সমবায় ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর, মহিলা ক্ষমতায়নে জোর
*নিজস্ব সংবাদদাতা,মধ্যমগ্রাম, ৩১ আগস্ট:* উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মহিলা কো-অপারেটিভ সোসাইটির ৩৫তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আর্থিক সমৃদ্ধিতে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।
শুভেন্দু অধিকারীর কথায়, "মহিলাদের আর্থিক ক্ষমতায়নের মূলে সমবায়। আমরা চাই এই সমবায় ব্যাঙ্কের মর্যাদা পাক। কেন্দ্রের সঙ্গে রাজ্য সমবায়ে সেতুবন্ধনের কাজ করবে।"
এদিন সমবায় ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন তিনি। বলেন, "গত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। রাজ্যে গত ১৫ বছর সমবায়ে কোনও নির্বাচন হয়নি। সমবায় হল বিকল্প অর্থনীতি, আগের সরকার বোঝার চেষ্টা করেনি। বোঝাতে গেলেই বলতেন, আমি সব জানি। প্রায় দু'হাজার সমবায় কাজ করছে না।"
অন্যদিকে, এদিন অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং এসআইআর-এ নাম বাদ যাওয়ার অভিযোগ নিয়ে শতাধিক মহিলা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে জড়ো হন। তাঁদের অভিযোগ, পুরসভায় গেলে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
তবে এরই মধ্যে স্বপ্না দাস নামে এক বৃদ্ধা বলেন,"বাবা, বাবা, দাঁড়াও" বলে ডাকতেই থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী। স্বপ্নাদেবী তাঁকে আশীর্বাদ করে বলেন, "আমার অন্নপূর্ণা চাই না, বার্ধক্য ভাতাও চাই না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছি এতেই আমি ধন্য।"
এদিনের অনুষ্ঠানে মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষও উপস্থিত ছিলেন।
*ছবি:অঙ্কিত মুখার্জি।*
Aug 31 2026, 17:51
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.2k