অভিষেককে শোকজ, নিরাপত্তা পুনর্বিবেচনার নির্দেশ রাজ্যকে*

*কলকাতা:* তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও।আদালত জানিয়েছে, হাইকোর্টের বিচারপতিদের নিয়ে তাঁর মন্তব্য প্রাথমিকভাবে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে বলে মনে হচ্ছে। তাই কেন তাঁকে শাস্তি দেওয়া হবে না এবং কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না,তা জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।এই মামলার পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।
অভিযোগ, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে মনে হয় বিচার বিভাগীয় সিদ্ধান্ত রাজনৈতিক আনুগত্য দ্বারা প্রভাবিত হচ্ছে।সূত্রের খবর, ওই সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর নিরাপত্তা বাড়ানোর আবেদন হাইকোর্টে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ বিচারপতিরা নাকি "বিজেপির সঙ্গে" রয়েছেন।

মামলার শুনানির সময় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, শো-কজ নোটিশ দেওয়ার কোনও সুযোগ নেই, আদালতকে সরাসরি অবমাননার মামলা করতে হবে।
তবে আদালত তাঁর সঙ্গে একমত হয়নি। বেঞ্চ স্পষ্ট জানায়, "আমি শো-কজ জারি করছি। আমার মতে শো-কজ জারি করা উচিত।"
এরপরই বেঞ্চ জানায়, মন্তব্যটি প্রাথমিকভাবে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে এবং ১৫ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে।

অন্যদিকে,একই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা জেড প্লাস থেকে এক্স ক্যাটাগরিতে নামিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা মামলাটিও ওঠে।সেখানে হাইকোর্ট রাজ্যের স্বরাষ্ট্র ও হিল অ্যাফেয়ার্স দফতরের প্রধান সচিবকে তাঁর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি হামলা ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দুই সপ্তাহের মধ্যে নিরাপত্তা পর্যালোচনা শেষ করতে বলেছে আদালত।
*কাটমানি চাইতেই রণক্ষেত্র দেগঙ্গা! ড্রেনের কাজ বন্ধ করায় মণ্ডল সভাপতিকে ঘিরে বিক্ষোভ, গণধোলাইয়ের অভিযোগ

*দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা:* ড্রেন নির্মাণের কাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা বিধানসভার পীরগাছা এলাকা। ঠিকাদারের কাছ থেকে ‘কাটমানি’ চাওয়ার অভিযোগ উঠল পাশের এলাকার এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে। আর সেই অভিযোগকে ঘিরেই আজ সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীরগাছা এলাকায় দীর্ঘদিনের নিকাশি সমস্যা মেটাতে ড্রেন নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ড্রেন। কিন্তু কাজ শুরুর পর থেকেই নাকি বাধা আসছিল।

*কী অভিযোগ ঠিকাদারের?*

সংশ্লিষ্ট ঠিকাদারের অভিযোগ, অভিযুক্ত ওই মণ্ডল সভাপতি গত কয়েকদিন ধরেই এলাকায় ড্রেন তৈরির কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছিলেন। আজ সকালে তিনি ঘটনাস্থলে এসে ঠিকাদার ও কর্মীদের অন্যত্র তুলে নিয়ে যান।

সেখানে কাজের বরাত বাবদ ৮ শতাংশ টাকা অর্থাৎ ‘কাটমানি’ দাবি করা হয় বলে অভিযোগ ঠিকাদারের। টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি তাঁর।

*কাজ বন্ধ হতেই ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা*

এদিন সকালে পুনরায় ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের জল জমার সমস্যা থেকে মুক্তি পেতে এই ড্রেনের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা উত্তপ্ত হয়ে ওঠেন।

অভিযোগ, উত্তেজিত জনতা ওই মণ্ডল সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। একপর্যায়ে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

