সুমিত রায়কে ফৌজদারি মামলায় অন্তর্বর্তী সুরক্ষার আবেদন খারিজ  হাই কোর্টের *

কলকাতা :* তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে ফৌজদারি মামলায় অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকার করল কলকাতা হাই কোর্ট।

সুমিত রায় বর্তমানে একাধিক ফৌজদারি মামলায় হেফাজতে রয়েছেন। এবার আরও কয়েকটি মামলায়, যেগুলিতে তাঁকে এখনও গ্রেফতার দেখানো হয়নি, সেখানে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার মামলাটির শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। রাজ্যের তরফে সময় চাওয়া হলে বিচারপতি অন্তর্বর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, আবেদনে যে বিষয়গুলি তোলা হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে বিবেচনা করা প্রয়োজন। তাই এই পর্যায়ে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া যাবে না।
সুমিত রায়ের হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আপাতত অন্তর্বর্তী সুরক্ষার আর্জি জানিয়েছিলেন।মামলাটির পরবর্তী শুনানি আগামী সোমবার।
অভিষেকের নিরাপত্তা Z+ থেকে X-এ নামানো নিয়ে মামলা — রায় সংরক্ষিত করল হাই কোর্ট

*কলকাতা :* পশ্চিমবঙ্গে সরকার বদলের পরম⁵
নিরাপত্তা Z+ থেকে X ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। সোমবারে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য সরকারের কাছে জানতে চান, অভিষেকের তরফে একাধিকবার হামলার অভিযোগ জানিয়ে নিরাপত্তা বাড়ানোর আবেদন করা সত্ত্বেও কেন নতুন করে নিরাপত্তা পর্যালোচনা করা হল না। আদালতের প্রশ্ন, *“প্রশ্ন হল, আপনি আবেদন পেয়েছেন, ঘটনাগুলি ঘটেছে, এমন কোনও নিয়ম আছে কি যে ছয় মাসের আগে পর্যালোচনা কমিটির বৈঠক করা যাবে না?”* অভিষেকের অভিযোগ, নিরাপত্তা কমিয়ে দেওয়ার পর তাঁর এবং তাঁর পরিবারের উপর একাধিকবার হামলা হয়েছে। সেই ঘটনাগুলি জানিয়ে তিনি নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য পরবর্তী ছয় মাসের নিয়মিত পর্যালোচনার জন্য অপেক্ষা করছে।এই বিষয়েই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।
হাই কোর্টের কড়া নির্দেশে ফিরে এল বহরমপুরের হারিয়ে যাওয়া পুকুর

*কলকাতা :* দীর্ঘ ৬-৭ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ফিরে এল বহরমপুরের ১.৩৪ একর আয়তনের বিশাল পুকুরটি। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশে বেআইনিভাবে বুজিয়ে ফেলা জলাশয়টি পুনরুদ্ধার করল বহরমপুর পুরসভা। প্রায় দু'মাসের নিরলস চেষ্টায় পুকুরটির খনন ও সংস্কারের কাজ শেষ করে বৃহস্পতিবার হাই কোর্টে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে পুর কর্তৃপক্ষ।

*৪ শতকের অনুমতি নিয়ে গোটা পুকুর ভরাট*

বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এই জলাশয়টি নিয়ে জটিলতা শুরু হয়েছিল প্রায় ৭ বছর আগে। অভিযোগ ছিল, জমির মালিক মাত্র ৪ শতক জায়গার অনুমতি নিয়ে অবৈধভাবে গোটা পুকুরটাই ভরাট করে ফেলেছিলেন।

এই বেআইনি জলাভরাটের বিরুদ্ধে মামলা হলে ২০২৪ সালে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর (বিএলআরও) এবং পুরসভার যৌথ পরিদর্শনের রিপোর্টে পুকুর ভরাটের বিষয়টি প্রমাণিত হয়।

*আদালতের নির্দেশে মাঠে নামল পুরসভা*

২০২৪ সালে পুকুর সংস্কারের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি। ফলে মামলাকারী ফের হাই কোর্টের দ্বারস্থ হন। এর প্রেক্ষিতে গত ৩১ আগস্ট, ২০২৬ তারিখে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ পুকুরটি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

