চিংড়ি "বাগদা" থিমে ভোট উৎসব, নদীপথে সচেতনতার বার্তা বিশেষ উদ্যোগ সন্দেশখালিতে

সৌমাভ মন্ডল,বসিরহাট : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল বসিরহাট মহকুমা প্রশাসন। এবার জেলার ভোট সচেতনতার থিম ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘বাগদা’কে, যা ইতিমধ্যেই নজর কাড়ছে বিভিন্ন প্রান্তে। মূলতঃ বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখাঁ ও সন্দেশখালির মতো সুন্দরবনের ব্লক গুলিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী ও মৎস্যচাষের আধিক্য থাকায় এই থিম নির্বাচন করা হয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সংস্কৃতি ও জীবিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ মানুষের মধ্যে সহজেই সাড়া ফেলছে। বসিরহাটের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ একাধিক ব্লকে রায়মঙ্গল, বিদ্যাধরী ও গৌড়েশ্বরের মতো নদী গুলিতে এসভিইইপি প্রজেক্টের মাধ্যমে ভাসমান ক্যাম্প করে ইতিমধ্যেই এই থিমের প্রচার দেখা যাচ্ছে। আগামীতে বসিরহাটের ১০টি ব্লক ও ৩ পৌর এলাকাতেও নদীপথেও চলছে ভোট সচেতনতার প্রচার। নৌকায় করে মাইকিং, পোস্টার ও ম্যাসকটের মাধ্যমে ভোটারদের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত এলাকায়। এমনকি নৌপথে যারা নদী পারাপার করছে তাদের হাতে লিফলেট বিলি করে ভোটাধিকার সম্পর্কে জানানো হচ্ছে। সন্দেশখালি ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সর্বজিৎ তমাল বলেন, "ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে আকর্ষণীয় সেল্ফি পয়েন্ট। সেখানে ‘বাগদা’ ম্যাসকটের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন অনেকেই, যা ভোট উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলছে।" পাশাপাশি তিনি এও বলেন, "যারা নতুন ভোটার তাদেরকে ভোটাধিকার সম্পর্কে ও ভোট দানের গুরুত্ব সম্পর্কে বোঝাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।" প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ বাড়ছে বলেই মনে করছেন স্থানীয়রা। আগামী নির্বাচনে আরও বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ধরনের সৃজনশীল প্রচেষ্টা বলে মত বিশেষজ্ঞদের।
3 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k