রাজ্যে ২০৫টি বিএড কলেজে ভর্তি বন্ধ, নিয়োগেও প্রভাব, সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ৫৭ কলেজ*

*কলকাতা:* রাজ্যে একসঙ্গে ২০৫টি বিএড কলেজে নতুন ভর্তি বন্ধ করে দেওয়া হল। তার জেরে থমকে গেছে ওই কলেজগুলিতে নিয়োগ প্রক্রিয়াও। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করল ৫৭টি কলেজ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা।কলেজগুলির অভিযোগ, কেন তাদের ভর্তি বন্ধ করা হল, সেই কারণ জানিয়ে কোনও স্পষ্ট নোটিস দেওয়া হয়নি।

উল্লেখ্য,২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কোন কলেজগুলি অ্যাফিলিয়েশন নবীকরণের যোগ্য নয়, তার একটি তালিকা প্রকাশ করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় থাকা কলেজগুলি সরকারের বেঁধে দেওয়া পরিকাঠামো ও প্রশাসনিক মানদণ্ড পূরণ করতে পারেনি। সেই কারণেই তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ করা হয়নি।নির্দেশ অনুযায়ী, এই ২০৫টি কলেজ ২০২৬-২৮ সেশনে বিএড কোর্সে কোনও নতুন পড়ুয়া ভর্তি করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজগুলি চাইলে পরিকাঠামো ও শিক্ষকের ঘাটতি মিটিয়ে ২০২৭-২৯ সেশনের জন্য আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

এর আগে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষাকে পণ্য হতে দেওয়া হবে না। শিক্ষার মান ধরে রাখতেই রাজ্য জুড়ে কড়া পরিদর্শন চালানো হচ্ছে। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর যৌথভাবে বিএড, আইটিআই, পলিটেকনিক ও ফার্মা কলেজগুলিতে পরিদর্শন শুরু করে।

প্রথম দফায় ১৫৬টি বিএড কলেজকে সরাসরি ভর্তির ছাড়পত্র দেওয়া হয়। মানদণ্ডে পিছিয়ে থাকা ৪১৫টি কলেজকে ২১ দিনের মধ্যে পরিকাঠামো ঠিক করার জন্য নোটিস পাঠানো হয়। এর মধ্যে ৯টি কলেজ কোনও জবাবই দেয়নি।এরপর নতুন পরিদর্শক দল পাঠিয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা চালানো হয়। তাতে ২৩৭টি কলেজ মানদণ্ড পূরণ করায় ৪ নভেম্বর থেকে তাদের ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।

কিন্তু চূড়ান্ত যাচাইয়ে দেখা যায়, বাকি ২০৫টি কলেজ এখনও প্রয়োজনীয় মান পূরণ করতে পারেনি। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে তাদের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলাকারী কলেজগুলির দাবি, পরিদর্শনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই। কী ঘাটতি রয়েছে, তা বিস্তারিতভাবে না জানিয়ে একতরফাভাবে ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা সমস্যায় পড়বেন।
১০৩ বছরে পদার্পণ করল নৈহাটির বড়মা, লক্ষ ভক্তের দণ্ডী কাটায় কাঁপল গঙ্গার পাড়

*প্রবীর রায়, নৈহাটি:* একশো তিন বছরে পা দিল নৈহাটির বড়মা। শতাব্দী পেরিয়ে আজও এই মায়ের টানেই ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ। কালীপুজো উপলক্ষে নৈহাটি এখন যেন একটাই নামে মেতে উঠেছে — বড় মা।

আজ কালীপুজো। কিন্তু উৎসব শুরু হয়ে গেছে গতকাল থেকেই। গতকাল থেকে এখনও পর্যন্ত গঙ্গায় স্নান সেরে, ভেজা কাপড়ে, ভক্তরা দণ্ডী কাটতে কাটতে আসছেন মায়ের মূর্তির সামনে।

গঙ্গা স্নান, তারপর দণ্ডী — এটাই বড় মায়ের রীতি। নৈহাটির বড় মায়ের কাছে মানতের সবচেয়ে বড় রীতি হল দণ্ডী কাটা। কেউ আসছেন মনস্কামনা নিয়ে, কেউ আসছেন মনস্কামনা পূর্ণ হওয়ার পর কৃতজ্ঞতা জানাতে।