অভিযুক্ত পক্ষ এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেও কোনও লাভ হয়নি। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে দ্রুত পুকুর পুনরুদ্ধারের নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ কার্যকর করতে বিএলআরও ও পুলিশের সহযোগিতায় মাঠে নামে বহরমপুর পুরসভা। গত ৭ নভেম্বর, ২০২৬-এর মধ্যেই পুকুরটির খনন ও সংস্কারের যাবতীয় কাজ শেষ করা হয়।

*এখন থেকে রক্ষণাবেক্ষণ করবে পুরসভাই*

বৃহস্পতিবার হাই কোর্টে চূড়ান্ত রিপোর্ট পেশ করে পুরসভার আইনজীবী অরিন্দম দাস জানান, আদালতের নির্দেশ মেনেই বেআইনিভাবে ভরাট হওয়া জলাশয়টি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

পরে তিনি আরও জানান, প্রথমে জমিটি ব্যক্তিগত মালিকানায় থাকলেও, ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী বেআইনিভাবে জলা ভরাট করার ফলে এবং পরে পুরসভা তা পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ায়, বর্তমানে জলাশয়টি পুরসভার অধীন। এখন থেকে এর রক্ষণাবেক্ষণের কাজ পুরসভাই করবে।

পুকুর ভরাট করার জন্য সরকারের যে খরচ হয়েছে, সেই টাকা ওই মালিকের কাছ থেকে আদায় করার জন্য আইন মেনে তাঁকে নোটিসও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার আইনজীবী।
রাজনীতি থেকে দূরে একদিনের পারিবারিক উষ্ণতায় লকেট! দক্ষিণেশ্বরের বাড়িতে ভাইদের কপালে ফোঁটা দিলেন বিজেপি নেত্রী


*উৎপল দাস: দক্ষিণেশ্বর:* বছরের এই একটা দিন — কোনও মিটিং নেই, কোনও মিছিল নেই, কোনও রাজনৈতিক বক্তব্য নেই। আজকের দিনটা শুধুই পরিবারের।সেই চেনা ছবিই ধরা পড়ল দক্ষিণেশ্বরে লকেট চট্টোপাধ্যায়ের বাসভবনে। ভাই ফোঁটা উপলক্ষ্যে সকাল থেকেই বাড়িতে ছিল উৎসবের আমেজ।

নিজের হাতে আয়োজন সেরে ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিলেন লকেট। মঙ্গল কামনায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন, মুখে তুলে দিলেন মিষ্টি। ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করাই ছিল আজকের দিনের মূল প্রার্থনা।সারা বছর রাজ্য জুড়ে দলীয় কর্মসূচি, সভা-সমিতি আর সাংগঠনিক ব্যস্ততায় কাটে লকেট চট্টোপাধ্যায়ের। কিন্তু ভ্রাতৃদ্বিতীয়ার দিনে তিনি নিজেকে রাখলেন সম্পূর্ণ পারিবারিক পরিসরে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আজ সারাদিন তিনি বাড়িতেই থাকবেন। দুপুরের ভোজ থেকে বিকেলের আড্ডা — সবটাই পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন তিনি। এদিন বাড়ির পরিবেশ ছিল একেবারেই ঘরোয়া। সাজগোজে ছিল না কোনও রাজনৈতিক আড়ম্বর, ছিল বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।

সিনেমার পর্দা থেকে সংসদ, তারপর রাজ্য রাজনীতির প্রথম সারি — লকেট চট্টোপাধ্যায় বরাবরই জনপ্রিয় মুখ। তবে ভাই ফোঁটার দিনে তাঁর এই ঘরোয়া রূপ দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবি ঘিরে শুভেচ্ছার বন্যা। অনেকেই লিখেছেন, “রাজনীতির বাইরেও একজন দিদি, একজন বোন — এটাই আসল লকেট।”
টিটাগরে আগুনে পুড়েছে একাধিক বাড়ি, ঘটনাস্থলে মন্ত্রী, ক্ষতিপূরণের আশ্বাস

