*সোহরাব সিং তালওয়ারের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়*

খেলা

স্পোর্টস ডেস্ক:: রাউন্ডগ্লাস গল্ফ অ্যাকাডেমি-র সোহরাব সিং তালওয়ার আইজিইউ নর্দার্ন ইন্ডিয়া জুনিয়র বয়েজ চ্যাম্পিয়নশিপে বয়েজ ক্যাটেগরি সি-র শিরোপা জিতেছেন।

চণ্ডীগড় গল্ফ ক্লাবে ১৩ আগস্ট শেষ হওয়া এই টুর্নামেন্টে সোহরাব ৭৪-৭১-৭১, মোট ২১৬ লেভেল পার স্কোর করে ৩ শটে জয় পান।

দিল্লির শান আলভি ২১৯ স্কোর করে দ্বিতীয় এবং উত্তরপ্রদেশের কবীর গোয়েল ২১ স্কোর করে তৃতীয় স্থান পান। আরজিজিএ-র অন্য গল্ফার রুদ্রাজ দিওয়ান ২৫০ স্কোর করে ১৬তম হন।

চণ্ডীগড় গল্ফ ক্লাব ভিত্তিক রাউন্ডগ্লাস গল্ফ অ্যাকাডেমি ভারতের নম্বর-১ প্রো গল্ফার শুভঙ্কর শর্মার তত্ত্বাবধানে দেশের শীর্ষ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উঠে আসছে।

ছবি:সৌজন্যে অ্যাকাডেমি।

*কিয়ানের হ্যাটট্রিকে চাপ কাটাল মোহনবাগান, বিধাননগরকে ৩-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন*

খেলা

কলকাতা আই লিগ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কাস্টমসের পর কলকাতা লিগে টানা দুটি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান।বৃহস্পতিবার সেই চাপ অনেকটাই কাটিয়ে উঠল সবুজ-মেরুন শিবির। লিগে গ্রুপের তলানিতে থাকা বিধাননগর এমএস-কে ৩-০ গোলে হারাল তারা। ম্যাচের নায়ক কিয়ান নাসিরি। করলেন হ্যাটট্রিক।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করলেও অফসাইডের জন্য তা বাতিল হয়। ১৪ মিনিটে সুহেল ভাটের রক্ষণচেরা পাস থেকে প্রথম গোল করেন কিয়ান।

প্রথমার্ধে আরও একাধিক সুযোগ নষ্ট করে মোহনবাগান। তবে ৪৫ মিনিটে বিভানজ্যোতি লস্করের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিয়ান।

দ্বিতীয়ার্ধে বিধাননগরের তেমন কোনও আক্রমণ ছিল না। ৬৫ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন কিয়ান এবং জয় নিশ্চিত করে দেন মোহনবাগানের।এই জয়ের ফলে লিগ টেবিলে কিছুটা স্বস্তি ফিরল মোহনবাগান শিবিরে।

ছবি:সংগৃহীত।

*এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত, ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার ফেডারেশনের*

খেলা

স্পোর্টস ডেস্ক : আশঙ্কাই সত্যি হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাকে জানিয়ে দিয়েছে, ভারতীয় দল প্রথমবারের এশিয়ান কাপে খেলতে পারবে না। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচকেই বেশি গুরুত্ব দিতে চায় ফেডারেশন। ফলে এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত।

দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরের দেশগুলির মধ্যে ভারত এই ফিফা এশিয়ান কাপের অন্যতম আমন্ত্রিত দল ছিল। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে এক গ্রুপে ছিল ভারত। গ্রুপের সেরা দলগুলি ৩ অক্টোবর ডিভিশন ১ ফাইনাল খেলবে। অথচ ওই একই দিনে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে খেলার কথা ভারতের।

