবাদদাতা,মধ্যমগ্রাম:* অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বৃহস্পতিবার অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার যশোর রোড।

মধ্যমগ্রাম চৌমাথায় টাকা না পাওয়া মহিলারা প্রথমে সোদপুর রোড অবরোধ করেন। প্রায় ২০-২৫ মিনিট ধরে অবরোধের জেরে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। প্রভাব পড়ে জাতীয় সড়ক যশোর রোডেও। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তোলা হয়।

এরপর বিক্ষোভকারীরা মধ্যমগ্রাম পুরসভার চারতলায় গিয়ে এগজিকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করে জবাব দাবি করেন। দফায় দফায় বিক্ষোভের জেরে পুরসভা চত্বরেও উত্তেজনা ছড়ায়। *ছবি:অঙ্কিত মুখার্জি।*
টুলু মণ্ডলের রক্ষাকবচ খারিজ, তদন্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

*কলকাতা:* বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ পুলিশি তদন্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “টুলু মণ্ডল ইন্দ্রজিৎ। রামায়ণের মতো। মেঘের আড়াল থেকে সবকিছু নজরে রাখছেন।” টুলুর আইনজীবী দুষ্যন্ত দাভে যুক্তি দেন, বাড়িতে নগদ-সোনা রাখা অপরাধ নয়, আয়কর আইনে মামলা হতে পারে। বিচারপতি পাল্টা বলেন, “টাকার পরিমাণ কম নয়, বিপুল।” সংগঠিত অপরাধের ধারা নিয়ে আপত্তি থাকলে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরামর্শও দেন তিনি।

রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বৃহস্পতিবার গোপন রিপোর্ট পেশ করেন।

সম্প্রতি মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮.৫ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার হয়। মিনার গ্রেফতার হলেও টুলু অধরা। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হয়েছে। সিউড়ি এসিজেএম কোর্ট শুক্রবারের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল।

আদালত স্পষ্ট জানায়, এই অপরাধের তদন্ত চালিয়ে যাওয়া উচিত। তদন্তে হস্তক্ষেপ করা হবে না। তবে  আদালত টুলুর এফ আই আর খারিজ সংক্রান্ত মামলার শুনানি করবে ২৭ আগষ্ট।
বারাসাত মেডিক্যাল কলেজের লেডিস হস্টেলে আগুন, শর্ট সার্কিটের জের, অল্পের জন্য রক্ষা আবাসিকদের*

*বারাসাত:* আগুন আতঙ্ক ছড়াল বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে। বৃহস্পতিবার সকালে হস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে তৎপরতা শুরু হয়। দমকল ও হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো গেল।

সকাল ৮টা নাগাদ হাসপাতাল সংলগ্ন এনটিএস বিল্ডিংয়ের লেডিস হস্টেলের এক আবাসিকের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন অন্যান্যরা। খবর দেওয়া হয় দমকল ও ইলেকট্রিক বিভাগকে। খবর পেয়ে ১০-১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিবেদিতা মিশ্র জানান, ‘সঙ্গে সঙ্গে ফায়ার ও ইলেকট্রিক টিমকে খবর দেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আবাসিক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতার কারণেই ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার অনুমান। ঘটনার কারণ খতিয়ে দেখছে দমকল। পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা।

*এক নজরে*
- *কোথায়*: বারাসাত মেডিক্যাল কলেজের লেডিস হস্টেলের এনটিএস বিল্ডিং
- *কখন*: বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ
- *কারণ*: প্রাথমিকভাবে শর্ট সার্কিট
- *ক্ষয়ক্ষতি*: আসবাবপত্র, পোশাক ও নথিপত্র পুড়েছে
- *হতাহত*: কেউ আহত হননি *ছবি: অঙ্কিত মুখার্জি।*