*নিজস্ব প্রতিনিধি:* কালীপুজোর রাতে হঠাৎ ই আগুন লেগে যায় টিটাগরের ৫নং ওয়ার্ডের বাঁশবাগানের একটি গুদামে।এই আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। কয়েকটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আবার কয়েকটি বাড়ির উপরের অংশ ধসে পড়েছে। সোমবার ব্যস্ত কর্মসূচির মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যের শ্রম ও পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। কথা বললেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে।ঘটনাস্থলে দাঁড়িয়ে মন্ত্রী জানান, কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ক্ষতির পরিমাণ কতটা, তা-ও নিরপেক্ষভাবে যাচাই করা হবে। তিনি বলেন,“কয়েকটা বাড়ি পুড়ে গেছে। কয়েকটা বাড়ি উপর থেকে ধসে গেছে। আমরা এসডিওকে দিয়ে একটা সার্ভে করিয়ে এসেছি। এরপর দমকলেরও একটা সার্ভে লাগবে।”তাঁর কথায়, দুই দফতরের রিপোর্ট মিলিয়ে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করা হবে। কার বাড়ির কতটা ক্ষতি হয়েছে, তা যাচাই করে সরকারের কাছে পাঠানো হবে। যাতে ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ পান।মন্ত্রী আরও জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই এসডিওর সঙ্গে তাঁর কথা হয়েছে। তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গেও কথা বলেন তিনি। কীভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সাহায্য করা যায়, তা নিয়ে আলোচনা করেন।ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ক্ষতির তদন্ত যেমন হবে, তেমনই ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হবে। *ছবি:উৎপল দাস।*
রাজ্যে ২০৫টি বিএড কলেজে ভর্তি বন্ধ, নিয়োগেও প্রভাব, সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ৫৭ কলেজ*

*কলকাতা:* রাজ্যে একসঙ্গে ২০৫টি বিএড কলেজে নতুন ভর্তি বন্ধ করে দেওয়া হল। তার জেরে থমকে গেছে ওই কলেজগুলিতে নিয়োগ প্রক্রিয়াও। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করল ৫৭টি কলেজ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা।কলেজগুলির অভিযোগ, কেন তাদের ভর্তি বন্ধ করা হল, সেই কারণ জানিয়ে কোনও স্পষ্ট নোটিস দেওয়া হয়নি।

উল্লেখ্য,২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কোন কলেজগুলি অ্যাফিলিয়েশন নবীকরণের যোগ্য নয়, তার একটি তালিকা প্রকাশ করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় থাকা কলেজগুলি সরকারের বেঁধে দেওয়া পরিকাঠামো ও প্রশাসনিক মানদণ্ড পূরণ করতে পারেনি। সেই কারণেই তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ করা হয়নি।নির্দেশ অনুযায়ী, এই ২০৫টি কলেজ ২০২৬-২৮ সেশনে বিএড কোর্সে কোনও নতুন পড়ুয়া ভর্তি করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজগুলি চাইলে পরিকাঠামো ও শিক্ষকের ঘাটতি মিটিয়ে ২০২৭-২৯ সেশনের জন্য আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

এর আগে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষাকে পণ্য হতে দেওয়া হবে না। শিক্ষার মান ধরে রাখতেই রাজ্য জুড়ে কড়া পরিদর্শন চালানো হচ্ছে। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর যৌথভাবে বিএড, আইটিআই, পলিটেকনিক ও ফার্মা কলেজগুলিতে পরিদর্শন শুরু করে।

প্রথম দফায় ১৫৬টি বিএড কলেজকে সরাসরি ভর্তির ছাড়পত্র দেওয়া হয়। মানদণ্ডে পিছিয়ে থাকা ৪১৫টি কলেজকে ২১ দিনের মধ্যে পরিকাঠামো ঠিক করার জন্য নোটিস পাঠানো হয়। এর মধ্যে ৯টি কলেজ কোনও জবাবই দেয়নি।এরপর নতুন পরিদর্শক দল পাঠিয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা চালানো হয়। তাতে ২৩৭টি কলেজ মানদণ্ড পূরণ করায় ৪ নভেম্বর থেকে তাদের ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।

কিন্তু চূড়ান্ত যাচাইয়ে দেখা যায়, বাকি ২০৫টি কলেজ এখনও প্রয়োজনীয় মান পূরণ করতে পারেনি। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে তাদের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলাকারী কলেজগুলির দাবি, পরিদর্শনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই। কী ঘাটতি রয়েছে, তা বিস্তারিতভাবে না জানিয়ে একতরফাভাবে ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা সমস্যায় পড়বেন।
১০৩ বছরে পদার্পণ করল নৈহাটির বড়মা, লক্ষ ভক্তের দণ্ডী কাটায় কাঁপল গঙ্গার পাড়

