১২ বছরে খরচ ১২০ কোটি, ফেরত মাত্র ৯৬ কোটি! চিটফান্ড কমিটিকে তুলোধোনা হাইকোর্টের
*কলকাতা:* চিটফান্ড মামলায় গঠিত জাস্টিস এসপি তালুকদার কমিটির কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলল, ১২ বছর ধরে কমিটি ঠিক কী কাজ করেছে?
আদালতের পর্যবেক্ষণ, জনগণের রাজকোষের টাকা এভাবে নষ্ট হচ্ছে কি না তা খতিয়ে দেখা দরকার। শুনানিতে আদালত মূলত তিনটি প্রশ্ন তোলে। প্রথমত, এখনও পর্যন্ত যে ১০৩টি সংস্থাকে পাঠানো হয়েছে, তাদের মোট কতগুলি কোম্পানি রয়েছে? যেমন রোজভ্যালিরই ৫৪টি কোম্পানি ছিল। দ্বিতীয়ত, ওই সংস্থাগুলির মোট সম্পত্তির পরিমাণ কত? দ্রুত সম্পত্তি চিহ্নিত না হলে তা হাতবদল হয়ে যেতে পারে। তৃতীয়ত, মোট আমানতকারী কত লক্ষ এবং কতজন আবেদন করেছেন, যার ভিত্তিতে আনুপাতিক হারে টাকা ফেরানো যাবে।
আদালত স্পষ্ট জানায়, প্রভাবশালী আমানতকারীদের জন্য আদালত বসেনি। ৫ বা ১০ হাজার টাকা রাখা গরিব ও মধ্যবিত্ত আমানতকারীদের টাকা ফেরানোই প্রধান অগ্রাধিকার।
সম্পত্তি রক্ষায় গাফিলতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে বেঞ্চ। ডুয়ার্সে ভিবজিওরের ৫৪ কোটি টাকার সম্পত্তি কমিটির আওতায় থাকা সত্ত্বেও ২০২৫ সালে বিক্রি হয়ে গেছে, অভিযোগ পেয়েও কমিটি পদক্ষেপ করেনি।
সবচেয়ে কড়া সমালোচনা হয় খরচ নিয়ে। কমিটি কর্মীর অভাবের কথা বললেও আদালত জানায়, ২৪ জন কর্মী ও ১৩ জন ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও অগ্রগতি নেই। আদালতের হিসাব, বছরে ১০ কোটি ধরলে ১২ বছরে প্রায় ১২০ কোটি টাকা খরচ হয়েছে, অথচ ফেরত দেওয়া হয়েছে মাত্র ৯৬ কোটি টাকা, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
আগামী ১৯ নভেম্বরের শুনানিতে ভবিষ্যৎ পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Oct 09 2026, 18:25
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k