*ঘটনাস্থলে পুলিশ, নিয়ন্ত্রণে পরিস্থিতি*

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

তবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, উন্নয়নের কাজেও কি কাটমানি ছাড়া কাজ হবে না? সাধারণ মানুষের জন্য তৈরি ড্রেনের কাজ বন্ধ করে দেওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসী।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মণ্ডল সভাপতির বিরুদ্ধে ওঠা কাটমানির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মারধরের ঘটনায় কারা জড়িত, তাও খতিয়ে দেখছে পুলিশ। ছবি:অঙ্কিত মুখার্জি।
পানিহাটিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু?* *FIR দায়ের, গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারি*

*উৎপল দাস,পানিহাটি :* উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। ১৪ নম্বর ওয়ার্ডের রেলওয়ে সাইটিং বাজারের কাছে গতকাল রাতে বচসা ও ধাক্কাধাক্কির জেরে গুরুতর আহত হয়েছিলেন ওই ওয়ার্ডের বিজেপির সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় খড়দহ থানায় FIR দায়ের করলেন স্ত্রী রুমা সাহা।

ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই থানা চত্বরে ছিল টানটান উত্তেজনা। অভিযোগ দায়ের করতে এসে দীর্ঘক্ষণ থানায় অপেক্ষা করতে হয় অভিযোগকারিণীকে। খবর পেয়ে থানায় ছুটে আসেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। দুই বিধায়কের উপস্থিতিতেই অবশেষে FIR দায়ের হয়।

*কী ঘটেছিল গতকাল রাতে?*

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রেলওয়ে সাইটিং বাজার এলাকায় বচসা চলছিল। সেই ঝামেলা থামাতে গিয়েছিলেন অরূপ সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। বাড়িতে ফিরে বমি শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

এই ঘটনার পর থেকেই পরিবারে শোকের ছায়া। পাশাপাশি এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

*থানায় দীর্ঘ অপেক্ষা, উষ্মা প্রকাশ বিধায়কের*

এদিন থানায় অভিযোগ দায়ের করতে এসে রুমা সাহাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। এ নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।

বিধায়িকার অভিযোগ, একজন স্বামীহারা মহিলাকে এভাবে থানায় বসিয়ে রাখা অত্যন্ত অমানবিক। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান দুই বিধায়কই।

*ফের নিশানায় জেলা সভাপতি চণ্ডীচরণ রায়*

এদিনও বিজেপির উত্তর কলকাতার শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, জেলা সভাপতির মদতেই এলাকায় একের পর এক ঝামেলা হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে বসিয়ে দেওয়া কনভেনারদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিধায়কের দাবি, দলের ভেতরে সমন্বয়ের অভাবের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর কাছে তিনি আগেই বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন।

*কান্নায় ভেঙে পড়লেন রুমা সাহা*

থানায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত অরূপ সাহার স্ত্রী রুমা সাহা। তিনি বলেন, “ভালোবেসে খারাপ সময়ে বিজেপি দলটা করেছিলাম। আমার দুর্ভাগ্য, ভালো সময়ে বিজেপি করার জন্যই আমার স্বামীর মৃত্যু হল।”

তাঁর এই মন্তব্যের পর থানা চত্বরে উপস্থিত সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

*পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ*

পুলিশ সূত্রে জানা গিয়েছে, FIR-এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে দুই বিধায়কই হুঁশিয়ারি দিয়েছেন, দোষীরা গ্রেফতার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

পানিহাটির এই ঘটনা এখন রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে।

ছবি:উৎপল দাস।
পানিহাটিতে ফের উত্তেজনা, বিজেপি ওয়ার্ড সম্পাদকের স্বামীর মৃত্যু — মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক, নিশানায় জেলা সভাপতি

উৎপল দাস,পানিহাটি: উত্তর ২৪ পরগনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত পানিহাটি। সোদপুর সাইডিং বাজার চত্বরে দুই পক্ষের গন্ডগোলের জেরে প্রাণ হারালেন পানিহাটি ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়েই আজ সাত সকালেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছান বিজেপি কর্মী ও নেতৃত্বরা। পৌঁছে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথও।

কী ঘটেছিল?