ভোর থেকে রাত — গঙ্গার ঘাট থেকে মন্দির পর্যন্ত রাস্তায় শুধু দণ্ডী কাটা ভক্তদের সারি। কেউ একা, কেউ পরিবার নিয়ে। কারও পিঠে জলের ঘট, কারও হাতে ফুল-প্রসাদ। রোদ, ভিড়, ক্লান্তি — কিছুতেই থামছে না ভক্তি।

> “মা ডাকলে আসতেই হবে। মানত করেছিলাম, মা ফিরিয়ে দেননি। তাই আজ দণ্ডী কেটে মাকে প্রণাম করতে এলাম।” — বলছিলেন এক ভক্ত।

আরেক ভক্তের কথায়, “ছেলে চাকরি পেয়েছে, মেয়ের বিয়ে হয়েছে — সব মায়ের আশীর্বাদে। মাকে ভুলব কী করে?”

পুলিশ ও মন্দির কমিটির অনুমান, এবারও লক্ষাধিক মানুষের সমাগম হবে নৈহাটির বড় মায়ের মন্দিরে। নৈহাটি স্টেশন থেকে মন্দির পর্যন্ত, গঙ্গার ঘাট থেকে অলিগলি — সর্বত্র মানুষের ঢল। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা তো বটেই, ভিন রাজ্য থেকেও ভক্তরা আসছেন।

দোকানপাটে ভিড়, রাস্তায় আলোর মালা, মাইকে মায়ের গান — গোটা নৈহাটি এখন উৎসবমুখর। ভিড় সামলাতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি, ড্রোন, কন্ট্রোল রুম — সব দিক থেকে নজর রাখা হচ্ছে। গঙ্গার ঘাটে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল ও নৌকা। * ছবি: প্রবীর রায়*
কালীপুজোয় বারাসাতে ২৬১৪ প্যান্ডেলে ৩০০০ পুলিশ, জানুন কোথা দিয়ে যাবেন, কোথায় গাড়ি রাখবেন

*নিজস্ব প্রতিনিধি, বারাসাত:* কালীপুজো মানেই বারাসাতে মানুষের ঢল। জেলা তো বটেই, কলকাতা ও ভিন জেলা থেকেও লাখ লাখ মানুষ আসেন। তাই এবার পুজোর আগেই নিরাপত্তা ও ট্রাফিক নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা ঘোষণা করল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট।

রবিবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ও ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার একসঙ্গে বিস্তারিত জানান। সাধারণ মানুষের সুবিধার জন্য রইল সম্পূর্ণ গাইড।

*১. কত পুজো, কত পুলিশ?*

বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে এ বছর মোট *২৬১৪টি পুজো প্যান্ডেল* রয়েছে।

এর মধ্যে বিগ বাজেটের পুজো *৩৯টি*।
- বারাসাত থানা এলাকায় *১৯টি*
- মধ্যমগ্রাম থানা এলাকায় *১০টি*

গত বছরের তুলনায় এ বছর ভিড় অনেক বেশি হবে বলে আশঙ্কা করছে পুলিশ।

পুজো নির্বিঘ্নে কাটাতে মাঠে থাকছেন *৩০০০-এর বেশি পুলিশ কর্মী*। এর মধ্যে রয়েছেন টেম্পোরারি হোমগার্ডরাও।
এছাড়াও থাকছেন *২ জন এসপি পদমর্যাদার অফিসার* ও *৪ জন অতিরিক্ত এসপি পদমর্যাদার অফিসার*।

পুলিশ সুপার জানান, সবাইকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা। বারাসাতবাসী যাতে নিরাপদে ও আনন্দে পুজো কাটাতে পারেন, সেটাই লক্ষ্য।

*২. কখন কী বন্ধ? ভারী গাড়ি ও টাকি রোডের নিয়ম*

আজ থেকে শুরু হচ্ছে ট্রাফিক রেস্ট্রিকশন।

*দুপুর ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ থাকবে।* একই সঙ্গে চলবে ট্রাফিক রেস্ট্রিকশন ও রোড ডাইভারশন।