*প্রবীর রায়, নৈহাটি:* একশো তিন বছরে পা দিল নৈহাটির বড়মা। শতাব্দী পেরিয়ে আজও এই মায়ের টানেই ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ। কালীপুজো উপলক্ষে নৈহাটি এখন যেন একটাই নামে মেতে উঠেছে — বড় মা।

আজ কালীপুজো। কিন্তু উৎসব শুরু হয়ে গেছে গতকাল থেকেই। গতকাল থেকে এখনও পর্যন্ত গঙ্গায় স্নান সেরে, ভেজা কাপড়ে, ভক্তরা দণ্ডী কাটতে কাটতে আসছেন মায়ের মূর্তির সামনে।

গঙ্গা স্নান, তারপর দণ্ডী — এটাই বড় মায়ের রীতি। নৈহাটির বড় মায়ের কাছে মানতের সবচেয়ে বড় রীতি হল দণ্ডী কাটা। কেউ আসছেন মনস্কামনা নিয়ে, কেউ আসছেন মনস্কামনা পূর্ণ হওয়ার পর কৃতজ্ঞতা জানাতে।

ভোর থেকে রাত — গঙ্গার ঘাট থেকে মন্দির পর্যন্ত রাস্তায় শুধু দণ্ডী কাটা ভক্তদের সারি। কেউ একা, কেউ পরিবার নিয়ে। কারও পিঠে জলের ঘট, কারও হাতে ফুল-প্রসাদ। রোদ, ভিড়, ক্লান্তি — কিছুতেই থামছে না ভক্তি।

> “মা ডাকলে আসতেই হবে। মানত করেছিলাম, মা ফিরিয়ে দেননি। তাই আজ দণ্ডী কেটে মাকে প্রণাম করতে এলাম।” — বলছিলেন এক ভক্ত।

আরেক ভক্তের কথায়, “ছেলে চাকরি পেয়েছে, মেয়ের বিয়ে হয়েছে — সব মায়ের আশীর্বাদে। মাকে ভুলব কী করে?”

পুলিশ ও মন্দির কমিটির অনুমান, এবারও লক্ষাধিক মানুষের সমাগম হবে নৈহাটির বড় মায়ের মন্দিরে। নৈহাটি স্টেশন থেকে মন্দির পর্যন্ত, গঙ্গার ঘাট থেকে অলিগলি — সর্বত্র মানুষের ঢল। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা তো বটেই, ভিন রাজ্য থেকেও ভক্তরা আসছেন।

দোকানপাটে ভিড়, রাস্তায় আলোর মালা, মাইকে মায়ের গান — গোটা নৈহাটি এখন উৎসবমুখর। ভিড় সামলাতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি, ড্রোন, কন্ট্রোল রুম — সব দিক থেকে নজর রাখা হচ্ছে। গঙ্গার ঘাটে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল ও নৌকা। * ছবি: প্রবীর রায়*
কালীপুজোয় বারাসাতে ২৬১৪ প্যান্ডেলে ৩০০০ পুলিশ, জানুন কোথা দিয়ে যাবেন, কোথায় গাড়ি রাখবেন

*নিজস্ব প্রতিনিধি, বারাসাত:* কালীপুজো মানেই বারাসাতে মানুষের ঢল। জেলা তো বটেই, কলকাতা ও ভিন জেলা থেকেও লাখ লাখ মানুষ আসেন। তাই এবার পুজোর আগেই নিরাপত্তা ও ট্রাফিক নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা ঘোষণা করল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট।

রবিবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ও ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার একসঙ্গে বিস্তারিত জানান। সাধারণ মানুষের সুবিধার জন্য রইল সম্পূর্ণ গাইড।

*১. কত পুজো, কত পুলিশ?*

বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে এ বছর মোট *২৬১৪টি পুজো প্যান্ডেল* রয়েছে।

এর মধ্যে বিগ বাজেটের পুজো *৩৯টি*।
- বারাসাত থানা এলাকায় *১৯টি*
- মধ্যমগ্রাম থানা এলাকায় *১০টি*