অভিযোগ, সোদপুর বাজার চত্বরে বেশ কিছু যুবক প্রতিনিয়তই অশালীন ভাষা ব্যবহার করতেন। তার প্রতিবাদ করেন এক ব্যবসায়ী। সে সময় ওই যুবকরা ব্যবসায়ীর উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনার সামনেই পড়ে যান ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহা। ব্যবসায়ী তাঁকে বিষয়টি জানান।

সে সময় সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও কিছুক্ষণের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সোদপুর সাইডিং বাজার চত্বর। ফের ফোন করা হয় রুমা সাহাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রুমা সাহা ও তাঁর স্বামী অরূপ সাহা।

অভিযোগ, সে সময়ই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, তা পৌঁছায় ধাক্কাধাক্কিতে। তাতেই অসুস্থ হয়ে পড়েন অরূপ সাহা। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

বিধায়কের বক্তব্য

বিধায়ক রত্না দেবনাথ বলেন, রুমা সাহা সন্ধ্যাবেলা পর্যন্ত তাঁর অফিসেই ছিলেন। বাড়ি ফেরার পথে মেয়েদের জন্য কলা কিনতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বাজারে অনেক ছেলে ঝামেলা করছিল বলে রুমা তাঁকে জানায়।

তিনি বলেন, ঘটনায় রাজদীপ সহ আরও অনেকেই জড়িত বলে অভিযোগ। রাজদীপ যুব সভাপতি বলেও দাবি করেন তিনি। এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির নামও উঠে এসেছে। তাঁর অভিযোগ, ননীই রাজদীপ ও তৃণমূলের বাহিনীকে ডেকে নিয়ে আসে।

জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ

বিধায়ক সরাসরি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, জেলা সভাপতি প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনার বসিয়ে দিয়েছেন, যাঁদের বেশিরভাগই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে ঝামেলা পাকাচ্ছেন বলে অভিযোগ।

পাশাপাশি তিনি দাবি করেন, “রুমার ফ্যামিলিটা যাতে বেঁচে যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন। আর যত অপরাধী আছে, সবাই যেন সাজা পায়। পুলিশকে বলেছি, রুমা যাদের নাম নিয়েছে, তারা যেন কোনওভাবেই ছাড়া না পায়।”

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিধায়ক।

ছবি:উৎপল দাস।

ব্যারাকপুরে কাটা গ্যাসের দোকানে হানা বিধায়ক কৌস্তভ বাগচীর, বাজেয়াপ্ত ৮ সিলিন্ডার, আটক ৩*
*নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর:* ছট পুজোর কর্মসূচি সেরে ফেরার পথে হঠাৎই অভিযানে নামেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। লালকুঠি এলাকায় একটি কাটা গ্যাসের দোকানে হানা দিয়ে হাতেনাতে ধরে ফেললেন অবৈধ গ্যাস কাটার কারবার।এদিন গাড়ি থেকে নেমে সোজা প্লাস্টিকে ঢাকা একটি ঝুপড়ির ভেতর ঢুকে পড়েন বিধায়ক। সেখানে ডোমেস্টিক সিলিন্ডার থেকে গ্যাস কেটে অটোতে ভরার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা।

বিধায়কের অভিযানে ওই দোকান থেকে ইনন্ডেন ও এইচপির মোট ৮টি সিলিন্ডার উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশকে ডেকে সমগ্র বিষয়টি তাদের হাতে তুলে দেন বিধায়ক।

বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, “বর্তমানে যুদ্ধের কারণে গ্যাস পেতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। অথচ এইসব অসাধু ব্যবসায়ীরা ডোমেস্টিক গ্যাসকে বিপজ্জনকভাবে বাণিজ্যিক গাড়িতে ব্যবহার করছে। এর ফলে গ্যাসের সংকট আরও তীব্র হচ্ছে।” ছবি:উৎপল দাস।
শিশু দিবসে শিক্ষকের ভূমিকায় বিধায়ক সুদীপ্ত দাস, অষ্টম শ্রেণিতে পড়ালেন রানা প্রতাপের ইতিহাস*