টাকি রোডে দেওয়া হয়েছে বিশেষ নজর। সেখানে বেশি সংখ্যায় প্যান্ডেল থাকায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকছে।

*বিশেষ সিদ্ধান্ত: ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত টাকি রোডের পুজো প্যান্ডেলগুলি বন্ধ থাকবে।*

কারণ ভোর ৫টার পর থেকে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। কলকাতা থেকে গাড়ি আসবে, বসিরহাট থেকে টাকি রোড দিয়ে গাড়ি আসবে। অত্যাবশ্যকীয় পণ্য চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত।

> “সবজির গাড়ি যাবে, দুধের গাড়ি যাবে। এই জন্য এটা করা হয়েছে। ৮টার পর সব প্যান্ডেল আবার খুলে যাবে।” — পুলিশ সুপার

এই নিয়ম শুধু টাকি রোডের প্যান্ডেলের ক্ষেত্রেই প্রযোজ্য।

*৩. কলকাতা থেকে কৃষ্ণনগর যাবেন? বারাসাত এড়িয়ে যান*

কলকাতার দিক থেকে যাঁরা কৃষ্ণনগরের দিকে যাবেন, তাঁদের বারাসাত হয়ে না আসতে বলছে পুলিশ।

*পরামর্শ:* এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী দিয়ে কৃষ্ণনগর যান। এতে বারাসাতের ভয়ঙ্কর জ্যাম এড়ানো যাবে।

*৪. মধ্যমগ্রাম চৌমাথা: সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়*

*দেগঙ্গা, বসিরহাট, টাকি যাচ্ছেন:*
মধ্যমগ্রাম চৌমাথা থেকে রাইট টার্ন করে বাদু, কাঞ্চনতলা হয়ে ধর্মতলা মোড়ে এসে টাকি রোড থেকে রাইট টার্ন করে যাবেন।

*বসিরহাট, টাকি, দেগঙ্গা থেকে আসছেন:*
ধর্মতলা থেকে লেফট টার্ন করে বাদু, কাঞ্চনতলা হয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে এয়ারপোর্টের দিকে যাবেন।

*৫. ডাকবাংলো মোড়: ফোর হুইলার বন্ধ, বাইক কোথায় রাখবেন?*

ডাকবাংলো মোড়ে ফোর হুইলার রেস্ট্রিক্টেড থাকবে।

টু হুইলার নিয়ে এলে *১১ নম্বর রেলওয়ে সাইডিংয়ে* বাইক পার্ক করে ন্যাশনাল হাইওয়ের ওপরের পুজো, কলোনি মোড়, ফাইন ইয়ার কমপ্লেক্স, নবপল্লী কমপ্লেক্সের পুজো দেখতে পারবেন। পরে ১১ নম্বর রেলগেট থেকে বাইক নিয়ে বেরিয়ে যেতে পারবেন।

*৬. যশোর রোড খোলা, চাঁপাডালি মোড়ে নো এন্ট্রি*

জনসাধারণের সুবিধার জন্য *যশোর রোড পুরোপুরি উন্মুক্ত* রাখা হচ্ছে।

কিন্তু *চাঁপাডালি মোড়ে ফোর হুইলারের জন্য নো এন্ট্রি।*

টু হুইলার নিয়ে এলে *পূর্ব বারাসাত স্কুলে* বাইক রেখে পায়ে হেঁটে টাকি রোডের ঠাকুর দেখতে হবে। শ্রীকৃষ্ণপুরের বড় পুজোর ঠিক পরেই পোড়া ফ্যাক্টরির গ্রাউন্ডে পার্কিং করা যাবে।

*পূর্ব বারাসাত স্কুল থেকে পোড়া ফ্যাক্টরি — এর মাঝে কোনও বাইক, গাড়ি, টোটো, অটো চলবে না।* প্রত্যেকটা গলিতে নো এন্ট্রি। শুধুমাত্র মানুষ যাতে দুর্ঘটনামুক্তভাবে প্যান্ডেলে ঘুরতে পারে, তার জন্যই এই ব্যবস্থা।

