বাগবাজারে ভোটে টাই, জট কাটিয়ে কমিটি গঠন বৈধ বলল হাইকোর্ট

*কলকাতা* :কলকাতার ঐতিহ্যবাহী ও প্রাচীন পুজোগুলির অন্যতম বাগবাজার সার্বজনীন। সেই পুজো কমিটির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে দীর্ঘ আইনি জট অবশেষে কাটল। কমিটি গঠন প্রক্রিয়াকে বৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছেন। একইসঙ্গে আবেদনকারী রবিশঙ্কর সেনগুপ্তর আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

নিয়ম অনুযায়ী বাগবাজার পুজো ও ক্লাব পরিচালনার জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠিত হয়। গত ৩০ আগস্ট আদালত নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষকের নজরদারিতে নির্বাচন হয়। ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন।

কিন্তু এরপরই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সম্পাদক পদের দুই মূল প্রতিদ্বন্দ্বী, দুই ভাই গৌতম নিয়োগী ও ভাস্কর নিয়োগী সমান ভোট পান। ফলে ফলাফল টাই হয়। একইভাবে ১২ জন কার্যকরী সদস্য পদের মধ্যে ৪ জন প্রার্থীও সমান ভোট পান। কোষাধ্যক্ষ ছাড়া বাকি সব পদেই জট তৈরি হয়।

এই জট কাটাতে নিম্ন আদালত ১০ সেপ্টেম্বরের মধ্যে কাস্টিং ভোটের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত। তাঁর দাবি ছিল, কাস্টিং ভোট পদ্ধতি সঠিক নয়। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল।
ব্যবসায়ীর থেকে টাকা হাতানোর অভিযোগে স্বস্তি তৃণমূল সাংসদের, কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নিষেধ হাইকোর্টের

*কলকাতা:* এক ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা হাতানো ও হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যে অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে প্রাক্তন ক্রিকেটার কীর্তির বিরুদ্ধে অভিযোগ, সেই অডিও আদালত কক্ষেই চালিয়ে শোনা হয়। তবে অভিযোগের সপক্ষে তেমন জোরালো তথ্য খুঁজে পাননি বিচারপতি।

সেই কারণে আগামী ৬ মাস তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে কীর্তি আজাদকে। আগামী ২২ সেপ্টেম্বর বেলা ১২টায় ভবানী ভবনে তাঁকে হাজিরা দিতে হবে।

আদালত আরও জানায়, এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে ৭ দিন আগে নোটিস দিয়ে জানাতে হবে সিআইডিকে। ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। সেদিন আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
মুম্বইয়ের পরেই কাকিনাড়া, গণেশ বন্দনায় মাতল মিশ্র ভাষাভাষীর শহর

*প্রবীর রায়,কাকিনাড়া:* মুম্বইয়ের পর দ্বিতীয় বৃহত্তম গণেশ পুজো এখন উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায়। আজ থেকে গণেশ চতুর্দশী উপলক্ষ্যে উৎসবে মেতেছে মিশ্র ভাষাভাষীর এই শিল্পাঞ্চল।

ছোট-বড় মিলিয়ে শতাধিক মণ্ডপে চলছে গণেশ আরাধনা। কোথাও ছোট প্যান্ডেল, কোথাও বিশাল থিমের মণ্ডপ। এর মধ্যে অন্যতম ইয়ুথ ফেডারেশনের পুজো, এবার ৩৬ বছরে পা দিল। এবারের আকর্ষণ কর্ণাটকের রাজরাজেশ্বরী বিনয় ধামের আদলে তৈরি সুসজ্জিত মন্দির।

উদ্বোধনে এসে রাজ্যের শ্রম ও পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং বলেন, "আগের থেকে এই শিল্পাঞ্চলে অনেক কল-কারখানা খুলেছে, তাই পুজোর জৌলুসও বেড়েছে চোখে পড়ার মতো"। পুজো পরিক্রমায় তিনি একাধিক মণ্ডপ ঘুরে প্রতিমা দর্শন করেন।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্গাপুজোয় বামেদের স্টলে 'শারদীয়া' লেখা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তাঁর বক্তব্য, দুর্গা উৎসব লিখতেই হবে। না লিখলে ভেবে দেখা হবে।
মুসলিম সমাজের পক্ষ থেকে বাবা গণেশকে ২ কুইন্টাল লাড্ডুর ভোগ নিবেদন, সম্প্রীতির নজির চন্দৌসিতে*
*উত্তরপ্রদেশ*


