মমতা-অভিষেককে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের: “দায়িত্ব দিলেই বুঝিয়ে দেব কত ধানে কত চাল”, ছটে ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী


*নিজস্ব সংবাদদাতা, জগদ্দল:* কালীপুজোর উদ্বোধনে এসে ফের বিস্ফোরক রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, কালীপুজো মিটলেই ছটপুজো উপলক্ষ্যে ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, জগদ্দল বিধানসভার অন্তর্গত পানপুর বালক বৃন্দের কালীপুজোর উদ্বোধন করেন মন্ত্রী অর্জুন সিং। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।অশুভ শক্তির বিনাশের ডাক দিয়ে মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কেউ বিশ্বাস করে না। উনি মিথ্যেবাদী।” এরপরই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্ব দিলেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।”

অন্যদিকে, ছটপুজো নিয়েও বড় ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, কালীপুজো মিটলেই ভাটপাড়ায় ছটপুজোয় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অর্জুন সিংয়ের দাবি, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছট মায়ের আশীর্বাদ রাজ্যে বিজেপি সরকার গড়ার পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে। তাই হাওড়া, ভাটপাড়ার মতো বিভিন্ন জায়গায় ছটপুজোতে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।”

শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় কালীপুজোর উদ্বোধন করছেন মন্ত্রী অর্জুন সিং। আজ পানপুর বালক বৃন্দের পুজো উদ্বোধনের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পুজো মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আগামী দিনে ছটপুজোকে কেন্দ্র করে ভাটপাড়ায় শুভেন্দু অধিকারীর সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। *ছবি:প্রবীর রায়।*
পাটকাঠি আর চটার সাজে সেজে উঠল নবপল্লী, উদ্বোধন করলেন মন্ত্রী অশোক কীর্তনীয়া

*নিজস্ব সংবাদদাতা,বারাসাত:* গ্রাম বাংলার মাটির গন্ধ মাখা এক অনন্য মণ্ডপে এবার সেজে উঠল নবপল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা। এবছর ৪৭তম বর্ষে পা দিল এই পূজা। আর ৪৭তম বর্ষের বিশেষ আকর্ষণ — সম্পূর্ণ পাটকাঠি ও চটা দিয়ে তৈরি মণ্ডপ।

শনিবার সন্ধ্যায় আলো ঝলমলে পরিবেশে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জী সহ এলাকার বিশিষ্টজনেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলারা প্রদীপ ও ফুলের থালা নিয়ে বরণ করে নেন অতিথিদের। চারপাশে তখন উলুধ্বনি, শঙ্খধ্বনি আর অসংখ্য মানুষের ভিড়।

পূজা কমিটির উদ্যোক্তাদের কথায়, চটকদার থিমের ভিড়ে আমরা চেয়েছি বাংলার নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরতে। পাটকাঠি আর চটা — এই দুই অতি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়েছে অসাধারণ শিল্পকর্ম। মণ্ডপের ভেতরে ঢুকলেই মনে হবে, যেন গ্রামের কোনো পুরনো বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছি। খরচ কম, কিন্তু আন্তরিকতা অনেক বেশি।

মন্ত্রী অশোক কীর্তনীয়া উদ্বোধনী বক্তব্যে বলেন, “নবপল্লীর এই পূজা শুধু পূজা নয়, এটা পাড়ার মিলন উৎসব। ৪৭ বছর ধরে এই পূজা মানুষকে একসঙ্গে বেঁধে রেখেছে। পাটকাঠি আর চটা দিয়ে এত সুন্দর মণ্ডপ — সত্যিই প্রশংসার যোগ্য।”

বিধায়ক শংকর চ্যাটার্জী বলেন, “বারাসাতের অন্যতম সেরা পূজা এই নবপল্লী। প্রতি বছরই নতুন চমক থাকে। এবারের মণ্ডপ দেখে সাধারণ মানুষ মুগ্ধ হবেন।”

উদ্বোধনের পর থেকেই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে। প্রতিমা দর্শনের পাশাপাশি পাটকাঠির কারুকাজ দেখতে আসছেন দূর-দূরান্ত থেকে মানুষ। পূজা কমিটির তরফ থেকে সকলের জন্য ভোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
*ছবি: কমল গুহ।*
খেলা ক্রিসলানের গোলে শীর্ষে গোকুলাম কেরালা, হার রাজস্থান ইউনাইটেডের*
*স্পোর্টস ডেস্ক:* ইন্ডিয়ান ফুটবল লিগে রাজস্থান ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো গোকুলাম কেরালা এফসি। বিদ্যাধর নগর স্টেডিয়ামে কঠিন অ্যাওয়ে ম্যাচে জয় পেল দু’বারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গোকুলাম। অন্যদিকে এখনও পয়েন্টের খাতা খুলতে পারল না রাজস্থান।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৮ মিনিটে। সার্থক গোলুইয়ের লম্বা বল থেকে বল পেয়ে দারুণ ঠান্ডা মাথায় গোলরক্ষক অমৃত গোপের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা ক্রিসলান ডা সিলভা। এই গোলেই ম্যাচের সেরা হন তিনি।

