পানিহাটিতে ফের উত্তেজনা, বিজেপি ওয়ার্ড সম্পাদকের স্বামীর মৃত্যু — মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক, নিশানায় জেলা সভাপতি
![]()
উৎপল দাস,পানিহাটি: উত্তর ২৪ পরগনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত পানিহাটি। সোদপুর সাইডিং বাজার চত্বরে দুই পক্ষের গন্ডগোলের জেরে প্রাণ হারালেন পানিহাটি ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়েই আজ সাত সকালেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছান বিজেপি কর্মী ও নেতৃত্বরা। পৌঁছে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথও।
কী ঘটেছিল?
অভিযোগ, সোদপুর বাজার চত্বরে বেশ কিছু যুবক প্রতিনিয়তই অশালীন ভাষা ব্যবহার করতেন। তার প্রতিবাদ করেন এক ব্যবসায়ী। সে সময় ওই যুবকরা ব্যবসায়ীর উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনার সামনেই পড়ে যান ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহা। ব্যবসায়ী তাঁকে বিষয়টি জানান।
সে সময় সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও কিছুক্ষণের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সোদপুর সাইডিং বাজার চত্বর। ফের ফোন করা হয় রুমা সাহাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রুমা সাহা ও তাঁর স্বামী অরূপ সাহা।
অভিযোগ, সে সময়ই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, তা পৌঁছায় ধাক্কাধাক্কিতে। তাতেই অসুস্থ হয়ে পড়েন অরূপ সাহা। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিধায়কের বক্তব্য
বিধায়ক রত্না দেবনাথ বলেন, রুমা সাহা সন্ধ্যাবেলা পর্যন্ত তাঁর অফিসেই ছিলেন। বাড়ি ফেরার পথে মেয়েদের জন্য কলা কিনতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বাজারে অনেক ছেলে ঝামেলা করছিল বলে রুমা তাঁকে জানায়।
তিনি বলেন, ঘটনায় রাজদীপ সহ আরও অনেকেই জড়িত বলে অভিযোগ। রাজদীপ যুব সভাপতি বলেও দাবি করেন তিনি। এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির নামও উঠে এসেছে। তাঁর অভিযোগ, ননীই রাজদীপ ও তৃণমূলের বাহিনীকে ডেকে নিয়ে আসে।
জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ
বিধায়ক সরাসরি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, জেলা সভাপতি প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনার বসিয়ে দিয়েছেন, যাঁদের বেশিরভাগই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে ঝামেলা পাকাচ্ছেন বলে অভিযোগ।
পাশাপাশি তিনি দাবি করেন, “রুমার ফ্যামিলিটা যাতে বেঁচে যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন। আর যত অপরাধী আছে, সবাই যেন সাজা পায়। পুলিশকে বলেছি, রুমা যাদের নাম নিয়েছে, তারা যেন কোনওভাবেই ছাড়া না পায়।”
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিধায়ক।
ছবি:উৎপল দাস।




*নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর:* ছট পুজোর কর্মসূচি সেরে ফেরার পথে হঠাৎই অভিযানে নামেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। লালকুঠি এলাকায় একটি কাটা গ্যাসের দোকানে হানা দিয়ে হাতেনাতে ধরে ফেললেন অবৈধ গ্যাস কাটার কারবার।এদিন গাড়ি থেকে নেমে সোজা প্লাস্টিকে ঢাকা একটি ঝুপড়ির ভেতর ঢুকে পড়েন বিধায়ক। সেখানে ডোমেস্টিক সিলিন্ডার থেকে গ্যাস কেটে অটোতে ভরার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা।
ছবি:উৎপল দাস।
গত চার দশকেরও বেশি সময় ধরে ব্যারাকপুরের শিক্ষা জগতে পরিচিত নাম ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল। সেই প্রতিষ্ঠানেরই প্রাক-প্রাথমিক শিক্ষা বিভাগ হিসেবে নৈহাটিতে যাত্রা শুরু করল ‘লিটল ডগলাস’। এখানে দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য প্লে গ্রুপ থেকে সিনিয়র কেজি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, ছোটদের বয়স ও শেখার উপযোগী পরিবেশের কথা মাথায় রেখে ক্যাম্পাসের পরিকাঠামো এবং শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করার পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশের উপরও গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, প্রতিষ্ঠানের ফাউন্ডার উইলসন গিডলা, ডিরেক্টর শশীকান্ত গিডলা, ডিরেক্টর সোনিয়া গিডলা এবং সমাজসেবী প্রীত পাল সিং-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন এই শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সোনিয়া গিডলা জানান, নৈহাটি ও সংলগ্ন এলাকার শিশুদের কাছে উন্নত মানের প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দুই বছর বয়স থেকেই শিশুরা এখানে ভর্তি হতে পারবে। সিনিয়র কেজি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে।
ক্যাম্পাসের পরিকাঠামো সম্পর্কে তিনি জানান, নামের মধ্যে ‘লিটল’ থাকলেও পরিসর ও সুযোগ-সুবিধার দিক থেকে প্রতিষ্ঠানটি যথেষ্ট বড়। তাঁর দাবি, এখানে একসঙ্গে প্রায় ৪০০ জন পড়ুয়ার পড়াশোনার ব্যবস্থা করার মতো পরিকাঠামো রয়েছে।
Nov 15 2026, 17:57
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.2k