*চন্দৌসি, সম্ভল:* মুম্বইয়ের পর এবার উত্তরপ্রদেশের সম্ভল জেলার চন্দৌসিতে আয়োজিত মেলা গণেশ চতুর্থীতে সম্প্রীতির অনন্য নজির। মুসলিম সমাজের পক্ষ থেকে বাবা গণেশকে ২ কুইন্টাল লাড্ডুর ভোগ নিবেদন করা হলো।

আজ এই মেলার রথযাত্রার আয়োজন করা হবে, যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বি.এল. বর্মা। গত ১২ সেপ্টেম্বর সর্বধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতে কেটে মেলা গণেশ চতুর্থীর উদ্বোধন করা হয়েছিল। আজকের রথযাত্রায় স্বয়ংক্রিয় ঝাঁকি অন্তর্ভুক্ত থাকবে, যা শহর পরিক্রমা করবে।

এই উপলক্ষ্যে মুসলিম সমাজের মানুষজন গণেশজিকে ভোগ হিসেবে ২ কুইন্টাল লাড্ডু নিবেদন করেন। ২০০১ সাল থেকে প্রতি বছর মুসলিম সমাজের পক্ষ থেকে গণেশজিকে এই ভোগ অর্পণ করা হয়।

এ বিষয়ে ইসহাক বেগ জানান, মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতি বছর লাড্ডুর ভোগ নিবেদন করা হয়। এই লাড্ডু পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। এবছর লাড্ডুর ওজন ২ কুইন্টাল।

#GaneshChaturthi #Sambhal #Chandausi #HinduMuslimUnity #GangaJamuniTehzeeb
ইনজুরি টাইমে হেমব্রমের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল, মহামেডানের সঙ্গে ১-১ ড্র লাল-হলুদের
*খেলা*

*কলকাতা ফুটবল লিগ*


*নিজস্ব সংবাদদাতা, কলকাতা:* নাটকীয় ম্যাচে হার বাঁচাল ইস্টবেঙ্গল। সোমবার কলকাতা ফুটবল লিগে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত পিছিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল লাল-হলুদ ব্রিগেড।

এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় মহামেডান। ৬৯ মিনিটে ডেডলক ভাঙেন মহামেডানের লালথাংকিমা। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো শিবির। গোল খাওয়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা, কিন্তু মহামেডানের রক্ষণ ভেদ করতে পারছিল না।

মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে মহামেডান। কিন্তু নাটক তখনও বাকি। খেলা শেষের ঠিক আগে ইনজুরি টাইমে ত্রাতা হয়ে উঠলেন আকাশ হেমব্রম। তাঁর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।

শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে জয় হাতছাড়া হলেও শেষ মুহূর্তে মূল্যবান এক পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল।

ছবি: সংগৃহীত।
ঘরের মাঠে জয় হাতছাড়া মোহনবাগানের, ১০ জনে লড়ে ইউনাইটেডের কাছে আটকাল সবুজ-মেরুন
*খেলা*

*কলকাতা ফুটবলে লিগ*
*নিজস্ব সংবাদদাতা, কলকাতা:* কলকাতা ফুটবল লিগে ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। সোমবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলছিল না। অবশেষে দ্বিতীয়ার্ধে দলের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন সন্দীপ। তাঁর গোলে এগিয়ে যায় মোহনবাগান।

গোল খাওয়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড স্পোর্টস। পাল্টা আক্রমণে চাপ বাড়াতে থাকে তারা। এর মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগানের এক ফুটবলারকে। ১০ জনে হয়ে যায় বাগান।

সংখ্যায় কম হওয়ার সুযোগ কাজে লাগায় ইউনাইটেড। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সমতা ফেরায় তারা। ১০ জনের মোহনবাগানকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