গত বছরের তুলনায় এ বছর ভিড় অনেক বেশি হবে বলে আশঙ্কা করছে পুলিশ।

পুজো নির্বিঘ্নে কাটাতে মাঠে থাকছেন *৩০০০-এর বেশি পুলিশ কর্মী*। এর মধ্যে রয়েছেন টেম্পোরারি হোমগার্ডরাও।
এছাড়াও থাকছেন *২ জন এসপি পদমর্যাদার অফিসার* ও *৪ জন অতিরিক্ত এসপি পদমর্যাদার অফিসার*।

পুলিশ সুপার জানান, সবাইকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা। বারাসাতবাসী যাতে নিরাপদে ও আনন্দে পুজো কাটাতে পারেন, সেটাই লক্ষ্য।

*২. কখন কী বন্ধ? ভারী গাড়ি ও টাকি রোডের নিয়ম*

আজ থেকে শুরু হচ্ছে ট্রাফিক রেস্ট্রিকশন।

*দুপুর ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ থাকবে।* একই সঙ্গে চলবে ট্রাফিক রেস্ট্রিকশন ও রোড ডাইভারশন।

টাকি রোডে দেওয়া হয়েছে বিশেষ নজর। সেখানে বেশি সংখ্যায় প্যান্ডেল থাকায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকছে।

*বিশেষ সিদ্ধান্ত: ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত টাকি রোডের পুজো প্যান্ডেলগুলি বন্ধ থাকবে।*

কারণ ভোর ৫টার পর থেকে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। কলকাতা থেকে গাড়ি আসবে, বসিরহাট থেকে টাকি রোড দিয়ে গাড়ি আসবে। অত্যাবশ্যকীয় পণ্য চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত।

> “সবজির গাড়ি যাবে, দুধের গাড়ি যাবে। এই জন্য এটা করা হয়েছে। ৮টার পর সব প্যান্ডেল আবার খুলে যাবে।” — পুলিশ সুপার

এই নিয়ম শুধু টাকি রোডের প্যান্ডেলের ক্ষেত্রেই প্রযোজ্য।

*৩. কলকাতা থেকে কৃষ্ণনগর যাবেন? বারাসাত এড়িয়ে যান*

কলকাতার দিক থেকে যাঁরা কৃষ্ণনগরের দিকে যাবেন, তাঁদের বারাসাত হয়ে না আসতে বলছে পুলিশ।

*পরামর্শ:* এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী দিয়ে কৃষ্ণনগর যান। এতে বারাসাতের ভয়ঙ্কর জ্যাম এড়ানো যাবে।

*৪. মধ্যমগ্রাম চৌমাথা: সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়*

*দেগঙ্গা, বসিরহাট, টাকি যাচ্ছেন:*
মধ্যমগ্রাম চৌমাথা থেকে রাইট টার্ন করে বাদু, কাঞ্চনতলা হয়ে ধর্মতলা মোড়ে এসে টাকি রোড থেকে রাইট টার্ন করে যাবেন।

*বসিরহাট, টাকি, দেগঙ্গা থেকে আসছেন:*
ধর্মতলা থেকে লেফট টার্ন করে বাদু, কাঞ্চনতলা হয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে এয়ারপোর্টের দিকে যাবেন।

*৫. ডাকবাংলো মোড়: ফোর হুইলার বন্ধ, বাইক কোথায় রাখবেন?*

ডাকবাংলো মোড়ে ফোর হুইলার রেস্ট্রিক্টেড থাকবে।

টু হুইলার নিয়ে এলে *১১ নম্বর রেলওয়ে সাইডিংয়ে* বাইক পার্ক করে ন্যাশনাল হাইওয়ের ওপরের পুজো, কলোনি মোড়, ফাইন ইয়ার কমপ্লেক্স, নবপল্লী কমপ্লেক্সের পুজো দেখতে পারবেন। পরে ১১ নম্বর রেলগেট থেকে বাইক নিয়ে বেরিয়ে যেতে পারবেন।

*৬. যশোর রোড খোলা, চাঁপাডালি মোড়ে নো এন্ট্রি*

জনসাধারণের সুবিধার জন্য *যশোর রোড পুরোপুরি উন্মুক্ত* রাখা হচ্ছে।

কিন্তু *চাঁপাডালি মোড়ে ফোর হুইলারের জন্য নো এন্ট্রি।*

টু হুইলার নিয়ে এলে *পূর্ব বারাসাত স্কুলে* বাইক রেখে পায়ে হেঁটে টাকি রোডের ঠাকুর দেখতে হবে। শ্রীকৃষ্ণপুরের বড় পুজোর ঠিক পরেই পোড়া ফ্যাক্টরির গ্রাউন্ডে পার্কিং করা যাবে।

