পানিহাটিতে ফের উত্তেজনা, বিজেপি ওয়ার্ড সম্পাদকের স্বামীর মৃত্যু — মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক, নিশানায় জেলা সভাপতি
উৎপল দাস,পানিহাটি: উত্তর ২৪ পরগনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত পানিহাটি। সোদপুর সাইডিং বাজার চত্বরে দুই পক্ষের গন্ডগোলের জেরে প্রাণ হারালেন পানিহাটি ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়েই আজ সাত সকালেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছান বিজেপি কর্মী ও নেতৃত্বরা। পৌঁছে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথও।
কী ঘটেছিল?
অভিযোগ, সোদপুর বাজার চত্বরে বেশ কিছু যুবক প্রতিনিয়তই অশালীন ভাষা ব্যবহার করতেন। তার প্রতিবাদ করেন এক ব্যবসায়ী। সে সময় ওই যুবকরা ব্যবসায়ীর উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনার সামনেই পড়ে যান ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহা। ব্যবসায়ী তাঁকে বিষয়টি জানান।
সে সময় সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও কিছুক্ষণের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সোদপুর সাইডিং বাজার চত্বর। ফের ফোন করা হয় রুমা সাহাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রুমা সাহা ও তাঁর স্বামী অরূপ সাহা।
অভিযোগ, সে সময়ই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, তা পৌঁছায় ধাক্কাধাক্কিতে। তাতেই অসুস্থ হয়ে পড়েন অরূপ সাহা। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিধায়কের বক্তব্য
বিধায়ক রত্না দেবনাথ বলেন, রুমা সাহা সন্ধ্যাবেলা পর্যন্ত তাঁর অফিসেই ছিলেন। বাড়ি ফেরার পথে মেয়েদের জন্য কলা কিনতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বাজারে অনেক ছেলে ঝামেলা করছিল বলে রুমা তাঁকে জানায়।
তিনি বলেন, ঘটনায় রাজদীপ সহ আরও অনেকেই জড়িত বলে অভিযোগ। রাজদীপ যুব সভাপতি বলেও দাবি করেন তিনি। এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির নামও উঠে এসেছে। তাঁর অভিযোগ, ননীই রাজদীপ ও তৃণমূলের বাহিনীকে ডেকে নিয়ে আসে।
জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ
বিধায়ক সরাসরি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, জেলা সভাপতি প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনার বসিয়ে দিয়েছেন, যাঁদের বেশিরভাগই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে ঝামেলা পাকাচ্ছেন বলে অভিযোগ।
পাশাপাশি তিনি দাবি করেন, “রুমার ফ্যামিলিটা যাতে বেঁচে যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন। আর যত অপরাধী আছে, সবাই যেন সাজা পায়। পুলিশকে বলেছি, রুমা যাদের নাম নিয়েছে, তারা যেন কোনওভাবেই ছাড়া না পায়।”
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিধায়ক।


ছবি:উৎপল দাস।
11 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k