এই ড্রয়ের ফলে লিগ টেবিলে ফের ধাক্কা খেল মোহনবাগান। ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে নামলেও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। ছবি: সঞ্জয় হাজরা।
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
বসিরহাট : গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো বসিরহাট গণপতি উৎসব কমিটি। শহর বসিরহাটের প্রাণকেন্দ্র টাউন হল মাঠে দশম বর্ষে এই পুজোর আয়োজন করা হয়েছে। গোপুরমের আদলে তৈরি মণ্ডপে গণেশের জন্মকাহিনি, তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং মহাভারত রচনার সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনি ধারাবাহিকভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে পুজো দেখতে এসে দর্শনার্থীদের কাছে মণ্ডপটি বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
পুজো উপলক্ষে মণ্ডপসজ্জার পাশাপাশি উৎসবের দিনগুলিতে আগত দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। এছাড়াও পুজোকে কেন্দ্র করে একাধিক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মাধ্যমে উৎসবের পরিবেশ আরও জমজমাট হয়ে উঠেছে।
উদ্যোক্তা দীপজ্যোতি ধর জানান, এ বছর তাদের পুজো দশম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছরই নতুন ভাবনা ও আয়োজনের মাধ্যমে গণেশ উৎসবকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এই পুজোকে ঘিরে শহর বসিরহাটের মানুষের আবেগ ও উৎসাহও চোখে পড়ার মতো। এবারও বিপুল সংখ্যক মানুষ মণ্ডপে এসে গণেশ দর্শনের পাশাপাশি পৌরাণিক কাহিনি-নির্ভর মণ্ডপসজ্জা উপভোগ করছেন।
ধর্মের গণ্ডি পেরিয়ে কাঁথায় ফুটে উঠলেন দুর্গা-গণেশ, কলকাতায় প্রদর্শনী

*কলকাতা:* সাধারণ কাপড়ের ওপর রঙিন সুতোর ফোঁড়ে ফুটে উঠেছে দেব-দেবীর মুখ, রামায়ণের গল্প, গ্রাম বাংলার ছবি। পল্লীকবি জসীমউদ্দীনের ‘নকশি কাঁথার মাঠ’ যেন বাস্তবে ধরা দিয়েছে কলকাতায়।

ললিত কলা একাডেমিতে শুরু হয়েছে নকশি কাঁথার প্রদর্শনী ‘কাঁথা কথন’। প্রদর্শনীতে রয়েছে বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলার গ্রামীণ মহিলা শিল্পীদের হাতে তৈরি কাঁথা।

এই প্রদর্শনীর বিশেষ দিক হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি। বীরভূমের নানুরের বাসিন্দা তাজক্ষীরা বেগমের কাঁথায় ফুটে উঠেছেন মা দুর্গা। সুলতানা বিবির কাজে রয়েছে রামায়ণের বিভিন্ন চরিত্র। আউস গ্রামের তাহমিনা বেগম তৈরি করেছেন গণেশ মূর্তির কাঁথা। এছাড়াও নাজমা সুলতানা, কুলসুমা বিবি, লাভলী বিবি সহ বহু শিল্পীর কাজ রয়েছে সেখানে।

শিল্পীদের অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর এগোতে পারেননি, কিন্তু তাঁদের হাতের কাজ পৌঁছে গেছে দেশ-বিদেশের প্রদর্শনীতে। প্রদর্শনীতে তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

প্রদর্শনী চলবে আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ললিত কলা একাডেমি রিজিওনাল সেন্টারের তৃতীয় তলে এই প্রদর্শনী দেখা যাবে। ছবি: সঞ্জয় হাজরা।

#NakshiKantha #KanthaKathanExhibition #LalitKalaAcademy #Kolkata #BengalCulture #Handicraft #FolkArt #CommunalHarmony #Birbhum #Bardhaman
জলাভূমি পেরিয়ে মিড-ডে মিল খেতে যেতে হয় পড়ুয়াদের, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের

*কলকাতা:* দক্ষিণ ২৪ পরগনার দুটি স্কুলে যাতায়াতের জন্য কোনও পাকা রাস্তা নেই। জলাভূমি পেরিয়ে নবনির্মিত স্কুল ভবনে মিড-ডে মিল খেতে যেতে বাধ্য হচ্ছে খুদে পড়ুয়ারা। এমন চিত্র সামনে আসতেই গভীর উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

রবীন্দ্রনাথ সাহা নামে এক ব্যক্তির দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর দাবি ছিল, বানেশ্বরপুর আর ডি বি পি এম (RDBPM) স্কুলকে নিকটবর্তী প্রধান রাস্তার সঙ্গে যুক্ত করতে হবে।

আদালত লক্ষ্য করে, বর্তমানে স্কুলটি জলাভূমি দিয়ে ঘেরা এবং সেখানে পৌঁছাতে হলে জলা জমির মধ্যে দিয়েই যেতে হয়।

শুনানিতে বেঞ্চ মন্তব্য করে, "আমরা উদ্বিগ্ন যে স্কুলটি যেন একটি স্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হয় এবং ওই দুটি স্কুলে যে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।"

আদালত বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে বানেশ্বরপুর RDBPM স্কুল এবং ROSA ডোগাছা এফপি স্কুলের পড়ুয়াদের সমস্যা নিয়ে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, "স্কুলের ছাত্র-ছাত্রীরা বানেশ্বরপুর RDBPM স্কুলের নতুন ভবনে মিড-ডে মিল খেতে যায় এবং রাস্তা না থাকায় তাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।"

এই প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে পরিস্থিতির স্পষ্ট চিত্র আদালতের সামনে তুলে ধরা হবে। তিনি আরও জানান, এই জনস্বার্থ মামলাটি কোনও বিরোধমূলক মামলা নয়।

এরপরই আদালত নির্দেশ দেয়, আগামী ২৪শে সেপ্টেম্বর, ২০২৬-এর মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে এবং আগামী ২৮শে সেপ্টেম্বর জরুরী ভিত্তিতে মামলাটি ফের শুনানির জন্য রাখা হয়েছে।

একইসঙ্গে আদালত আবেদনকারীর আইনজীবীকে নির্দেশ দিয়েছে একটি স্কেচ ম্যাপ তৈরি করতে, যেখানে রাস্তার কতটা অংশ ইতিমধ্যে কংক্রিট করা হয়েছে, দুটি স্কুলের অবস্থান এবং কংক্রিটের রাস্তা থেকে প্রতিটি স্কুলের দূরত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

এছাড়া, দক্ষিণ ২৪ পরগনার জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে এই মামলায় যুক্ত করার অনুমতিও দিয়েছে আদালত এবং অবিলম্বে তা যুক্ত করার নির্দেশ দিয়েছে।

#CalcuttaHighCourt #HighCourtNews #South24Parganas #Baneswarpur #RDBPMSchool #ROSADogachhaSchool #MidDayMeal #SchoolRoadProblem #PIL #EducationNews #WestBengalNews #BanglaKhabar
সুখচরে বন্ধুর হাতে বন্ধু খুন, হাতুড়ি দিয়ে থেঁতলে খুনের অভিযোগ, আত্মসমর্পণ অভিযুক্তের


*উৎপল দাস,খড়দহ:* উত্তর ২৪ পরগনার সুখচরের ডাঃ গোপাল চ্যাটার্জি রোডে চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুর হাতেই খুন হল বন্ধু। মৃতের নাম বাবু ঘোষ। অভিযুক্ত আশীষ ব্যানার্জি ওরফে বাপি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে একই ঘরে একসঙ্গে বসবাস করতেন দুই বন্ধু বাবু ঘোষ ও আশীষ ব্যানার্জি। তাদের সঙ্গে থাকত একটি পোষ্য সারমেয়। অভিযোগ, প্রতিদিনই মদ্যপান করতেন দুজন, তারপর সাময়িক বচসায় জড়িয়ে পড়তেন। গতকাল রাতেও একই ঘরে ছিলেন দুই বন্ধু। আর সকাল হতেই নাটকীয় মোড়। আশীষ ব্যানার্জি ওরফে বাপি সরাসরি খড়দহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুলিশের কাছে গোটা ঘটনা খুলে বলেন। তার বয়ান শুনে খড়দহ থানার পুলিশ তাকে সঙ্গে নিয়েই ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ দেখে, রক্তাক্ত ও নগ্ন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে বাবু ঘোষের দেহ। হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে তার মাথা। খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই ঘরে দুই বন্ধু থাকতেন। মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া-বচসা হতো। তবে গতকাল রাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তারা কিছুই জানেন না। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত আশীষ ব্যানার্জিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়দহ থানার পুলিশ। খুনের পিছনে মদ্যপ অবস্থায় বচসা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। #Khardah #Sukhchar #Murder #FriendMurder #KhardahPolice #Barrackpore #North24Parganas #CrimeNews #WestBengalNews