১০ মিনিট পর ফের ম্যাচের মোড় ঘোরান ক্রিসলান। তাঁকে গোলের দিকে এগিয়ে যাওয়ার সময় ফাউল করায় লাল কার্ড দেখেন রাজস্থানের নোভিন গুরুং। ১০ জনে হয়ে যায় রাজস্থান।

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করলেও গোকুলামের জমাট রক্ষণ ভাঙতে পারেনি রাজস্থান।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক শুরু করেছিল। রাজস্থানের হয়ে ডিয়েগো মরিসিও বারবার বিপদ তৈরি করলেও গোল আসেনি। গোকুলামের হয়ে ভিক্টর ডা সিলভা ও ক্রিসলান একাধিক সুযোগ তৈরি করেন।

দ্বিতীয়ার্ধে জয়পুরের রোদ ও ক্র্যাম্পে খেলায় বারবার ছন্দপতন হয়। তবে শেষ পর্যন্ত জয় তুলে নেয় গোকুলাম।

*ছবি:সৌজন্যে আইএফএল।*
খড়দহে বিজয় সম্মেলন ও গুণীজন সংবর্ধন, উদ্যোগে বিধায়ক-মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী

*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর:* উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী  কল্যাণ চক্রবর্তী-র উদ্যোগে খড়দহে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলন ও গুণীজন সংবর্ধন অনুষ্ঠান। দুর্গাপুজো ও বিজয়া দশমীর পর বিজয় সম্মেলনকে কেন্দ্র করে খড়দহের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, দলীয় কর্মী, সমর্থক ও বিশিষ্টজন এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক-মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী। এরপরই শুরু হয় গুণীজন সংবর্ধনা পর্ব।

এলাকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের এদিন মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিধায়ক-মন্ত্রী নিজে।
এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন,বিজেপি মুখপাত্র দেবজিৎ ঘোষ,কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলা সভাপতি চন্ডীচরণ রায়,খড়দহ অঞ্চলের নেতৃত্ব ও কর্মীরা

মঞ্চ থেকে বক্তারা বিজয়ার শুভেচ্ছা জানান সকলকে। পাশাপাশি, সমাজের জন্য কাজ করা গুণীজনদের সম্মান জানানো যে সংগঠনের সংস্কৃতি, সেই কথাও তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠান ঘিরে খড়দহে ছিল উৎসবের আবহ। কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। *ছবি: উৎপল দাস।*
দুর্গাষ্টমীতে দুর্গা বাহিনীর পথ সঞ্চালন - বেলঘরিয়া থেকে বার্তা সুরক্ষা, সেবা ও সংস্কারের*

*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর:* বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর স্থাপনা দিবস উপলক্ষ্যে আজ বেলঘরিয়ায় অনুষ্ঠিত হল পথ সঞ্চালন যাত্রা। দুর্গাষ্টমীর দিনে হনুমান মন্দির থেকে শুরু হয়ে বেলঘরিয়া পর্যন্ত এই যাত্রায় অংশ নেন বহু বোনেরা।

দুর্গা বাহিনী দক্ষিণবঙ্গ প্রান্তের সংযোজিকা পারমিতা পাল জানান, সমাজকে সুরক্ষা, সেবা এবং সংস্কার দেওয়ার কাজ করে দুর্গা বাহিনী। বর্তমান সমাজে যুবতীদের মধ্যে থেকে সেবা মনোভাব ও সংস্কার হারিয়ে যাচ্ছে, সেই চেতনা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। তিনি আরও বলেন, "আমরা নিজেরা সুরক্ষিত হবো এবং সমাজের বোনেদেরকে সুরক্ষা প্রদান করবো। এই চেতনা মানুষের মধ্যে উজ্জীবিত করতে এবং সমাজকে সুশৃঙ্খলবদ্ধ করতেই দুর্গা বাহিনীর এই প্রচেষ্টা।"

