গাইঘাটা এনকাউন্টারকে সমর্থন আর জি কর নির্যাতিতার মায়ের, তোপ তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে*
*উৎপল দাস, ব্যারাকপুর* : উত্তর ২৪ পরগনার গাইঘাটার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারকে প্রকাশ্যে সমর্থন জানালেন আর জি কর কাণ্ডের নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, নারীদের অসম্মানকারীদের বেঁচে থাকার অধিকার নেই।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি এই এনকাউন্টারকে সমর্থন করি। যারা নারীদের সম্মান করতে জানে না, যারা নারীকে ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করতে চায়, তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।"
একই সঙ্গে দুই মায়ের যন্ত্রণার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, "মা হিসেবে আমি কষ্ট পাই - ওই মেয়েটির মায়ের কষ্ট, আবার ওই ছেলেটির মায়ের কষ্টও। কিন্তু তিনি তার ছেলেকে মানুষ করতে পারেননি।"
*নিজের মেয়ের প্রসঙ্গ টেনে প্রশাসনকে নিশানা:*
নিজের মেয়ের ঘটনার প্রসঙ্গ টেনে তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, "আমাদের দাবি তো সবসময়ই আছে। তখনকার প্রশাসন অপরাধীদের আড়াল করতে যতটা তৎপর ছিল, কেন এই ঘটনা ঘটল তা খুঁজে বের করতে ততটা তৎপর হলে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হতো না। তখনই বিচার হয়ে যেত।"
তবে বর্তমান প্রশাসনের কাজে তিনি আশাবাদী বলেও জানান। তাঁর মন্তব্য, "বর্তমান প্রশাসন ঠিকভাবে কাজ করছে এবং তাতে আমার আরও সাহস বাড়ছে। আমরা বিচার পাব।"
*অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি:*
আর জি কর কাণ্ডে জড়িত বাকিদের ক্ষেত্রেও কি তিনি এনকাউন্টারের দাবি জানাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে বিধায়িকা বলেন, "আগে প্রশাসন ধরুক, প্রশাসন যা চাইবে তাই হবে, কিন্তু আমরা তাদের বাঁচতে দেব না। এখন নাম বলব না, সব সিবিআইকে বলে দিয়েছি। সবাই ধরা পড়বে এবং অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাবে।"
উল্লেখ্য, গাইঘাটার ঘটনার পর রাজ্যজুড়ে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আর জি কর নির্যাতিতার মায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
7 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2