*"টোটো পুরো বাস সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে" - বিস্ফোরক পরিবহন মন্ত্রী অর্জুন সিং, ভাড়া বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত!*

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর ৫ নভেম্বর: কালীপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে বাস দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, প্রশাসনের তরফ থেকে রিকুইজিশন এলে সেই অনুযায়ী বাস দেওয়া হয়। এখনও পর্যন্ত কোনও রিকুইজিশন আসেনি। এলে আমরা দিয়ে দেব।
এরপরই উঠে আসে বাস ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ। তিনি জানান, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধির জন্য আবেদন এসেছে। তবে বিষয়টি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত আলোচনা হয়নি। তিনি বলেন, এই পুজোর পরে আমরা চর্চায় বসবো। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো। কত শতাংশ বাড়ছে, এখনই বলা যাবে না। ফাইনাল সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
বেসরকারি বাসের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, প্রাইভেট বাসের অবস্থা খুব খারাপ। বেশিরভাগ বাস কোনওভাবে চলছে। এই প্রসঙ্গে টোটোকে সরাসরি দায়ী করেন তিনি। তাঁর বক্তব্য, এই টোটো পুরো বাস সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। এর উপরে কন্ট্রোল যদি না আনা যায়, তাহলে কোনওদিন এখানে বাসের সিস্টেম ঠিক হবে না। বাস পরিষেবা, বাস ব্যবসা কোনওদিন ঠিক হবে না। ব্যবসা ঠিক না হলে কেউ বাস চালাবে না। এটা প্র্যাকটিক্যাল কথা।
রেলের উদাহরণ টেনে তিনি বলেন, সময় অনুযায়ী ট্রেন ভাড়া বেড়েছে বলেই আজ রেলের অবস্থা ভালো হয়েছে। লাউঞ্জ তৈরি হয়েছে, সুন্দর সুন্দর এসি ট্রেন আসছে। এসি বাস চালাতে গেলে তার খরচ আছে। সবটাই ভর্তুকি দিয়ে কোনও সরকার চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এদিন মন্ত্রী দাবি করেন, জেলা পরিষদে এই অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই একটা বড় অংশ। তাঁর কথায়, জেলা পরিষদে যাঁরা জিতেছেন, তাঁরা সবাই তৃণমূলের। ফলে এই অনাস্থাকে ঘিরে তৃণমূলের অন্দরের কোন্দলই এখন সামনে আসছে বলে দাবি তাঁর। অনাস্থার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডিএম এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে।
এরপরই তিনি জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, নারায়ণ গোস্বামীকে অবিলম্বে সরিয়ে দেওয়া দরকার। এ সময় তিনি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তোলেন এবং তাঁকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তুলনা করেন। তবে এই অভিযোগের বিষয়ে নারায়ণ গোস্বামী বা তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনাস্থা প্রস্তাবে শেষ পর্যন্ত কী হয়, জেলা পরিষদের দখল কার হাতে থাকে, সেদিকেই এখন তাকিয়ে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহল।
ছবি:প্রবীর রায়।
Nov 07 2026, 19:18
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k