সূত্রের খবর, এশিয়ান কাপের চেয়ে ব্রাজিল ম্যাচকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। তারা চেয়েছিল ব্রাজিল ম্যাচে প্রথম সারির দল এবং এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠাতে। কিন্তু ফিফা সেই প্রস্তাবে রাজি হয়নি। মতের অমিলের কারণেই নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ইতিমধ্যেই ফিফাকে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, গত ৩ বছরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিরুদ্ধে ভারত ৪ বার খেলেছে। ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে খেলার সুযোগ আসবে। কিন্তু ব্রাজিলের মতো দল ভারতে এসে খেলবে, এমন সুযোগ বারবার মিলবে না। তাঁর কথায়, খেলোয়াড়দের কাছে ব্রাজিলের বিরুদ্ধে খেলা স্বপ্নের সমান। এতে দেশে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে।

ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে একটি দল সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে পারে। এশিয়ান কাপের পর ভারত একটি প্রীতি ম্যাচ আয়োজন করবে। আরও দুটি দলের সঙ্গে ম্যাচের চেষ্টা চলছে। শোনা যাচ্ছে, কেপ ভার্দেকে খেলার আমন্ত্রণ জানাতে পারে ফেডারেশন।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর অন্তত ৩০ দিন আগে নাম প্রত্যাহার করলে ফিফা ডিসিপ্লিনারি কমিটি সর্বনিম্ন ১৫ হাজার সুইস ফ্রাঁ, ভারতীয় মূল্যে প্রায় ১৭ লক্ষ টাকা জরিমানা করতে পারে। তবে স্রেফ ব্রাজিল ম্যাচের জন্য প্রতিযোগিতা থেকে সরে যাওয়া আদৌ ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষণ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

ছবি:AI নির্মিত।

*নিউটাউন কনভেনশন সেন্টারে ‘বিভাজনের বিভীষিকা’ প্রদর্শনীর উদ্বোধন*

নিজস্ব প্রতিনিধি: আজ নিউটাউন কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ‘বিভাজনের বিভীষিকা’ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। প্রদর্শনীতে দেশভাগের সময়ের দুঃসহ স্মৃতি, নথি ও ছবির মাধ্যমে সেই সময়ের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। অন্যদিকে,নৈহাটির বঙ্কিমভবনে শতকণ্ঠে বন্দে মাতরম পরিবেশনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন।

ছবি:সৌজন্যে তথ্য ও সংস্কৃতি বিভাগ, উত্তর ২৪ পরগনা।

নৈহাটির ঘটনায় ক্ষোভ, 'জনরোষের শিকার সনৎ দে' - মন্তব্য মন্ত্রী অর্জুন সিং এর

*প্রবীর রায়* : উত্তর ২৪ পরগনার নৈহাটির প্রাক্তন তৃণমূল  বিধায়ক সনৎ দে-র ওপর হামলার ঘটনায় সরব হলেন বিজেপি নেতৃত্ব। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী অর্জুন সিং অভিযোগ করেন, "যা অত্যাচার সনৎ দে করেছে, মানুষ যা করেছে আমি মনে করি তা কম হয়েছে।"

মন্ত্রীর দাবি করেন, সনৎ দে-র বিরুদ্ধে "মেয়েদের ওপরে অত্যাচার, মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর"-এর অভিযোগ রয়েছে। তিনি বলেন, "তাদের মা, বিধবা বাবাকে মেরেছে। আমাদের কর্মী জিনিয়ার বাড়িতে কী কাণ্ড করেছে, ভাবতে পারবে না।"

তাঁর কথায়, "এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ওকে মানুষ যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি।"

বক্তব্যে তিনি বিষ্ণু অধিকারীর নামও তোলেন। অভিযোগ, "একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও দেয় নি। লোকটা বাড়িতে মারা গেল।"

তিনি বলেন, "এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই ক্রিমিনাল মিস্টু কোর্টে হাজিরা দিয়েছে।তিনটে-চারটে-পাঁচটা কেস আছে। ভাবছে এই ফিরে এলাম। মূর্খের স্বর্গে বাস করছে।"

তাঁর মতে, "বাংলার মানুষ কোনোভাবেই এদের ফিরে আসার জায়গা দেবে না। আজকে সনাতনীরা বুঝে গেছে দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজা, ঠাকুরের মন্দির ক্ষণ বাঁচতে পারে।"
তিনি আরও বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মাইক্রো লেভেলে মনিটরিং করছেন, আমাদের প্রতিদিন জবাব দিতে হয়।" তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "ব্যারাকপুরের মাটি তো রিঅ্যাকশনেরই মাটি। রিঅ্যাকশন হবে। যারা অত্যাচার করেছে, সাধারণ মানুষ কেন চুপ করবে? সাধারণ মানুষের বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সবটাই এদের বরদাস্ত করতে হবে।"
উল্লেখ্য,আজ সকালে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে  পুলিশ এলাকায় নিয়ে গেলে প্রবল বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। নৈহাটির ৬ নং বিজয়নগরে ঘটনা।চোর চোর স্লোগান উঠে। ছবি ও লেখা: প্রবীর রায়।
তৃণমূল আমলে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ হাইকোর্টের, ‘সাধারণ’ হিসেবে বিবেচিত হবেন আবেদনকারীরা

*নিজস্ব প্রতিনিধি, কলকাতা:* তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংয়ের ডিভিশন বেঞ্চ জানায়, ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন এখন আর নেই। ফলে এই ধরনের শংসাপত্রের কোনও বৈধতা নেই। যাঁদের কাছে এই শংসাপত্র রয়েছে, তাঁরা এখন থেকে ‘সাধারণ শ্রেণি’ হিসেবেই গণ্য হবেন।

২০১০ সালের পর রাজ্যের ওবিসি সম্প্রদায়কে ওবিসি-এ ও ওবিসি-বি — দুই ভাগে ভাগ করা হয়েছিল। তৃণমূলের আমলে শংসাপত্র দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৪ সালে এই মামলায় হাইকোর্ট নতুন ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেয় এবং নতুন করে সমীক্ষার নির্দেশ দেয়। সেই নির্দেশ সুপ্রিম কোর্টেও বহাল থাকে।

এরপর রাজ্য সরকার নতুন সমীক্ষা করে ওবিসি-এ ও ওবিসি-বি তালিকায় বদল আনে। মাত্র আড়াই হাজার নমুনার ভিত্তিতে সমীক্ষা হয়েছে এবং ১৪২টি জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলে হাইকোর্ট। রাজ্য ফের সুপ্রিম কোর্টে গেলেও স্থগিতাদেশ মেলেনি। ফলে নতুন নিয়মেই শংসাপত্র দেওয়া চলছিল। বুধবার সেই নতুন শংসাপত্রগুলিও বাতিল করল আদালত।

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর বিজেপি ওবিসি-এ ও ওবিসি-বি তুলে দিয়ে একটিই সংরক্ষণের কথা বলে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের করা মামলাও পরে তুলে নেওয়া হয়।

আদালতের এই রায়ের ফলে নতুন করে শংসাপত্র পাওয়া আবেদনকারীরা সমস্যায় পড়লেন। বিভিন্ন নিয়োগ নিয়ে যে জটিলতা ছিল, তা কাটবে বলেই মনে করা হচ্ছে।
গ্রেফতারি এড়াতে ফের হাইকোর্টে সুমিত রায়, জরুরি শুনানির আবেদন খারিজ
*নিজস্ব প্রতিনিধি, কলকাতা:* গ্রেফতারি এড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়। বুধবার তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি জানান, দ্রুত শুনানির জন্য মামলাগুলি তালিকার শীর্ষে নিয়ে আসা সম্ভব নয়।

আদালতের এই মন্তব্যের পর সুমিতের আইনজীবী বলেন, "এর মধ্যে সুমিত রায়কে গ্রেফতার করা হলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করব আমরা"।

