সুন্দরবনের স্বাস্থ্য ব্যবস্থার হাল খতিয়ে দেখতে সন্দেশখালিতে হাসপাতাল পরিদর্শনে বিধায়ক সনৎ সর্দার, দ্রুত সংস্কারের আশ্বাস
বসিরহাট : সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। হাসপাতালে চিকিৎসকের অভাব, পরিকাঠামোর বেহাল দশা এবং সামান্য অসুস্থতাতেও রোগীদের অন্যত্র স্থানান্তর করে দেওয়ার অভিযোগ বহুদিনের। সেই পরিস্থিতির পরিবর্তন আনতেই এবার সরাসরি হাসপাতাল পরিদর্শনে নামলেন সন্দেশখালির বিজেপি বিধায়ক সনৎ সর্দার। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাকে। এবার তার নজরে স্বাস্থ্য ব্যবস্থা। বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ঘোষপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন বিধায়ক সনৎ সর্দার। হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি তিনি রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন মিলছে, চিকিৎসকরা নিয়মিত থাকছেন কিনা, ওষুধ পাওয়া যাচ্ছে কি না, রোগীদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেন তিনি। বহু মানুষ হাসপাতালে চিকিৎসক সংকট ও পর্যাপ্ত পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন বিধায়কের কাছে।
এরপর হাসপাতালের বিএমওএইচের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা, রোগীর চাপ, পরিকাঠামোগত সমস্যা এবং ভবিষ্যতে পরিষেবা উন্নত করতে কী কী প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের বিভিন্ন সমস্যার একটি তালিকাও তৈরি করেন বিধায়ক। তিনি জানান, শুধুমাত্র সমস্যার কথা শুনেই থেমে থাকতে চান না, দ্রুত তার বাস্তব সমাধান করতে চান।
পরিদর্শনের পর বিধায়ক সনৎ সর্দার বলেন, "মাত্র তিনজন চিকিৎসক নিয়ে গোটা হাসপাতাল চলছে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হচ্ছে। এখানে রোগী এলেই রেফার করে দেওয়াটা প্রায় নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। সুন্দরবনের মানুষের কাছে উন্নত চিকিৎসা এখনও স্বপ্নের মতো। এই পরিস্থিতি বদলাতে হবে।"
তিনি আরও বলেন, "হাসপাতালের পরিকাঠামো অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। হাসপাতালের চারপাশে সঠিক বাউন্ডারি নেই। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ভবনের একাধিক অংশ সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পশুদের চিকিৎসা করার মতো অবস্থাতেও নেই হাসপাতালটি।" দ্রুত সংস্কার ও আধুনিকীকরণের দাবি জানান তিনি।
বিধায়ক জানান, হাসপাতালের উন্নয়নের জন্য কী কী প্রয়োজন তার সমস্ত তথ্য তিনি নথিবদ্ধ করেছেন। খুব শীঘ্রই বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলে দ্রুত চিকিৎসক নিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর দাবি জানাবেন বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বছরের পর বছর ধরে সুন্দরবনের মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম সমস্যার মধ্যে রয়েছেন। নদী পেরিয়ে দূরের হাসপাতালে যেতে গিয়ে অনেক সময় রোগীর অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ে। তাই এলাকার হাসপাতালগুলিকে উন্নত করা অত্যন্ত জরুরি। বিধায়কের এই হাসপাতাল পরিদর্শন ও সমস্যা সমাধানের আশ্বাসে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
7 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1