হালিশহরে হেফাজতে মৃত্যু, আইও সাসপেন্ড, পরিবারকে চাকরি ও ১০ লক্ষ টাকা
*নিজস্ব প্রতিনিধি,হালিশহর, উত্তর ২৪ পরগনা, ১০ আগস্ট ২০২৬:* পুলিশি হেফাজতে তৃণমূলকর্মী বিরজু কেওটের মৃত্যুর ঘটনায় সোমবার উত্তর ২৪ পরগনার হালিশহরে মৃতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি পুলিশের গাফিলতি স্বীকার করে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন। ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিককে সাসপেন্ড এবং হালিশহর থানার আইসি-কে ‘ক্লোজ’ করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ‘প্রোটোকল মেনে’ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়াকে। তদন্তের অগ্রগতি নিয়মিত ভাবে তাঁকে এবং মৃতের পরিবারকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
একই সঙ্গে মৃতের পরিবারের জন্য আর্থিক ও চাকরির ঘোষণা করেন শুভেন্দু। পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। মৃতের স্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অ্যাটেনডেন্ট’ পদে নিয়োগের কথা জানিয়ে তিনি বলেন, "আপাতত এক বছর প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে, এরপর তাঁকে গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরি দেওয়া হবে। বাড়িতে থাকা দুই শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী"।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিবার সরকার এবং প্রশাসনের উপর আস্থা রেখেছেন। “মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। এটা আমাদের কাছে বড় পাওনা,” বলেন তিনি। তিনি জানান, মৃতের স্ত্রী চিঠি দিয়ে জানান , পুলিশের হেফাজতে তার স্বামীর উপর শারীরিক অত্যাচার হয়েছে।মুখ্যমন্ত্রীর আশ্বাস ময়নাতদন্তের রিপোর্ট ,হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে গ্রেফতার করে হালিশহর থানার পুলিশ। শুক্রবার আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। শনিবার খবর আসে, পুলিশি হেফাজতেই মৃত্যু হয়েছে বিরজুর। জেনির অভিযোগ, লকআপের ভিতরে মারধরের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
ছবি: প্রবীর রায়।
Aug 12 2026, 17:57
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.8k