সিআইডি সুমিতের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে। এর মধ্যে দু’টি মামলায় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন তিনি। এরপর ভবানী ভবনে গিয়ে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আরও ৪টি মামলা হয়েছে। সেই মামলাগুলিতে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়েই হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেছিলেন সুমিত রায়।
খেলা ডুরান্ড কাপ: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়ান আর্মি এফটি-র বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মহমেডান স্পোর্টিং*
*কলকাতা, ১১ অগস্ট ২০২৬:* ডুরান্ড কাপ ২০২৬-এর গ্রুপ বি-র শেষ ম্যাচে বুধবার, ১২ আগস্ট কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান আর্মি এফটি-র মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ক্লাব। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গ্রুপ পর্বে এটি মহমেডানের শেষ লড়াই। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে ৩ পয়েন্টই লক্ষ্য সাদা-কালো ব্রিগেডের। তাই জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করতে মরিয়া দল।

টুর্নামেন্টের শুরুটা ভালো করেছিল মহমেডান। প্রথম ম্যাচে এফসি বনারস বাগপতকে বড় ব্যবধানে হারায় তারা। তবে দ্বিতীয় ম্যাচে সমলেশ্বরী এসসি-র কাছে অল্পের জন্য হেরে যায়।

আগের ম্যাচের ধাক্কা কাটিয়ে ইন্ডিয়ান আর্মি এফটি ম্যাচের জন্য পুরোদমে প্রস্তুতি নিয়েছে দল। ফুটবলাররা আত্মবিশ্বাসী এবং মাঠে সেই মনোভাব ফুটিয়ে তুলতে চান তাঁরা।

পরের রাউন্ডে জায়গা পাকা করতে শৃঙ্খলাবদ্ধ ও লড়াকু ফুটবলই ভরসা মহমেডানের। জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না কোচ ও ফুটবলাররা। *ছবি:সঞ্জয় হাজরা।*
*"হর ঘর তিরঙ্গা" পৌঁছে গেল প্রতিটি দ্বীপে*

সুন্দরবনের নদীবেষ্টিত দ্বীপগুলিতে "হর ঘর তিরঙ্গা"র বার্তা পৌঁছে দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।প্রতিটি, প্রতিটি ঘর, একটাই তিরঙ্গা।

 ছবি: সৌজন্যে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ।

খেলা* *ডুরান্ডে দাপট মোহনবাগানের, সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে সবুজ-মেরুন*

*স্পোর্টস ডেস্ক*: ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ৩ ম্যাচে ১৫ গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মোহনবাগান। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে সিআইএসএফ প্রোটেক্টর্সকে ৬-০ গোলে হারাল তারা। এর আগে ইস্টবেঙ্গলকে ১-০ এবং সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে হারিয়েছিল জোসে মোলিনার দল।

এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান। ১৭ মিনিটে দেজান দ্রাজিচের বাড়ানো বলে অভিষেক সিং এর পাস থেকে প্রথম গোল করেন সাহাল সামাদ। ২ মিনিট পর ফের দ্রাজিচের অ্যাসিস্টে ফাঁকা গোলে ব্যবধান বাড়ান তিনি। ২৪ মিনিটে অভিষেকের ক্রস থেকে গোল করেন মনবীর সিং। ৩৭ মিনিটে রক্ষণের ভুলের সুযোগে দু’বার ড্রিবল করে মহম্মদ খালিদকে কাটিয়ে হ্যাটট্রিক পূরণ করেন সাহাল।

দ্বিতীয়ার্ধে ৪ জন ফুটবলার বদল করেন কোচ পানাজিয়োটিস দিমপেরিস। ৭০ মিনিটে মাঠে নেমেই সাহালের পাস থেকে জোরালো শটে গোল করেন জেমি ম্যাকলারেন। ম্যাচের ৮৩ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে বাঁ দিক কেটে দলের শেষ গোলটি করেন অভিষেক সিং।

গোটা ম্যাচে সিআইএসএফ কোনও প্রতিরোধই গড়তে পারেনি। আরও কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত মোহনবাগানের।

*ছবি: সঞ্জয় হাজরা।*