পুজোর ছুটিতেও খোলা হাইকোর্ট, জরুরি মামলার জন্য বসল বিশেষ বেঞ্চ - নজিরবিহীন সিদ্ধান্ত প্রধান বিচারপতির
*কলকাতা* : শারদোৎসবের আনন্দের মধ্যেও বিচারপ্রার্থীরা যাতে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য নজিরবিহীন পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। প্রতি বছর দুর্গাপুজোর দীর্ঘ ছুটিতে আদালত বন্ধ থাকলেও এবার ২০২৬ সালের পুজো ভ্যাকেশনেও হাইকোর্ট সচল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।
এই মর্মে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পুজোর ছুটি চলাকালীন জরুরি মামলার শুনানির জন্য বিশেষ ভ্যাকেশন বেঞ্চ গঠন করা হয়েছে। চারটি পর্যায়ে ভাগ করে বিচারপতিদের রোস্টারও প্রকাশ করা হয়েছে।
*উৎসবেও বসবে আদালত*
প্রথম পর্যায়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পঞ্চমী থেকে বিজয়া দশমীতে ডিভিশন ও সিঙ্গল বেঞ্চে মামলা শুনবেন প্রধান বিচারপতি নিজে, বিচারপতি রবীন্দ্র ঘুগে, বিচারপতি মহম্মদ শব্বর রশিদী, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি পার্থ প্রতিম রায় এবং বিচারপতি পার্থ সারথী সেন।
দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একাদশী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বেঞ্চ সামলাবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি রবি কিষাণ কাপুর, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য, বিচারপতি সন্দীপ কুমার দে-সহ অন্যান্য বিচারপতিরা।
তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার ছুটিতেও আদালত খোলা থাকবে। সেই সময় বিচারপতি কৌশিক চন্দ, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি সৌগত ভট্টাচার্য, বিচারপতি রাজা বসু চৌধুরী-সহ অন্যান্য বিচারপতিরা জরুরি মামলার শুনানি করবেন।
বিজ্ঞপ্তিতে দুটি বিষয় স্পষ্ট করা হয়েছে। এক, ভ্যাকেশন বেঞ্চে শুধুমাত্র অত্যন্ত জরুরি এবং নিয়মিত বেঞ্চের অনুমতি পাওয়া মামলাই শোনা হবে। দুই, নির্ধারিত দিনের বাইরে অতি জরুরি মামলা দায়ের করতে হলে সংশ্লিষ্ট বিচারপতির ব্যক্তিগত সচিবের সঙ্গে ফোন বা ইমেলে যোগাযোগ করতে হবে। সেই জন্য বিশেষ নম্বরও দেওয়া হয়েছে।
আইনজীবী মহলের একাংশের মতে, উৎসবের মরসুমে সাধারণ মানুষের আইনি সহায়তার কথা মাথায় রেখে প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত যুগান্তকারী ও ঐতিহাসিক।
Oct 13 2026, 19:07
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.8k