*পূর্ব বারাসাত স্কুল থেকে পোড়া ফ্যাক্টরি — এর মাঝে কোনও বাইক, গাড়ি, টোটো, অটো চলবে না।* প্রত্যেকটা গলিতে নো এন্ট্রি। শুধুমাত্র মানুষ যাতে দুর্ঘটনামুক্তভাবে প্যান্ডেলে ঘুরতে পারে, তার জন্যই এই ব্যবস্থা।

*ভুল করে চাঁপাডালি চলে এলে:* সেখান থেকে যশোর রোড হয়ে যান। ন্যারো ব্রিজ থেকে রাইট টার্ন করে পীরগাছা হয়ে টাকি রোডে পড়তে পারবেন।

*৭. হেলা বটতলা মোড় ও কৃষ্ণনগর রোড*

হেলা বটতলা মোড় একদিকে ন্যাশনাল হাইওয়ে, অন্যদিকে ব্যারাকপুর রোডকে কানেক্ট করছে।

*ব্যারাকপুর রোড থেকে এলে:*
- ফোর হুইলার — আরিফবাড়িতে পার্ক করবেন
- টু হুইলার — হেলা বটতলা থেকে রাস্তার পাশে রোড সাইড পার্কিং

*কৃষ্ণনগর রোড থেকে এলে:*
- ফোর হুইলার পার্কিং — আর্দেবক রোডের আগে অব্দি
- টু হুইলার পার্কিং — ময়না অফিসের কাছে

কৃষ্ণনগর রোড থেকে এসে যশোর রোডে যেতে চাইলে আর্দেবক রোড হয়ে কাজীপাড়া হয়ে যশোর রোডে যাবেন। টাকি রোডে যেতে চাইলে ন্যারো ব্রিজ হয়ে টাকি রোডে যাবেন।

*৮. তিতুমীর বাস স্ট্যান্ড সরে যাচ্ছে, কোথায় পাবেন বাস?*

এবারের পুজোয় বারাসাত টাউনের তিতুমীর বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাচ্ছে।

- *নিউ বেদুইন ক্যাটারার, আরিফবাড়ি রোড* — ব্যারাকপুর রোডের দিকে
- *চারুডেন ফার্নিচার, আর্দেবক রোড* — কৃষ্ণনগর রোডের দিকে
- *রথতলা, যশোর রোডের ওপর*
- *গেঞ্জি মিল, যশোর রোড* — বনগাঁর দিকে যাওয়ার বাস
- *পোড়া ফ্যাক্টরি মাঠ* — সেখান থেকেও বাস ছাড়বে

৯. বড়মার পুজো: কলোনি মোড় থেকে আয়কর মোড় শুধু পায়ে হেঁটে

আজ কালীপুজো, ৮ এবং ৯ তারিখ বারাসাতের বড়মার কালীপুজো হয়।

তাই *কলোনি মোড় থেকে আয়কর মোড় পর্যন্ত রাস্তাটা শুধু সাধারণ মানুষের দর্শনের জন্য। মানুষ পায়ে হেঁটে যাবে।* ওখানে কোনওরকম গাড়ি, বাইক এন্ট্রি করতে দেওয়া হবে না।

*১০. পুলিশের আবেদন*

বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের ফেসবুক পেজে ডিটেল ভিডিও ও পথ নির্দেশিকা দেওয়া হচ্ছে। সেখানে পরিষ্কার বলা থাকবে কোথা অব্দি পার্কিং করতে পারবেন, কোথায় গাড়ি রেখে কোন কোন পুজো দেখতে পারবেন।

> “সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে, কোনও অসুবিধা ছাড়া এবারে পুজো দেখতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।” — অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক

*পুলিশের আবেদন:* পুজো দেখতে বেরিয়ে তাড়াহুড়ো করবেন না, নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখুন, ট্রাফিক নিয়ম মেনে চলুন, পুলিশকে সহযোগিতা করুন।

ছবি:অঙ্কিত মুখার্জি।
বিএসএফ-এর জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ‘সীমা মিত্র’ পুরস্কার