সারা বছর ধরেই দুর্গা বাহিনীর নানা কর্মসূচি চলে। এদিনের পথ সঞ্চালনেও বোনেরা শৃঙ্খলার সঙ্গে অংশ নেন। এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল বজরং দল, বেলঘরিয়া প্রখণ্ড। *ছবি:উৎপল দাস।*
কলকাতা পুরভোটে স্থগিতাদেশ হাই কোর্টের, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা না মিটলে ভোটের নির্ঘণ্ট নয়*
*কলকাতা, ৬ নভেম্বর:* কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ আপাতত ঘোষণা করা যাবে না। ভোট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানায়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট জারি করা যাবে না। ওই মামলা বর্তমানে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে। ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মামলা চলছে। মামলাকারীদের দাবি, পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এবং তা সঠিকভাবে হয়নি। সেই মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ভোটের দিনক্ষণ প্রকাশে আপত্তি জানানো হয়েছিল। আদালত সেই আপত্তিকেই মান্যতা দিয়েছে। এই নির্দেশের ফলে আপাতত পুরভোটের দিনক্ষণ ঘোষণা আটকে গেল। সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি ও নিষ্পত্তির পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে বলে মনে করছে আইনি মহল। এই রায়ের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সব পক্ষই এখন সিঙ্গল বেঞ্চের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে। ভোট কবে হবে, তা এখন আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করছে।
পাল্টে গেল নৈহাটির বড়মার ট্যাগ লাইন! 'ধর্ম যার যার বড়মা সবার'-এর বদলে এখন 'বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি'*

মন্দিরের সামনের ট্যাগ লাইন বদলের কথা ঘোষণা করা হল সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক ও বিজেপি নেতৃত্ব।

*নৈহাটি, ৫ নভেম্বর:* উত্তর ২৪ পরগনার নৈহাটির বিখ্যাত বড়মার কালীপুজোর ট্যাগ লাইন পাল্টে গেল। এতোদিন ধরে মন্দিরের সামনে লেখা ছিল, "ধর্ম যার যার, বড়মা সবার"। এবার থেকে সেই জায়গায় লেখা থাকবে, *"বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি"*।

এদিন নৈহাটির বড়মার মন্দিরে এক সাংবাদিক সম্মেলন করে এই পরিবর্তনের কথা
আনুষ্ঠানিকভাবে জানানো হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় এবং বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্যরা।

উদ্যোক্তাদের দাবি, বহুদিন ধরে তৃণমূল জমানায় 'ধর্ম যার যার, বড়মা সবার' এই ট্যাগ লাইনটি ব্যবহৃত হয়ে আসছিল। এবার তা পরিবর্তন করা হল।তাঁদের বক্তব্য, যাঁরা বড়মার কাছে পুজো দিতে আসেন, তাঁরা সবাই সনাতনী। তাঁদের ভক্তি ও শক্তিকে সামনে রেখেই এই নতুন ট্যাগ লাইন দেওয়া হয়েছে। সেই কারণেই মন্দিরের সামনের ট্যাগ লাইন পাল্টে ফেলা হল।নতুন ট্যাগ লাইনকে ঘিরে ইতিমধ্যেই নৈহাটি সহ গোটা ব্যারাকপুর অঞ্চলে চর্চা শুরু হয়েছে। *ছবি:প্রবীর রায়।*
*ব্যারাকপুর স্টেশনে বসছে লিফট ও চলমান সিঁড়ি, পরিদর্শনে এসে জানালেন শিয়ালদহের ডিআরএম*

ব্যারাকপুর, ৫ নভেম্বর: ব্যারাকপুর রেলস্টেশন পরিদর্শন করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। এদিন তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি স্টেশনের ভেতরে ও বাইরে অব্যবহৃত জায়গাগুলি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় রেলের সীমানার ভেতরে থাকা ডাস্টবিন এবং কোয়ার্টারের ভেতরে জল জমে থাকার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। এই সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন ডিআরএম।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। সেই কাজও তিনি পরিদর্শন করেছেন।

পাশাপাশি, ব্যারাকপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে পর্যন্ত থাকা রেলের ফুটব্রিজটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ওই ফুটব্রিজটিতে লিফট এবং চলমান সিঁড়ি বসিয়ে দ্রুত চালু করার চেষ্টা করা হচ্ছে।

এই খবরে খুশি ব্যারাকপুরের নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে ফুটব্রিজটি বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছিল। লিফট ও চলমান সিঁড়ি বসলে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা।

ছবি:প্রবীর রায়।

*"টোটো পুরো বাস সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে" - বিস্ফোরক পরিবহন মন্ত্রী অর্জুন সিং, ভাড়া বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত!*

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর ৫ নভেম্বর: কালীপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে বাস দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, প্রশাসনের তরফ থেকে রিকুইজিশন এলে সেই অনুযায়ী বাস দেওয়া হয়। এখনও পর্যন্ত কোনও রিকুইজিশন আসেনি। এলে আমরা দিয়ে দেব।

এরপরই উঠে আসে বাস ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ। তিনি জানান, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধির জন্য আবেদন এসেছে। তবে বিষয়টি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত আলোচনা হয়নি। তিনি বলেন, এই পুজোর পরে আমরা চর্চায় বসবো। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো। কত শতাংশ বাড়ছে, এখনই বলা যাবে না। ফাইনাল সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।