*নিজস্ব সংবাদদাতা,কাঁচরাপাড়া:* শিশু দিবসের দিনটা একটু অন্যরকম ভাবেই কাটালেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। বিধায়কের চেয়ার ছেড়ে এদিন তিনি হয়ে উঠলেন শিক্ষক। কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলে অষ্টম শ্রেণির ইতিহাসের ক্লাস নিলেন তিনি।এদিনের ক্লাসের বিষয় ছিল রানা প্রতাপের কাহিনী। এদিন ক্লাসে বিধায়ক বলেন, দেশের ইতিহাসে রানা প্রতাপের কাহিনি সেভাবে তুলে ধরা হয়নি।

তিনি বলেন, “আকবরের মতো
রানা প্রতাপের আবুল ফজল ছিল না। তাই রানা প্রতাপের মতো দেশের অনেক হিরো আমাদের অজানা রয়ে গেছে।”

বিধায়কের আক্ষেপ, রানা প্রতাপের মতো যেসব বীরের ইতিহাস অনেকেই জানেন না, দেশের সেই সব হিরোর কথা ইতিহাসের পাতায় উঠে আসা উচিত। সেই অজানা ইতিহাস ছাত্রীদের জানাতেই এই অভিনব উদ্যোগ বলে জানান বিধায়ক।

তিনি আরও জানান, আগামী দিনেও স্কুলে এসে এই ধরনের অজানা ইতিহাসের ক্লাস নিতে চান তিনি।এদিকে বিধায়কের ক্লাস নিয়ে খুশি অষ্টম শ্রেণির ছাত্রীরা।
*ছবি:প্রবীর রায়।*
নৈহাটিতে পথচলা শুরু ‘লিটল ডগলাস’-এর, উদ্বোধনে মন্ত্রী অর্জুন সিং ও বিধায়ক

*প্রবীর রায়,নৈহাটি, উত্তর ২৪ পরগনা:* প্রাক-প্রাথমিক শিক্ষার পরিসর বাড়াতে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে নতুন ক্যাম্পাস চালু করল ব্যারাকপুরের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল।আজ বড়দা রোডে ‘লিটল ডগলাস’ এর এই নতুন প্লে স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং এবং নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। গত চার দশকেরও বেশি সময় ধরে ব্যারাকপুরের শিক্ষা জগতে পরিচিত নাম ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল। সেই প্রতিষ্ঠানেরই প্রাক-প্রাথমিক শিক্ষা বিভাগ হিসেবে নৈহাটিতে যাত্রা শুরু করল ‘লিটল ডগলাস’। এখানে দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য প্লে গ্রুপ থেকে সিনিয়র কেজি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, ছোটদের বয়স ও শেখার উপযোগী পরিবেশের কথা মাথায় রেখে ক্যাম্পাসের পরিকাঠামো এবং শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করার পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশের উপরও গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, প্রতিষ্ঠানের ফাউন্ডার উইলসন গিডলা, ডিরেক্টর শশীকান্ত গিডলা, ডিরেক্টর সোনিয়া গিডলা এবং সমাজসেবী প্রীত পাল সিং-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন এই শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সোনিয়া গিডলা জানান, নৈহাটি ও সংলগ্ন এলাকার শিশুদের কাছে উন্নত মানের প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দুই বছর বয়স থেকেই শিশুরা এখানে ভর্তি হতে পারবে। সিনিয়র কেজি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। ক্যাম্পাসের পরিকাঠামো সম্পর্কে তিনি জানান, নামের মধ্যে ‘লিটল’ থাকলেও পরিসর ও সুযোগ-সুবিধার দিক থেকে প্রতিষ্ঠানটি যথেষ্ট বড়। তাঁর দাবি, এখানে একসঙ্গে প্রায় ৪০০ জন পড়ুয়ার পড়াশোনার ব্যবস্থা করার মতো পরিকাঠামো রয়েছে।

