কালীপুজোয় বারাসাতে ২৬১৪ প্যান্ডেলে ৩০০০ পুলিশ, জানুন কোথা দিয়ে যাবেন, কোথায় গাড়ি রাখবেন
*নিজস্ব প্রতিনিধি, বারাসাত:* কালীপুজো মানেই বারাসাতে মানুষের ঢল। জেলা তো বটেই, কলকাতা ও ভিন জেলা থেকেও লাখ লাখ মানুষ আসেন। তাই এবার পুজোর আগেই নিরাপত্তা ও ট্রাফিক নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা ঘোষণা করল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট।
রবিবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ও ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার একসঙ্গে বিস্তারিত জানান। সাধারণ মানুষের সুবিধার জন্য রইল সম্পূর্ণ গাইড।
*১. কত পুজো, কত পুলিশ?*
বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে এ বছর মোট *২৬১৪টি পুজো প্যান্ডেল* রয়েছে।
এর মধ্যে বিগ বাজেটের পুজো *৩৯টি*।
- বারাসাত থানা এলাকায় *১৯টি*
- মধ্যমগ্রাম থানা এলাকায় *১০টি*
গত বছরের তুলনায় এ বছর ভিড় অনেক বেশি হবে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুজো নির্বিঘ্নে কাটাতে মাঠে থাকছেন *৩০০০-এর বেশি পুলিশ কর্মী*। এর মধ্যে রয়েছেন টেম্পোরারি হোমগার্ডরাও।
এছাড়াও থাকছেন *২ জন এসপি পদমর্যাদার অফিসার* ও *৪ জন অতিরিক্ত এসপি পদমর্যাদার অফিসার*।
পুলিশ সুপার জানান, সবাইকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা। বারাসাতবাসী যাতে নিরাপদে ও আনন্দে পুজো কাটাতে পারেন, সেটাই লক্ষ্য।
*২. কখন কী বন্ধ? ভারী গাড়ি ও টাকি রোডের নিয়ম*
আজ থেকে শুরু হচ্ছে ট্রাফিক রেস্ট্রিকশন।
*দুপুর ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ থাকবে।* একই সঙ্গে চলবে ট্রাফিক রেস্ট্রিকশন ও রোড ডাইভারশন।
টাকি রোডে দেওয়া হয়েছে বিশেষ নজর। সেখানে বেশি সংখ্যায় প্যান্ডেল থাকায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকছে।
*বিশেষ সিদ্ধান্ত: ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত টাকি রোডের পুজো প্যান্ডেলগুলি বন্ধ থাকবে।*
কারণ ভোর ৫টার পর থেকে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। কলকাতা থেকে গাড়ি আসবে, বসিরহাট থেকে টাকি রোড দিয়ে গাড়ি আসবে। অত্যাবশ্যকীয় পণ্য চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত।
> “সবজির গাড়ি যাবে, দুধের গাড়ি যাবে। এই জন্য এটা করা হয়েছে। ৮টার পর সব প্যান্ডেল আবার খুলে যাবে।” — পুলিশ সুপার
এই নিয়ম শুধু টাকি রোডের প্যান্ডেলের ক্ষেত্রেই প্রযোজ্য।
*৩. কলকাতা থেকে কৃষ্ণনগর যাবেন? বারাসাত এড়িয়ে যান*
কলকাতার দিক থেকে যাঁরা কৃষ্ণনগরের দিকে যাবেন, তাঁদের বারাসাত হয়ে না আসতে বলছে পুলিশ।
*পরামর্শ:* এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী দিয়ে কৃষ্ণনগর যান। এতে বারাসাতের ভয়ঙ্কর জ্যাম এড়ানো যাবে।
*৪. মধ্যমগ্রাম চৌমাথা: সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়*
*দেগঙ্গা, বসিরহাট, টাকি যাচ্ছেন:*
মধ্যমগ্রাম চৌমাথা থেকে রাইট টার্ন করে বাদু, কাঞ্চনতলা হয়ে ধর্মতলা মোড়ে এসে টাকি রোড থেকে রাইট টার্ন করে যাবেন।
*বসিরহাট, টাকি, দেগঙ্গা থেকে আসছেন:*
ধর্মতলা থেকে লেফট টার্ন করে বাদু, কাঞ্চনতলা হয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে এয়ারপোর্টের দিকে যাবেন।
*৫. ডাকবাংলো মোড়: ফোর হুইলার বন্ধ, বাইক কোথায় রাখবেন?*
ডাকবাংলো মোড়ে ফোর হুইলার রেস্ট্রিক্টেড থাকবে।