বেসরকারি বাসের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, প্রাইভেট বাসের অবস্থা খুব খারাপ। বেশিরভাগ বাস কোনওভাবে চলছে। এই প্রসঙ্গে টোটোকে সরাসরি দায়ী করেন তিনি। তাঁর বক্তব্য, এই টোটো পুরো বাস সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। এর উপরে কন্ট্রোল যদি না আনা যায়, তাহলে কোনওদিন এখানে বাসের সিস্টেম ঠিক হবে না। বাস পরিষেবা, বাস ব্যবসা কোনওদিন ঠিক হবে না। ব্যবসা ঠিক না হলে কেউ বাস চালাবে না। এটা প্র্যাকটিক্যাল কথা।

রেলের উদাহরণ টেনে তিনি বলেন, সময় অনুযায়ী ট্রেন ভাড়া বেড়েছে বলেই আজ রেলের অবস্থা ভালো হয়েছে। লাউঞ্জ তৈরি হয়েছে, সুন্দর সুন্দর এসি ট্রেন আসছে। এসি বাস চালাতে গেলে তার খরচ আছে। সবটাই ভর্তুকি দিয়ে কোনও সরকার চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এদিন মন্ত্রী দাবি করেন, জেলা পরিষদে এই অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই একটা বড় অংশ। তাঁর কথায়, জেলা পরিষদে যাঁরা জিতেছেন, তাঁরা সবাই তৃণমূলের। ফলে এই অনাস্থাকে ঘিরে তৃণমূলের অন্দরের কোন্দলই এখন সামনে আসছে বলে দাবি তাঁর। অনাস্থার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডিএম এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে।

এরপরই তিনি জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, নারায়ণ গোস্বামীকে অবিলম্বে সরিয়ে দেওয়া দরকার। এ সময় তিনি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তোলেন এবং তাঁকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তুলনা করেন। তবে এই অভিযোগের বিষয়ে নারায়ণ গোস্বামী বা তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনাস্থা প্রস্তাবে শেষ পর্যন্ত কী হয়, জেলা পরিষদের দখল কার হাতে থাকে, সেদিকেই এখন তাকিয়ে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহল।

ছবি:প্রবীর রায়।

কিশোর ভারতীতে স্বপ্নভঙ্গ, কোরিয়ার হোয়াচিয়নের কাছে ৪-১ গোলে হারল ইস্টবেঙ্গল

কলকাতা: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল মহিলা দল। বুধবার রাতে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার চ্যাম্পিয়ন হোয়াচিয়ন কেএসপিও-র কাছে ৪-১ গোলে হারল লাল-হলুদ মেয়েরা।

প্রথম ম্যাচে ভিয়েতনামের হো চি মিন সিটিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল মশাল গার্লসরা। ভারতের মাটিতে প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেই জয়ে গোটা দেশের ফুটবলপ্রেমীদের মনে আশা জেগেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সেই আশায় জল ঢেলে দিল কোরিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। গ্যালারি ভরা দর্শকের সামনে ১৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দলের ভরসা ফাজিলা ইকওয়াপুট। তাঁর গোলে ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। ২৬ মিনিটে সমতা ফেরায় হোয়াচিয়ন। লি-র গোলে ১-১ হয় ম্যাচ। প্রথমার্ধ শেষ হয় এই সমতাতেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়ায় কোরিয়ানরা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হোয়াচিয়নকে ২-১ এ এগিয়ে দেন ওন জায়ে-ইউন।

এরপরই কার্যত ভেঙে পড়ে ইস্টবেঙ্গলের রক্ষণ।কোরিয়ানদের গতি, পাসিং আর ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে পারেনি লাল-হলুদ ডিফেন্স। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হজম করে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৪-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মশাল গার্লসদের।

এই হারের ফলে গ্রুপ বি-তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রইল ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল হোয়াচিয়ন।

কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি। আগামী ৭ নভেম্বর, শনিবার একই মাঠে উত্তর কোরিয়ার শক্তিশালী দল ৪.২৫ এসসি-র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিততেই হবে লাল-হলুদ মেয়েদের।

ম্যাচ শেষে হতাশ দেখাল ইস্টবেঙ্গল শিবিরকে। প্রথমার্ধের লড়াইটা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে না পারাটাই কাল হল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে ঘরের মাঠে দর্শকদের সমর্থনকে কুর্নিশ জানিয়েছেন দলের সদস্যরা।

এখন সব নজর ৭ নভেম্বরের ডু-অর-ডাই ম্যাচের দিকে। *ছবি:সঞ্জয় হাজরা।*