*হিঙ্গলগঞ্জ, নিজস্ব প্রতিনিধি:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করে এবার রাজ্যের সীমান্তে পাহারায় থাকা বিএসএফ জওয়ানদের সঙ্গেই আলোর উৎসব উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীপাবলির দিনে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে পৌঁছে জওয়ানদের হাতে মিষ্টি ও প্রদীপ তুলে দিলেন তিনি। আর এই সীমান্ত সফর থেকেই জওয়ানদের মনোবল বাড়াতে একগুচ্ছ প্রতিশ্রুতি ও বিশেষ সম্মান জানানোর ঘোষণা করলেন তিনি।

পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, রবিবার সকালে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিবারের থেকে দূরে থাকা জওয়ানদের মুখে হাসি ফোটাতে নিজের হাতে তাঁদের মিষ্টিমুখ করান এবং প্রদীপ উপহার দেন।

ক্যাম্প পরিদর্শনে গিয়ে বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। প্রথমে জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে জওয়ানদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আগের সরকারের ভূমিকা নিয়ে ক্ষমা চান।তিনি বলেন, “কাজ আমাদের চলতে থাকবে। আগের সরকার বিএসএফ-এর সঙ্গে যে ব্যবহার করেছেন, তার জন্য আমি ক্ষমা চাইছি।”

বক্তব্যে গণতন্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক দেশে জনতা শেষ কথা।” স্বামী বিবেকানন্দের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে এগিয়ে যাও। পিছনে যা হয়েছে ছেড়ে দাও।”

সীমান্ত এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জমি দিয়েছি। অল্প সময়ে আমরা অনেক কাজ করেছি। বিকাশের কাজ আমরা শুরু করে দিয়েছি।”

একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশ সীমান্তে নতুন থানা তৈরি এবং কর্মী নিয়োগের কাজ করা হবে। তাঁর কথায়, “বাংলাদেশের সীমান্তে থানা তৈরি, কর্মী তৈরি করা, আমরা সব করব। দেশ আপনাদের কাছে শেষ কথা।”

এদিনের কর্মসূচিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ছিল ‘সীমা মিত্র’ পুরস্কার। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পরের বছর থেকে সীমা মিত্র করব। ২০২৭ সাল থেকে সীমা মিত্র পুরস্কার দেওয়া হবে বিএসএফ, এসএসবি, পুলিশকে।”তিনি আরও জানান, যাঁরা ভালো কাজ করবেন, তাঁদেরই এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রাপক বাছাইয়ের জন্য একটি স্বচ্ছ কমিটি থাকবে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী। তাঁদের কাজের প্রশংসা করেন এবং সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। *ছবি: তথ্য ও সংস্কৃতি দফতর উত্তর ২৪ পরগনা।*
মমতা-অভিষেককে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের: “দায়িত্ব দিলেই বুঝিয়ে দেব কত ধানে কত চাল”, ছটে ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী


*নিজস্ব সংবাদদাতা, জগদ্দল:* কালীপুজোর উদ্বোধনে এসে ফের বিস্ফোরক রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, কালীপুজো মিটলেই ছটপুজো উপলক্ষ্যে ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, জগদ্দল বিধানসভার অন্তর্গত পানপুর বালক বৃন্দের কালীপুজোর উদ্বোধন করেন মন্ত্রী অর্জুন সিং। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।অশুভ শক্তির বিনাশের ডাক দিয়ে মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কেউ বিশ্বাস করে না। উনি মিথ্যেবাদী।” এরপরই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্ব দিলেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।”

অন্যদিকে, ছটপুজো নিয়েও বড় ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, কালীপুজো মিটলেই ভাটপাড়ায় ছটপুজোয় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অর্জুন সিংয়ের দাবি, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছট মায়ের আশীর্বাদ রাজ্যে বিজেপি সরকার গড়ার পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে। তাই হাওড়া, ভাটপাড়ার মতো বিভিন্ন জায়গায় ছটপুজোতে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।”

শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় কালীপুজোর উদ্বোধন করছেন মন্ত্রী অর্জুন সিং। আজ পানপুর বালক বৃন্দের পুজো উদ্বোধনের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পুজো মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আগামী দিনে ছটপুজোকে কেন্দ্র করে ভাটপাড়ায় শুভেন্দু অধিকারীর সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। *ছবি:প্রবীর রায়।*