২০৫ কলেজে ডিএলএড-বিএডে ভর্তিতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট
*কলকাতা:* বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অধীন শতাধিক কলেজে ডিএলএড ও বিএড কোর্সে (২০২৬-২৮) শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির উপর নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
২০৫টি কলেজের প্রয়োজনীয় পরিকাঠামো-সহ অন্যান্য সমস্যার কারণে চলতি শিক্ষাবর্ষে অ্যাফিলিয়েশন পুনর্নবীকরণ করেনি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি কলেজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন, যতদিন অ্যাফিলিয়েশন সংক্রান্ত সমস্যা রয়েছে, ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। তবে ১৫ দিনের মধ্যে কলেজগুলির বক্তব্য শুনে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়কে।
সরকারি আইনজীবী আদালতে জানান, রাজ্যের বিএড, ডিএলএড কলেজগুলির যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও রমরমিয়ে ব্যবসা চলছে। টাকার বিনিময়ে ছাত্র ভর্তি নিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে সিকিম সরকার রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে, ওখানকার ছাত্রছাত্রীরা পয়সা দিয়ে ডিগ্রি কিনছেন। সে ব্যাপারে রাজ্য ইতিমধ্যে অনুসন্ধানও করেছে। রাজ্যের সম্মান বাইরের রাজ্যের কাছে নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
রাজ্যের দেওয়া সেই চিঠি দেখার পর বিচারপতি নির্দেশে জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত যে সিদ্ধান্ত নিয়েছে, তা বহাল থাকবে।
কলেজগুলির পক্ষে আইনজীবীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভালো করে খতিয়ে না দেখেই এই নির্দেশ জারি করেছে। প্রতিটি কলেজের সমস্যা আলাদা। পরিকাঠামো-সহ অন্যান্য ক্ষেত্র ভালো করে যাচাই না করে সামগ্রিক নির্দেশ জারি করা যায় না। পাশাপাশি, ছাত্রছাত্রীদের স্বার্থও দেখা জরুরি।
কলেজগুলি জানায়, শো-কজের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বক্তব্য জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তাই এই বিধিনিষেধ তুলে নেওয়া হোক।
বিচারপতি নির্দেশে জানান, এই কলেজগুলির পরিকাঠামো-সহ অন্যান্য বিষয়ে তাদের বক্তব্য খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় যদি সন্তুষ্ট হয়, তবেই ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজগুলিকে ফের ভর্তির অনুমতি দিতে পারে।
অন্যদিকে, বিএড কলেজগুলিও একইভাবে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশ বহাল রেখে জানিয়েছে, প্রত্যেকটি কলেজকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শোকজ নোটিশের উত্তর দিতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে, এই কলেজগুলি চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে কি না।
9 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.9k