টু হুইলার নিয়ে এলে *১১ নম্বর রেলওয়ে সাইডিংয়ে* বাইক পার্ক করে ন্যাশনাল হাইওয়ের ওপরের পুজো, কলোনি মোড়, ফাইন ইয়ার কমপ্লেক্স, নবপল্লী কমপ্লেক্সের পুজো দেখতে পারবেন। পরে ১১ নম্বর রেলগেট থেকে বাইক নিয়ে বেরিয়ে যেতে পারবেন।
*৬. যশোর রোড খোলা, চাঁপাডালি মোড়ে নো এন্ট্রি*
জনসাধারণের সুবিধার জন্য *যশোর রোড পুরোপুরি উন্মুক্ত* রাখা হচ্ছে।
কিন্তু *চাঁপাডালি মোড়ে ফোর হুইলারের জন্য নো এন্ট্রি।*
টু হুইলার নিয়ে এলে *পূর্ব বারাসাত স্কুলে* বাইক রেখে পায়ে হেঁটে টাকি রোডের ঠাকুর দেখতে হবে। শ্রীকৃষ্ণপুরের বড় পুজোর ঠিক পরেই পোড়া ফ্যাক্টরির গ্রাউন্ডে পার্কিং করা যাবে।
*পূর্ব বারাসাত স্কুল থেকে পোড়া ফ্যাক্টরি — এর মাঝে কোনও বাইক, গাড়ি, টোটো, অটো চলবে না।* প্রত্যেকটা গলিতে নো এন্ট্রি। শুধুমাত্র মানুষ যাতে দুর্ঘটনামুক্তভাবে প্যান্ডেলে ঘুরতে পারে, তার জন্যই এই ব্যবস্থা।
*ভুল করে চাঁপাডালি চলে এলে:* সেখান থেকে যশোর রোড হয়ে যান। ন্যারো ব্রিজ থেকে রাইট টার্ন করে পীরগাছা হয়ে টাকি রোডে পড়তে পারবেন।
*৭. হেলা বটতলা মোড় ও কৃষ্ণনগর রোড*
হেলা বটতলা মোড় একদিকে ন্যাশনাল হাইওয়ে, অন্যদিকে ব্যারাকপুর রোডকে কানেক্ট করছে।
*ব্যারাকপুর রোড থেকে এলে:*
- ফোর হুইলার — আরিফবাড়িতে পার্ক করবেন
- টু হুইলার — হেলা বটতলা থেকে রাস্তার পাশে রোড সাইড পার্কিং
*কৃষ্ণনগর রোড থেকে এলে:*
- ফোর হুইলার পার্কিং — আর্দেবক রোডের আগে অব্দি
- টু হুইলার পার্কিং — ময়না অফিসের কাছে
কৃষ্ণনগর রোড থেকে এসে যশোর রোডে যেতে চাইলে আর্দেবক রোড হয়ে কাজীপাড়া হয়ে যশোর রোডে যাবেন। টাকি রোডে যেতে চাইলে ন্যারো ব্রিজ হয়ে টাকি রোডে যাবেন।
*৮. তিতুমীর বাস স্ট্যান্ড সরে যাচ্ছে, কোথায় পাবেন বাস?*
এবারের পুজোয় বারাসাত টাউনের তিতুমীর বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাচ্ছে।
- *নিউ বেদুইন ক্যাটারার, আরিফবাড়ি রোড* — ব্যারাকপুর রোডের দিকে
- *চারুডেন ফার্নিচার, আর্দেবক রোড* — কৃষ্ণনগর রোডের দিকে
- *রথতলা, যশোর রোডের ওপর*
- *গেঞ্জি মিল, যশোর রোড* — বনগাঁর দিকে যাওয়ার বাস
- *পোড়া ফ্যাক্টরি মাঠ* — সেখান থেকেও বাস ছাড়বে
৯. বড়মার পুজো: কলোনি মোড় থেকে আয়কর মোড় শুধু পায়ে হেঁটে
আজ কালীপুজো, ৮ এবং ৯ তারিখ বারাসাতের বড়মার কালীপুজো হয়।
তাই *কলোনি মোড় থেকে আয়কর মোড় পর্যন্ত রাস্তাটা শুধু সাধারণ মানুষের দর্শনের জন্য। মানুষ পায়ে হেঁটে যাবে।* ওখানে কোনওরকম গাড়ি, বাইক এন্ট্রি করতে দেওয়া হবে না।
*১০. পুলিশের আবেদন*
বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের ফেসবুক পেজে ডিটেল ভিডিও ও পথ নির্দেশিকা দেওয়া হচ্ছে। সেখানে পরিষ্কার বলা থাকবে কোথা অব্দি পার্কিং করতে পারবেন, কোথায় গাড়ি রেখে কোন কোন পুজো দেখতে পারবেন।
> “সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে, কোনও অসুবিধা ছাড়া এবারে পুজো দেখতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।” — অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক
*পুলিশের আবেদন:* পুজো দেখতে বেরিয়ে তাড়াহুড়ো করবেন না, নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখুন, ট্রাফিক নিয়ম মেনে চলুন, পুলিশকে সহযোগিতা করুন।
ছবি:অঙ্কিত মুখার্জি।
Nov 13 2026, 17:00
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1