*ভুল করে চাঁপাডালি চলে এলে:* সেখান থেকে যশোর রোড হয়ে যান। ন্যারো ব্রিজ থেকে রাইট টার্ন করে পীরগাছা হয়ে টাকি রোডে পড়তে পারবেন।

*৭. হেলা বটতলা মোড় ও কৃষ্ণনগর রোড*

হেলা বটতলা মোড় একদিকে ন্যাশনাল হাইওয়ে, অন্যদিকে ব্যারাকপুর রোডকে কানেক্ট করছে।

*ব্যারাকপুর রোড থেকে এলে:*
- ফোর হুইলার — আরিফবাড়িতে পার্ক করবেন
- টু হুইলার — হেলা বটতলা থেকে রাস্তার পাশে রোড সাইড পার্কিং

*কৃষ্ণনগর রোড থেকে এলে:*
- ফোর হুইলার পার্কিং — আর্দেবক রোডের আগে অব্দি
- টু হুইলার পার্কিং — ময়না অফিসের কাছে

কৃষ্ণনগর রোড থেকে এসে যশোর রোডে যেতে চাইলে আর্দেবক রোড হয়ে কাজীপাড়া হয়ে যশোর রোডে যাবেন। টাকি রোডে যেতে চাইলে ন্যারো ব্রিজ হয়ে টাকি রোডে যাবেন।

*৮. তিতুমীর বাস স্ট্যান্ড সরে যাচ্ছে, কোথায় পাবেন বাস?*

এবারের পুজোয় বারাসাত টাউনের তিতুমীর বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাচ্ছে।

- *নিউ বেদুইন ক্যাটারার, আরিফবাড়ি রোড* — ব্যারাকপুর রোডের দিকে
- *চারুডেন ফার্নিচার, আর্দেবক রোড* — কৃষ্ণনগর রোডের দিকে
- *রথতলা, যশোর রোডের ওপর*
- *গেঞ্জি মিল, যশোর রোড* — বনগাঁর দিকে যাওয়ার বাস
- *পোড়া ফ্যাক্টরি মাঠ* — সেখান থেকেও বাস ছাড়বে

৯. বড়মার পুজো: কলোনি মোড় থেকে আয়কর মোড় শুধু পায়ে হেঁটে

আজ কালীপুজো, ৮ এবং ৯ তারিখ বারাসাতের বড়মার কালীপুজো হয়।

তাই *কলোনি মোড় থেকে আয়কর মোড় পর্যন্ত রাস্তাটা শুধু সাধারণ মানুষের দর্শনের জন্য। মানুষ পায়ে হেঁটে যাবে।* ওখানে কোনওরকম গাড়ি, বাইক এন্ট্রি করতে দেওয়া হবে না।

*১০. পুলিশের আবেদন*

বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের ফেসবুক পেজে ডিটেল ভিডিও ও পথ নির্দেশিকা দেওয়া হচ্ছে। সেখানে পরিষ্কার বলা থাকবে কোথা অব্দি পার্কিং করতে পারবেন, কোথায় গাড়ি রেখে কোন কোন পুজো দেখতে পারবেন।

> “সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে, কোনও অসুবিধা ছাড়া এবারে পুজো দেখতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।” — অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক

*পুলিশের আবেদন:* পুজো দেখতে বেরিয়ে তাড়াহুড়ো করবেন না, নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখুন, ট্রাফিক নিয়ম মেনে চলুন, পুলিশকে সহযোগিতা করুন।

ছবি:অঙ্কিত মুখার্জি।
বিএসএফ-এর জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ‘সীমা মিত্র’ পুরস্কার

*হিঙ্গলগঞ্জ, নিজস্ব প্রতিনিধি:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করে এবার রাজ্যের সীমান্তে পাহারায় থাকা বিএসএফ জওয়ানদের সঙ্গেই আলোর উৎসব উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীপাবলির দিনে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে পৌঁছে জওয়ানদের হাতে মিষ্টি ও প্রদীপ তুলে দিলেন তিনি। আর এই সীমান্ত সফর থেকেই জওয়ানদের মনোবল বাড়াতে একগুচ্ছ প্রতিশ্রুতি ও বিশেষ সম্মান জানানোর ঘোষণা করলেন তিনি।

পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, রবিবার সকালে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিবারের থেকে দূরে থাকা জওয়ানদের মুখে হাসি ফোটাতে নিজের হাতে তাঁদের মিষ্টিমুখ করান এবং প্রদীপ উপহার দেন।

ক্যাম্প পরিদর্শনে গিয়ে বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। প্রথমে জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে জওয়ানদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আগের সরকারের ভূমিকা নিয়ে ক্ষমা চান।তিনি বলেন, “কাজ আমাদের চলতে থাকবে। আগের সরকার বিএসএফ-এর সঙ্গে যে ব্যবহার করেছেন, তার জন্য আমি ক্ষমা চাইছি।”

বক্তব্যে গণতন্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক দেশে জনতা শেষ কথা।” স্বামী বিবেকানন্দের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে এগিয়ে যাও। পিছনে যা হয়েছে ছেড়ে দাও।”

সীমান্ত এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জমি দিয়েছি। অল্প সময়ে আমরা অনেক কাজ করেছি। বিকাশের কাজ আমরা শুরু করে দিয়েছি।”

একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশ সীমান্তে নতুন থানা তৈরি এবং কর্মী নিয়োগের কাজ করা হবে। তাঁর কথায়, “বাংলাদেশের সীমান্তে থানা তৈরি, কর্মী তৈরি করা, আমরা সব করব। দেশ আপনাদের কাছে শেষ কথা।”

এদিনের কর্মসূচিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ছিল ‘সীমা মিত্র’ পুরস্কার। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পরের বছর থেকে সীমা মিত্র করব। ২০২৭ সাল থেকে সীমা মিত্র পুরস্কার দেওয়া হবে বিএসএফ, এসএসবি, পুলিশকে।”তিনি আরও জানান, যাঁরা ভালো কাজ করবেন, তাঁদেরই এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রাপক বাছাইয়ের জন্য একটি স্বচ্ছ কমিটি থাকবে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী। তাঁদের কাজের প্রশংসা করেন এবং সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। *ছবি: তথ্য ও সংস্কৃতি দফতর উত্তর ২৪ পরগনা।*
মমতা-অভিষেককে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের: “দায়িত্ব দিলেই বুঝিয়ে দেব কত ধানে কত চাল”, ছটে ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী


*নিজস্ব সংবাদদাতা, জগদ্দল:* কালীপুজোর উদ্বোধনে এসে ফের বিস্ফোরক রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, কালীপুজো মিটলেই ছটপুজো উপলক্ষ্যে ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, জগদ্দল বিধানসভার অন্তর্গত পানপুর বালক বৃন্দের কালীপুজোর উদ্বোধন করেন মন্ত্রী অর্জুন সিং। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।অশুভ শক্তির বিনাশের ডাক দিয়ে মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কেউ বিশ্বাস করে না। উনি মিথ্যেবাদী।” এরপরই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্ব দিলেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।”

অন্যদিকে, ছটপুজো নিয়েও বড় ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, কালীপুজো মিটলেই ভাটপাড়ায় ছটপুজোয় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অর্জুন সিংয়ের দাবি, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছট মায়ের আশীর্বাদ রাজ্যে বিজেপি সরকার গড়ার পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে। তাই হাওড়া, ভাটপাড়ার মতো বিভিন্ন জায়গায় ছটপুজোতে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।”

শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় কালীপুজোর উদ্বোধন করছেন মন্ত্রী অর্জুন সিং। আজ পানপুর বালক বৃন্দের পুজো উদ্বোধনের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পুজো মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আগামী দিনে ছটপুজোকে কেন্দ্র করে ভাটপাড়ায় শুভেন্দু অধিকারীর সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। *ছবি:প্রবীর রায়।*
পাটকাঠি আর চটার সাজে সেজে উঠল নবপল্লী, উদ্বোধন করলেন মন্ত্রী অশোক কীর্তনীয়া

*নিজস্ব সংবাদদাতা,বারাসাত:* গ্রাম বাংলার মাটির গন্ধ মাখা এক অনন্য মণ্ডপে এবার সেজে উঠল নবপল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা। এবছর ৪৭তম বর্ষে পা দিল এই পূজা। আর ৪৭তম বর্ষের বিশেষ আকর্ষণ — সম্পূর্ণ পাটকাঠি ও চটা দিয়ে তৈরি মণ্ডপ।

