ব্যারাকপুরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, অর্জুন সিং-কে নিশানা করে বিস্ফোরক কৌস্তভ বাগচী
*ব্যারাকপুর* : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির গোষ্ঠীকোন্দল এবার প্রকাশ্যে। মন্ত্রী অর্জুন সিং-এর মঞ্চে টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা মামলায় অভিযুক্তদের উপস্থিতি নিয়ে সরব হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী।
সোমবার একটি সাংবাদিক বৈঠক করে কৌস্তভ অভিযোগ করেন, মণীশ শুক্লা হত্যায় যাদের নাম জড়িয়েছে তারাই এখন দলের একাংশের সঙ্গে মঞ্চ শেয়ার করছেন। বেশ কয়েকটি ছবিও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
যদিও সরাসরি কারও নাম নেননি, তবে তাঁর ইঙ্গিত স্পষ্ট। কৌস্তভ বলেন, "আমাদের কিছু লোকের সঙ্গে মণীশের হত্যাকারীদের দেখা যাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে না।"
এদিন আরও আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ব্যারাকপুরের বিধায়ককে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে ঢুকতে দেব না।"
নিজের রাজনৈতিক অবস্থানের কথা বলতে গিয়ে তিনি পুরনো প্রসঙ্গ টানেন। বলেন, "সাড়ে তিন বছর মাথা কামিয়ে রেখেছিলাম, বলেছিলাম মমতা সরকার না গেলে চুল রাখব না। আমার দৃঢ়তা সবাই জানে। প্রয়োজনে রাজ্য বিজেপি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেব।"
অন্যদিকে, এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অর্জুন সিং সংক্ষেপে বলেন, "আমি জানি কীভাবে রাজনীতি করতে হয়।"
উল্লেখ্য, ২০২০ সালে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। সেই ঘটনায় বাইরে থেকে সুপারি কিলার আনার অভিযোগ উঠেছিল।
কৌস্তভ জানিয়েছেন, মামলাটি নতুন করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, সিআইডি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে চিঠি দেবেন।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে, বিজেপির এই অন্তর্কলহ কি আরও বাড়বে, নাকি দলীয় হস্তক্ষেপে তা থামবে?
#Barrackpore #BJP #KaustavBagchi #ArjunSingh #ManishShukla #BengalPolitics #Titagarh #BJPInfighting #BreakingNews
Oct 26 2026, 17:28
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.2k