বিধায়ক দিলীপ মণ্ডলের দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টে, শুক্রবার পরবর্তী শুনানি

*কলকাতা:* তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সোমবার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে গত মে মাসে গ্রেফতার করে পুলিশ। হুমকি দেওয়া, অশান্তি পাকানো-সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপর নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলা এখনও বিচারাধীন।

সোমবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দিলীপের আইনজীবী কিশোর দত্ত। তাঁর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে ক্রমাগত নতুন এফআইআর দায়ের হচ্ছে। প্রায় প্রতিদিন একটি করে অভিযোগ দায়ের করছে পুলিশ। এখনও পর্যন্ত মোট এফআইআরের সংখ্যা ৩৯-এ পৌঁছেছে। তাই মামলার দ্রুত শুনানি প্রয়োজন।

আবেদন শুনে বিচারপতি ভট্টাচার্য জানান, তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে। দিলীপের একটি মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে। তার আগে শুনানি সম্ভব নয়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির মধ্যেও নিজের কেন্দ্র বিষ্ণুপুরে জয়ী হন দিলীপ মণ্ডল। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকেই তিনি প্রকাশ্যে আসেননি। এলাকায় তাঁকে দেখা যায়নি। এই সময়ের মধ্যেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হতে থাকে।
হাইকোর্টে টিএমসিপি

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরেও মামলা হল হাই কোর্টে। আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওই দিনের সভার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আগামী বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ককুমার নাগ জানান, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তার পরে গত ৩ অগস্ট এবং ৭ অগস্ট পুলিশের কাছ থেকে এ বিষয়ে জানতেও চাওয়া হয়েছিল। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। সেই কারণেই টিএমসিপি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় বলে জানান আইনজীবী। মামলাটির জরুরি শুনানির জন্যও আদালতে আবেদন জানান তিনি। প্রতি বছর কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা আয়োজিত হয়। তবে এ বারের পরিস্থিতি ভিন্ন। নির্বাচনী ভরাডুবির পরে তৃণমূল তিন ভাগ হয়ে গিয়েছে। এক দল যোগ দিয়েছে এনসিপিআই-তে। এক দল বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। অবশিষ্টাংশ মমতাপন্থী।
স্বাধীনতা দিবসে বিরল রেকর্ড, গলে সেঞ্চুরি দেবদত্ত পাডিক্কলের

*স্পোর্টস ডেস্ক:* চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে যাওয়া সাই সুদর্শনের বদলে দলে সুযোগ পান সরফরাজ় খান। তবে প্রথম টেস্টে তিন নম্বরে নামার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি দেবদত্ত পাডিক্কল।

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর তিনে নামেন দেবদত্ত। ভারতের স্কোর তখন ১ ওভারে ৪৭-১। চাপ না নিয়ে পেস ও স্পিন দুইয়ের বিরুদ্ধেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। নিখুঁত শট নির্বাচনে ৮১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

টি-ব্রেকের পর কেএল রাহুল চোট পেয়ে ফিরলে দেবদত্ত একাই হাল ধরেন। রাহুলের সঙ্গে ১৫০ রানের জুটির পর শুভমন গিলকে সঙ্গী করে রানের গতি বজায় রাখেন। ৫৭তম ওভারে নুয়ান্থার বলে সিঙ্গল নিয়ে ১৩৪ বলে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন।

অভিষেকের দু'বছর পর শতরান পাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে স্বাধীনতা দিবসের দিনে টেস্ট সেঞ্চুরি করে বিরল নজির গড়েন দেবদত্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫২ বলে ১০৮ রানে অপরাজিত তিনি। ইনিংসে রয়েছে ৯টি চার ও ১টি ছক্কা।

ছবি: সৌজন্যে ফেসবুক।
কাউন্সেলিং শুরু হওয়ার পর আর ইডব্লিউএস ক্যাটাগরি দাবি করা যাবে না, রায় কলকাতা হাইকোর্টের*

*কলকাতা:* নিট-ইউজি ২০২৬-এর ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, যেসব পরীক্ষার্থী সাধারণ আনরিজার্ভড বা ওবিসি-এনসিএল ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, তাঁরা ফলপ্রকাশ ও কাউন্সেলিং শুরু হওয়ার পরে আর অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরির সংরক্ষণ দাবি করতে পারবেন না।

বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, কাউন্সেলিংয়ের মাঝপথে এসে কোনও প্রার্থীকে ক্যাটাগরি বদলের সুযোগ দিলে তা ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়ম-শৃঙ্খলাকে ব্যাহত করবে। আদালতের মতে, আবেদনের সময়েই প্রার্থীদের ক্যাটাগরি নির্ধারণ করে দিতে হয়। ফল বেরোনোর পর বা কাউন্সেলিং শুরু হওয়ার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না।