শনিবার সন্ধ্যায় আলো ঝলমলে পরিবেশে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জী সহ এলাকার বিশিষ্টজনেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলারা প্রদীপ ও ফুলের থালা নিয়ে বরণ করে নেন অতিথিদের। চারপাশে তখন উলুধ্বনি, শঙ্খধ্বনি আর অসংখ্য মানুষের ভিড়।

পূজা কমিটির উদ্যোক্তাদের কথায়, চটকদার থিমের ভিড়ে আমরা চেয়েছি বাংলার নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরতে। পাটকাঠি আর চটা — এই দুই অতি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়েছে অসাধারণ শিল্পকর্ম। মণ্ডপের ভেতরে ঢুকলেই মনে হবে, যেন গ্রামের কোনো পুরনো বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছি। খরচ কম, কিন্তু আন্তরিকতা অনেক বেশি।

মন্ত্রী অশোক কীর্তনীয়া উদ্বোধনী বক্তব্যে বলেন, “নবপল্লীর এই পূজা শুধু পূজা নয়, এটা পাড়ার মিলন উৎসব। ৪৭ বছর ধরে এই পূজা মানুষকে একসঙ্গে বেঁধে রেখেছে। পাটকাঠি আর চটা দিয়ে এত সুন্দর মণ্ডপ — সত্যিই প্রশংসার যোগ্য।”

বিধায়ক শংকর চ্যাটার্জী বলেন, “বারাসাতের অন্যতম সেরা পূজা এই নবপল্লী। প্রতি বছরই নতুন চমক থাকে। এবারের মণ্ডপ দেখে সাধারণ মানুষ মুগ্ধ হবেন।”

উদ্বোধনের পর থেকেই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে। প্রতিমা দর্শনের পাশাপাশি পাটকাঠির কারুকাজ দেখতে আসছেন দূর-দূরান্ত থেকে মানুষ। পূজা কমিটির তরফ থেকে সকলের জন্য ভোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
*ছবি: কমল গুহ।*
খেলা ক্রিসলানের গোলে শীর্ষে গোকুলাম কেরালা, হার রাজস্থান ইউনাইটেডের*
*স্পোর্টস ডেস্ক:* ইন্ডিয়ান ফুটবল লিগে রাজস্থান ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো গোকুলাম কেরালা এফসি। বিদ্যাধর নগর স্টেডিয়ামে কঠিন অ্যাওয়ে ম্যাচে জয় পেল দু’বারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গোকুলাম। অন্যদিকে এখনও পয়েন্টের খাতা খুলতে পারল না রাজস্থান।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৮ মিনিটে। সার্থক গোলুইয়ের লম্বা বল থেকে বল পেয়ে দারুণ ঠান্ডা মাথায় গোলরক্ষক অমৃত গোপের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা ক্রিসলান ডা সিলভা। এই গোলেই ম্যাচের সেরা হন তিনি।

১০ মিনিট পর ফের ম্যাচের মোড় ঘোরান ক্রিসলান। তাঁকে গোলের দিকে এগিয়ে যাওয়ার সময় ফাউল করায় লাল কার্ড দেখেন রাজস্থানের নোভিন গুরুং। ১০ জনে হয়ে যায় রাজস্থান।

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করলেও গোকুলামের জমাট রক্ষণ ভাঙতে পারেনি রাজস্থান।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক শুরু করেছিল। রাজস্থানের হয়ে ডিয়েগো মরিসিও বারবার বিপদ তৈরি করলেও গোল আসেনি। গোকুলামের হয়ে ভিক্টর ডা সিলভা ও ক্রিসলান একাধিক সুযোগ তৈরি করেন।

দ্বিতীয়ার্ধে জয়পুরের রোদ ও ক্র্যাম্পে খেলায় বারবার ছন্দপতন হয়। তবে শেষ পর্যন্ত জয় তুলে নেয় গোকুলাম।

*ছবি:সৌজন্যে আইএফএল।*
খড়দহে বিজয় সম্মেলন ও গুণীজন সংবর্ধন, উদ্যোগে বিধায়ক-মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী

*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর:* উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী  কল্যাণ চক্রবর্তী-র উদ্যোগে খড়দহে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলন ও গুণীজন সংবর্ধন অনুষ্ঠান। দুর্গাপুজো ও বিজয়া দশমীর পর বিজয় সম্মেলনকে কেন্দ্র করে খড়দহের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, দলীয় কর্মী, সমর্থক ও বিশিষ্টজন এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক-মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী। এরপরই শুরু হয় গুণীজন সংবর্ধনা পর্ব।

এলাকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের এদিন মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিধায়ক-মন্ত্রী নিজে।
এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন,বিজেপি মুখপাত্র দেবজিৎ ঘোষ,কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলা সভাপতি চন্ডীচরণ রায়,খড়দহ অঞ্চলের নেতৃত্ব ও কর্মীরা

মঞ্চ থেকে বক্তারা বিজয়ার শুভেচ্ছা জানান সকলকে। পাশাপাশি, সমাজের জন্য কাজ করা গুণীজনদের সম্মান জানানো যে সংগঠনের সংস্কৃতি, সেই কথাও তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠান ঘিরে খড়দহে ছিল উৎসবের আবহ। কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। *ছবি: উৎপল দাস।*
দুর্গাষ্টমীতে দুর্গা বাহিনীর পথ সঞ্চালন - বেলঘরিয়া থেকে বার্তা সুরক্ষা, সেবা ও সংস্কারের*

*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর:* বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর স্থাপনা দিবস উপলক্ষ্যে আজ বেলঘরিয়ায় অনুষ্ঠিত হল পথ সঞ্চালন যাত্রা। দুর্গাষ্টমীর দিনে হনুমান মন্দির থেকে শুরু হয়ে বেলঘরিয়া পর্যন্ত এই যাত্রায় অংশ নেন বহু বোনেরা।

দুর্গা বাহিনী দক্ষিণবঙ্গ প্রান্তের সংযোজিকা পারমিতা পাল জানান, সমাজকে সুরক্ষা, সেবা এবং সংস্কার দেওয়ার কাজ করে দুর্গা বাহিনী। বর্তমান সমাজে যুবতীদের মধ্যে থেকে সেবা মনোভাব ও সংস্কার হারিয়ে যাচ্ছে, সেই চেতনা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। তিনি আরও বলেন, "আমরা নিজেরা সুরক্ষিত হবো এবং সমাজের বোনেদেরকে সুরক্ষা প্রদান করবো। এই চেতনা মানুষের মধ্যে উজ্জীবিত করতে এবং সমাজকে সুশৃঙ্খলবদ্ধ করতেই দুর্গা বাহিনীর এই প্রচেষ্টা।"

সারা বছর ধরেই দুর্গা বাহিনীর নানা কর্মসূচি চলে। এদিনের পথ সঞ্চালনেও বোনেরা শৃঙ্খলার সঙ্গে অংশ নেন। এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল বজরং দল, বেলঘরিয়া প্রখণ্ড। *ছবি:উৎপল দাস।*
কলকাতা পুরভোটে স্থগিতাদেশ হাই কোর্টের, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা না মিটলে ভোটের নির্ঘণ্ট নয়*
*কলকাতা, ৬ নভেম্বর:* কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ আপাতত ঘোষণা করা যাবে না। ভোট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানায়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট জারি করা যাবে না। ওই মামলা বর্তমানে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে। ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মামলা চলছে। মামলাকারীদের দাবি, পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এবং তা সঠিকভাবে হয়নি। সেই মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ভোটের দিনক্ষণ প্রকাশে আপত্তি জানানো হয়েছিল। আদালত সেই আপত্তিকেই মান্যতা দিয়েছে। এই নির্দেশের ফলে আপাতত পুরভোটের দিনক্ষণ ঘোষণা আটকে গেল। সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি ও নিষ্পত্তির পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে বলে মনে করছে আইনি মহল। এই রায়ের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সব পক্ষই এখন সিঙ্গল বেঞ্চের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে। ভোট কবে হবে, তা এখন আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করছে।