নৈহাটির বাসিন্দা, অভিভাবক এবং শিক্ষা-অনুরাগীদের এই নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সোনিয়া গিডলা। তাঁর আশা, ছোটদের শিক্ষাজীবনের প্রথম ধাপকে আনন্দময় ও যত্নশীল করে তুলতে ‘লিটল ডগলাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

নতুন এই ক্যাম্পাস চালুর ফলে নৈহাটি ও সংলগ্ন এলাকার অভিভাবকদের কাছে প্রাক-প্রাথমিক শিক্ষার আরও একটি বিকল্প তৈরি হলো। শিশুদের শিক্ষার ভিত গড়ে তোলার লক্ষ্যেই শুরু হলো ‘লিটল ডগলাস’-এর নতুন পথচলা।
ফলতায় জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙায় ২ দিনের স্থগিতাদেশ হাইকোর্টের

*কলকাতা:* দক্ষিণ ২৪ পরগনার ফলতায় জাহাঙ্গীর খানের বেআইনি বাড়ি ভাঙার কাজ আগামী সোমবার দুপুর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।

আদালত প্রশাসনের দেওয়া নোটিস সংক্রান্ত ভিডিও রেকর্ডিং দেখতে চেয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আগামী সোমবার ওই ভিডিও আদালতে পেশ করা যাবে। তারপরই আদালত আগামী দু'দিনের জন্য ভাঙার কাজে স্থগিতাদেশ দেয়। সোমবার দুপুর ২টোয় পরবর্তী শুনানি হবে।

জাহাঙ্গীর খানের অভিযোগ, তাঁকে বা তাঁর পরিবারকে কোনও নোটিস না দিয়েই বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে।

এদিন মামলার শুনানিতে জাহাঙ্গীরের আইনজীবীকে বিচারপতি বলেন, “অনুমোদিত বিল্ডিং প্ল্যান দেখান, তাহলেই তো সমস্যা মিটে যায়।”

জবাবে জাহাঙ্গীরের পক্ষের আইনজীবী কিশোর দত্ত বলেন, “আমি জেলে, স্ত্রী জেলে। ছেলে ওই বাড়িতে থাকে না। কোনও নোটিস না দিয়েই বাড়ি ভাঙা হচ্ছে। সবাই জানে জাহাঙ্গীর জেলে আছে। কিন্তু তাঁর হাতে নোটিস পাঠানোর কোনও ব্যবস্থা জেলা পরিষদ করেনি। ছেলে আতঙ্কে অন্যত্র থাকে। ফলে তিনিও নোটিস পাননি।”

তিনি আরও বলেন, “রাজ্যের বিভিন্ন দপ্তর আমার পিছনে লেগেছে। এমনকি ডায়মন্ড হারবার কোর্টেও আইনজীবীরা আমার হয়ে দাঁড়াতে পারছেন না। তাঁদের ভয় দেখানো হচ্ছে। লিগ্যাল সার্ভিস থেকে আইনজীবী দিলেও আমার পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারছি না।”

বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, “ওই বাড়ি যে আপনারই মক্কেলের, তার প্রমাণ কোথায়? অন্তত দু'জন স্থানীয় সাক্ষী রাখতে হয়, সেটা নেই।”

তিনি আরও বলেন, “সেটা নিম্ন আদালতকে জানান। কিন্তু বাড়ির অনুমোদিত প্ল্যান কোথায়? মামলায় লিখেছেন চুরি গেছে। আগে কেন লেখেননি? যদি সেটা না থাকে, তাহলে থানায় অভিযোগ করেননি কেন?”

