*"গদ্দার" আখ্যা দিয়ে নৈহাটি-ভাটপাড়ায় পার্থ ভৌমিকের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ*
সংবাদদাতা, ব্যারাকপুর: তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে "গদ্দার" আখ্যা দিয়ে শুক্রবার নৈহাটি জুড়ে ছয়লাপ হল পোস্টারে।ভাটপাড়ার একাংশেও একই ধরনের পোস্টার পড়েছে। পার্থ ভৌমিকের ছবি দিয়ে পোস্টারে বড় করে লেখা "এই গদ্দার থেকে সাবধান"। পোস্টারের নিচে উল্লেখ রয়েছে, "সৌজন্যে: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দ"।কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
পোস্টার ইস্যুতে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বীজপুরের বিজেপির বিধায়ক সুদীপ্ত দাস।সুদীপ্ত দাস বলেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের শোচনীয় পরাজয় হয়। চারিদিকে কর্মীরা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন। তবুও অর্জুন সিং এলাকা ছেড়ে পালিয়ে যাননি। উল্টে তাঁর বাড়িতে কর্মীদের আশ্রয় দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ফের দলের পরাজয় ঘটে। তথাপি এলাকায় থেকে দলীয় নেতা অর্জুন সিং আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। এটাই দলের প্রতি ভালোবাসা।"
পোস্টার প্রসঙ্গে তাঁর সাফ জবাব, "অন্য দলের নেতারা কেমন, সেটা আমার জানা নেই। তবে কে বেইমান, কেন বেইমান, যারা পোস্টার মেরেছেন তারাই ভালো বলতে পারবেন।"
পোস্টারকে ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

ছবি ও লেখা: প্রবীর রায়।
Aug 08 2026, 15:16
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k