এই রায়ের ফলে নিট-ইউজি ২০২৬-এর কাউন্সেলিংয়ে অংশ নেওয়া হাজার হাজার পরীক্ষার্থীর ক্ষেত্রে নিয়ম আরও কঠোর হল। আদালত জানিয়েছে, সংরক্ষণের সুবিধা নিতে হলে আবেদনপত্র জমা দেওয়ার সময়েই যথাযথ নথি সহ ইডব্লিউএস ক্যাটাগরি উল্লেখ করতে হবে। পরবর্তীতে কোনও দাবি গ্রাহ্য হবে না।

শিক্ষা মহলের মতে, এই নির্দেশ ভর্তি প্রক্রিয়ায় বিভ্রান্তি কমাবে এবং মেধা তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে।
ওয়াভরে শুরু হল হকি বিশ্বকাপ, উদ্বোধন বেলফিয়াস হকি এরিনাতে
*খেলা*


*স্পোর্টস ডেস্ক :* শনিবার থেকে শুরু হল ছেলেদের হকি বিশ্বকাপের মেগা টুর্নামেন্ট। এবারের ফাইনাল বসছে বেলজিয়ামের একেবারে নতুন স্টেডিয়াম বেলফিয়াস হকি এরিনাতে।

একটা সময় ছিল যখন বেলজিয়ামের নিজস্ব কোনও জাতীয় হকি স্টেডিয়ামই ছিল না। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার ৫ বছর এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ৮ বছর পর অবশেষে পরিকাঠামোগত স্বীকৃতি পেল দেশটি। সদ্য এপ্রিল মাসে উদ্বোধন হয়েছে ওয়াভরের এই স্পোর্টস কমপ্লেক্সের। এর আগে নিজেদের মাটিতে বিশ্বকাপ বা অলিম্পিক দেখা বেলজিয়ামের খেলোয়াড়দের কাছে ছিল কল্পনার অতীত।

এবার সেই স্বপ্নই বাস্তব। নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করছে বেলজিয়াম। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল হবে এই নতুন বেলফিয়াস হকি এরিনাতেই।

হকিপ্রেমীদের কাছে দিনটি ঐতিহাসিক। কারণ যে দেশ একসময় বড় টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবতেই পারত না, সেই দেশই এখন বিশ্ব হকির সবচেয়ে বড় মঞ্চের আয়োজক।
 
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে শুধু খেলা নয়, বেলজিয়ামের হকির উত্থানের গল্পও সামনে আসছে। নতুন স্টেডিয়াম, ঘরের মাঠের সমর্থন এবং বিশ্বচ্যাম্পিয়ন তকমা নিয়ে নামছে স্বাগতিকরা।

*ছবি: সংগৃহীত।*
ঘোজাডাঙ্গা সীমান্তে স্বাধীনতা দিবসে সৌহার্দ্যের ছবি, মিষ্টি বিনিময় বিএসএফ-বিজিবির

*সংবাদদাতা,বসিরহাট:* ৮০তম স্বাধীনতা দিবসে
বসিরহাটের ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে ধরা পড়ল সৌহার্দ্যের অনন্য ছবি। শনিবার জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আধিকারিকরা একে অপরের হাতে মিষ্টি তুলে দেন।

সকালে বিএসএফের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিএসএফ, ইমিগ্রেশন, শুল্ক দপ্তর ও ঘোজাডাঙ্গা কার্গো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থলবন্দর ও ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন। পাল্টা বাংলাদেশের পক্ষ থেকেও মিষ্টি দেওয়া হয় ভারতীয় প্রতিনিধিদের।

কাঁটাতার ও কড়া নিরাপত্তার মাঝেও এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের উষ্ণতা ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ-এর সভাপতি জয়দেব সরকার, সম্পাদক মিহির ঘোষ, সহ-সভাপতি বাপি বিশ্বাস সহ অন্যান্যরা। বসিরহাট দক্ষিণের ২০২৬ সালের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জিও কর্মীদের সঙ্গে সীমান্তে গিয়ে বিজিবি আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

ভারত-বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ঘোজাডাঙ্গায় প্রতিদিন পণ্য পরিবহণ ও প্রশাসনিক কাজ চলে। স্বাধীনতা দিবসে সেই পারস্পরিক সম্পর্কেরই সৌহার্দ্যপূর্ণ রূপ দেখা গেল।

ছবি ও লেখা: সৌমাভ মণ্ডল।
স্বাধীনতা দিবসে ব্যারাকপুরে তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

*নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর:* ৮০তম স্বাধীনতা দিবসে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি। ওয়ারলেস মোড় থেকে ১৫ নম্বর রেলগেট পর্যন্ত দীর্ঘ শোভাযাত্রা হয়।

এদিনের যাত্রায় নেতৃত্ব দেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক কৌস্তভ বাগচী, রাজেশ কুমার ও সুমিত্রা চট্টোপাধ্যায়। শতাধিক কর্মী-সমর্থক হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, "ভারতবর্ষের বিভিন্ন জেলায় মাওবাদ উন্নয়নকে ব্যাহত করেছিল। এখন ভারতবর্ষ মাওবাদী মুক্ত।"

তিনি আরও বলেন, "এখানে অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় মৌলবাদকে মদত দিচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে।"

দেশভক্তিমূলক স্লোগান ও জাতীয় পতাকায় রঙিন হয়ে ওঠে ব্যারাকপুরের রাস্তা। নিরাপত্তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন ছিল। ছবি: প্রবীর রায়।
ইডেনে সিএবি-র স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন সৌরভের

*নিজস্ব প্রতিনিধি,কলকাতা*: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস আজ ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস প্রাঙ্গণে উদযাপন করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শ্রম ও পরিবহণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং, কৃষি বিপণন এবং এমএসএমই ও বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সহ-সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস প্রমুখ। বি: সৌজন্যে সিএবি।
রেড রোডে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ,নতুন সরকারের প্রথম অনুষ্ঠান*

*কলকাতা, ১৫ আগস্ট*: দেশের ৮০তম স্বাধীনতা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল কলকাতার রেড রোডে। এবছর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এটাই ছিল প্রথম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।সকাল ৯ টা ৩৪ মিনিটে রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এবার মোট ১১টি ট্যাবলো রেড রোডে প্রদর্শিত হয়। থিম ছিল কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণ প্রকল্প।
ট্যাবলোতে তুলে ধরা হয়,অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিজেপি সরকারের চালু করা বিভিন্ন নতুন প্রকল্প,জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও অবদান,কলকাতা পুরসভার পরিষেবা ও সড়ক সুরক্ষা। এদিন মোট ১০টি দপ্তর , জনস্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, পঞ্চায়েত সহ - তাদের প্রকল্প নিয়ে ট্যাবলো সাজায়। আগের বছরগুলোতে ৩-৪টি ট্যাবলো হত, এবার সংখ্যা বাড়ানো হয়েছে।এছাড়াও এদিনের অনুষ্ঠানে কুচকাওয়াজ, স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। নিরাপত্তার জন্য গোটা রেড রোডে কড়া ব্যবস্থা ছিল।প্রশাসনের এক আধিকারিক জানান, "এটি নতুন সরকারের প্রথম স্বাধীনতা দিবস। তাই অনেক চমক ছিল"। ছবি:সংগৃহীত।
১৩৫তম ডুরান্ড কাপ: কোয়ার্টারে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কলকাতায়ই খেলা
*খেলা*
*কলকাতা*: ১৩৫তম ডুরান্ড কাপের গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করল কমিটি। প্রত্যাশামতো নকআউটে জায়গা করে নিয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। দুই দলই খেলবে যুবভারতীতে।

*এক নজরে কোয়ার্টার ফাইনাল*
গ্রুপ চ্যাম্পিয়ন ৬টি দল এবং বেস্ট রানার্স আপ হিসেবে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি মিলিয়ে মোট ৮টি দল শেষ আটে উঠেছে। ম্যাচ হবে ১৬ ও ১৭ অগস্ট।

*কোয়ার্টার ফাইনালের সূচি*

1. *প্রথম কোয়ার্টার* 
   *স্পোর্টিং ক্লাব দিল্লি বনাম ফুটবল ক্লাব রায়েনঙ্গদাই* 
   ১৬ অগস্ট, রবিবার, বিকেল ৪টে | বীরসা মুন্ডা স্টেডিয়াম, রাঁচি
2. *দ্বিতীয় কোয়ার্টার* 
   *ইন্ডিয়ান আর্মি বনাম ইস্টবেঙ্গল* 
   ১৬ অগস্ট, রবিবার, সন্ধ্যা ৭টা | যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
3. *তৃতীয় কোয়ার্টার* 
   *মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি* 
   ১৭ অগস্ট, সোমবার, বিকেল ৪টে | যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
4. *চতুর্থ কোয়ার্টার* 
   *শিলং লাজং এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি* 
   ১৭ অগস্ট, সোমবার, সন্ধ্যা ৭টা | জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং

*কোথায় দেখবেন* 
সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে সোনি স্পোর্টস টু চ্যানেলে। অনলাইনে দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে।