দত্তপুকুরে গাড়ি থেকে বিস্ফোরক ও নিষিদ্ধ রাসায়নিক উদ্ধার, গ্রেফতার ১
*বারাসাত, উত্তর ২৪ পরগনা:* উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং নিষিদ্ধ রাসায়নিক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার রাতে দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ওই সামগ্রী উদ্ধার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), এনএসজি, এসটিএফ এবং ফরেনসিক দল। এই ঘটনায় স্থানীয় এক বাইক শোরুমের মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক সামগ্রী রয়েছে, এমন গোপন খবর আগে থেকেই ছিল এসটিএফ-এর কাছে। সেই সূত্র ধরেই গাড়িটির উপর নজরদারি শুরু হয়। বুধবার রাতে গাড়িটি আটক করে তার মালিক রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ, লোহার জালকাঠি-সহ বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া বিস্ফোরক এবং রাসায়নিক নিয়ে কলকাতার দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। নাশকতামূলক কাজে তা ব্যবহারের ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি ও কার্যক্ষমতা পরীক্ষা করে দেখছে ফরেনসিক দল।
সূত্রের খবর ধৃত রাকিবুলকে বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। বিস্ফোরক কোথা থেকে এল, কার নির্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আর কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর এখনো অভিযুক্তকে দত্তপুকুর থানাতেই রাখা হয়েছে।
এই প্রসঙ্গে বারাসাত পুলিশ জেলার সুপার এম মার্সি বলেন, "তদন্ত চলছে। কেমন ধরনের বিস্ফোরক, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিটা তদন্তের পর বলা যাবে।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকিবুল প্রায় ১০ বছর আগে গাড়ি মেরামতির কাজ ছেড়ে বাইকের শোরুমের ব্যবসা শুরু করেন। বর্তমানে তেঁতুলতলা, বিড়া, দেগঙ্গার বেড়াচাঁপা-সহ বিভিন্ন এলাকায় তাঁর ৪ টি শোরুম রয়েছে। কয়েক বছর আগে আমডাঙায় তাঁরই একটি শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আগের সেই ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, গাড়িটি দু'দিন আগে থেকেই তেঁতুলতলা রোডে তাঁর শোরুমের পাশে রাখা ছিল।
*ছবি:অঙ্কিত মুখার্জি।*
Oct 26 2026, 15:25
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.5k