এরপর অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি প্রশ্ন করেন, “কেন সাক্ষী রাখা হয়নি? ওই বাড়ি যে ওই লোকের, তার প্রমাণ কোথায়? এটা টেকনিক্যাল কারণ। কিন্তু পয়েন্ট এটাই। এমনকি লোকটা জেলে আছে জেনেও তাঁকে নোটিস ধরানোর চেষ্টা হল না কেন?”
২০৫ কলেজে ডিএলএড-বিএডে ভর্তিতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট

*কলকাতা:* বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অধীন শতাধিক কলেজে ডিএলএড ও বিএড কোর্সে (২০২৬-২৮) শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির উপর নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
২০৫টি কলেজের প্রয়োজনীয় পরিকাঠামো-সহ অন্যান্য সমস্যার কারণে চলতি শিক্ষাবর্ষে অ্যাফিলিয়েশন পুনর্নবীকরণ করেনি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি কলেজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন, যতদিন অ্যাফিলিয়েশন সংক্রান্ত সমস্যা রয়েছে, ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। তবে ১৫ দিনের মধ্যে কলেজগুলির বক্তব্য শুনে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়কে।

সরকারি আইনজীবী আদালতে জানান, রাজ্যের বিএড, ডিএলএড কলেজগুলির যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও রমরমিয়ে ব্যবসা চলছে। টাকার বিনিময়ে ছাত্র ভর্তি নিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে সিকিম সরকার রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে, ওখানকার ছাত্রছাত্রীরা পয়সা দিয়ে ডিগ্রি কিনছেন। সে ব্যাপারে রাজ্য ইতিমধ্যে অনুসন্ধানও করেছে। রাজ্যের সম্মান বাইরের রাজ্যের কাছে নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

রাজ্যের দেওয়া সেই চিঠি দেখার পর বিচারপতি নির্দেশে জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত যে সিদ্ধান্ত নিয়েছে, তা বহাল থাকবে।

কলেজগুলির পক্ষে আইনজীবীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভালো করে খতিয়ে না দেখেই এই নির্দেশ জারি করেছে। প্রতিটি কলেজের সমস্যা আলাদা। পরিকাঠামো-সহ অন্যান্য ক্ষেত্র ভালো করে যাচাই না করে সামগ্রিক নির্দেশ জারি করা যায় না। পাশাপাশি, ছাত্রছাত্রীদের স্বার্থও দেখা জরুরি।

কলেজগুলি জানায়, শো-কজের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বক্তব্য জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তাই এই বিধিনিষেধ তুলে নেওয়া হোক।

বিচারপতি নির্দেশে জানান, এই কলেজগুলির পরিকাঠামো-সহ অন্যান্য বিষয়ে তাদের বক্তব্য খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় যদি সন্তুষ্ট হয়, তবেই ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজগুলিকে ফের ভর্তির অনুমতি দিতে পারে।

অন্যদিকে, বিএড কলেজগুলিও একইভাবে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশ বহাল রেখে জানিয়েছে, প্রত্যেকটি কলেজকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শোকজ নোটিশের উত্তর দিতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে, এই কলেজগুলি চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে কি না।
হাওড়া পুরভোটেও ডিলিমিটেশন নিয়ে জট, হাইকোর্টে মামলা প্রাক্তন মেয়র পারিষদের

*কলকাতা:* কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আগেই মামলা চলছিল। এবার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগে আইনি জটিলতায় জড়াল হাওড়া পুরনিগমও।ডিলিমিটেশন প্রক্রিয়ায় একাধিক আইনি ত্রুটি এবং জনসংখ্যার চরম অসঙ্গতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাওড়া পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।পাশাপাশি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন যাতে হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে না পারে, সেই মর্মে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদনও জানানো হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হবে।

মামলাকারীর অভিযোগ হাওড়া পুরনিগম আইন, ১৯৮০-র ২১৯(১) ধারা অনুযায়ী, ওয়ার্ড সংখ্যা বা সীমানা পরিবর্তনের জন্য নির্বাচিত 'কর্পোরেশন'-এর সুপারিশ বাধ্যতামূলক। কিন্তু, ২০১৮ সাল থেকে হাওড়া পুরনিগমে কোনও নির্বাচিত বোর্ড নেই। প্রশাসকের মাধ্যমে পুরনিগমের কাজ পরিচালিত হচ্ছে।মামলাকারীর আরও অভিযোগ, নির্বাচিত বোর্ডের বদলে পুর-কমিশনার এবং প্রশাসকের সুপারিশের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৬৬ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি।